গরম ভাতে এক চামচ ঘি আর কাঁচা লঙ্কা। বাঙালির আহার অসম্পূর্ণ থেকে যায় এই কম্বিনেশন ছাড়া। কিন্তু বর্তমান বাজারে খাঁটি ঘি মেলা ভার। চড়া দামে কেনা ঘিয়ে অনেক সময় রাসায়নিকের গন্ধ থাকে, আবার স্বাদেও মেটে না মন। উলটে ভেজালের ভয় পিছু ছাড়ে না। অথচ একটু সময় দিলে খুব কম খরচেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদম খাঁটি সুগন্ধী ঘি। কিন্তু কীভাবে বানাবেন? জেনে রাখুন।

আরও পড়ুন:
প্রথম ধাপ
ঘি কতটা ভালো হবে তা নির্ভর করে দুধের গুণমানের ওপর। ঘি তৈরির জন্য সবসময় ফুল-ফ্যাট গরুর দুধ ব্যবহার করা উচিত। সম্ভব হলে খাটালের টাটকা দুধ নিন। বাজারে চলতি টোনড বা ডাবল টোনড দুধে ফ্যাটের পরিমাণ নামমাত্র থাকে। ফলে ঘি কম হয় এবং গন্ধও তেমন খোলতাই হয় না। দেশি গরুর দুধ হলে সবথেকে ভালো। এতে প্রাকৃতিক ফ্যাটের মাত্রা বেশি থাকে।
দ্বিতীয় ধাপ
ঘি তৈরির মূল ভিত্তি হল দুধের সর বা মালাই। রোজ দুধ ফুটিয়ে নেওয়ার পর তা ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। এরপর পাত্রটি ফ্রিজে ঢুকিয়ে রাখুন অন্তত ৩-৪ ঘণ্টা। এতে দুধের ওপর মোটা সরের আস্তরণ পড়বে। সেই সর সাবধানে তুলে একটি বায়ুরোধী পাত্রে জমিয়ে রাখুন। ৫-৭ দিন এভাবে সর জমালেই ঘি তৈরির মতো যথেষ্ট পরিমাণ ক্রিম জমে যাবে। মনে রাখবেন, সরের পাত্রটি সবসময় ফ্রিজার বা ফ্রিজের ঠান্ডা অংশে রাখবেন যাতে পচন না ধরে।

তৃতীয় ধাপ
জমানো মালাই ফ্রিজ থেকে বের করে ঘরের তাপমাত্রায় আসতে দিন। এবার মিক্সার বা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। কিছুক্ষণ ফেটানোর পরেই দেখবেন জল এবং মাখন আলাদা হয়ে যাচ্ছে। এই অংশটিই হল নবনীত বা মাখন। মাখন আলাদা হওয়ার পর তা পরিষ্কার ঠান্ডা জলে অন্তত দু-তিনবার ধুয়ে নিন। মাখনের গায়ে লেগে থাকা দুধের সাদাটে ভাব চলে গেলে ঘি দীর্ঘদিন ভালো থাকে, সহজে নষ্ট হয় না।
শেষ ধাপ
কড়া আঁচে নয়, ঘি তৈরি করতে হয় ধৈর্য ধরে ধীর আঁচে। পরিষ্কার মাখন একটি ভারী তলার কড়াইতে বসিয়ে দিন। মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর মাখন গলে ফেনা হতে শুরু করবে। আস্তে আস্তে ফেনা কমে ঘি স্বচ্ছ হতে শুরু করবে। যখন দেখবেন কড়াইয়ের নিচের তলানি বা ‘খোয়া’ লালচে সোনালি হয়ে আসছে এবং ঘি থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝবেন ঘি প্রস্তুত।

বিশেষ টিপস
ঘি জ্বাল দেওয়ার শেষ পর্যায়ে একটি তেজপাতা বা সামান্য একটু এলাচ দিয়ে দিতে পারেন, এতে গন্ধ আরও বাড়ে। ঘি হয়ে গেলে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে কাচের পাত্রে ছেঁকে রাখুন। দেখবেন দীর্ঘ কয়েক মাস আপনার ঘর খাঁটি ঘি-এর গন্ধে ভরে থাকবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!