Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Rasgulle Ki Sabzi

সোশাল মিডিয়া কাঁপাচ্ছে ‘রসগুল্লে কি সবজি’! নাক না সিঁটকে জেনে নিন রেসিপি

কখনও চটপটা চাট, কখনও বা কাঁচালঙ্কার সিরাপে ঠাঁই পেয়েছে বাঙালির প্রিয় মিষ্টি রসগোল্লা। সেই তালিকাতেই নবতম সংযোজন রসগুল্লে কি সবজি। জানতে চান, কীভাবে বানাবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ২০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ২০:১৬

options
link
সোশাল মিডিয়া কাঁপাচ্ছে ‘রসগুল্লে কি সবজি’! নাক না সিঁটকে জেনে নিন রেসিপি zoom

এক থালা ধোঁয়া-ওঠা ভাতের পাতে সুগন্ধি নিরামিষ তরকারি। হলদে মাখো মাখো গ্রেভির সঙ্গে… গোলাকার কোপ্তা কী? নাম জিগ্যেস করতে জানা গেল, এই অভিনব ডিশের নাম ‘রাসগুল্লে কি সবজি’! আজ্ঞে হ্যাঁ, একটু আগেই ভাতে মেখে যা মুখে চালান করতে যাচ্ছিলেন, তা রসগোল্লার তরকারিই বটে! এ-কথা জানার পর যেকোনও বাঙালিই যে আঁতকে উঠবেন, তা বলাই বাহুল্য!

খাদ্যপ্রেমীরা বরাবরই খাবার নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন। একঘেয়েমি কাটাতে উদ্ভাবন করেন চকোলেট ফুচকা অথবা গন্ধরাজ মোমো। সেসব রেসিপির বেশিরভাগ ‘ফেইল’ হলেও, ‘হিট’-ও হয় প্রায়শই। যেমনই হোক, তাতে তথাকথিত ‘ফুড লাভার’-রা দমে যান না। বরং বুদ্ধি খাটিয়ে আবারও বের করেন কোনও নতুন রেসিপি।

Advertisement

রসগোল্লা নিয়ে পরীক্ষাও নেহাত কম হয়নি গত বছরগুলোয়। কখনও চটপটা চাট, কখনও বা কাঁচালঙ্কার সিরাপে ঠাঁই পেয়েছে বাঙালির প্রিয় মিষ্টি। সেই তালিকাতেই নবতম সংযোজন রসগুল্লে কি সবজি। সম্প্রতি এক বাঙালি মেক-আপ আর্টিস্ট রাজস্থানের লাক্সারি হোটেলে এই অদ্ভুত পদ দেখেন। আর সে অভিজ্ঞতা ভাগ করে নেন তাঁর সোশাল মিডিয়া পরিবারের সঙ্গে।

rasgulle ki sabzi
এক্সপেরিমেন্টাল রান্নার তালিকায় নবতম সংযোজন রসগুল্লে কি সবজি!

‘রসগুল্লে কি সবজি’ বানাবেন কীভাবে? এর জন্য দরকার পড়বে—

  • এক লিটার দুধ
  • একটি পাতিলেবু
  • দুই টেবিলচামচ ময়দা
  • ৭-৮টি কাজু বাদাম
  • ২-৩টি তেজপাতা
  • গোটা গরম মশলা
  • আদা-রসুন বাটা
  • কাঁচা লঙ্কা বাটা
  • পিঁয়াজ বাটা
  • টমেটো বাটা
  • তিন টেবিলচামচ মিল্ক ক্রিম
  • আধ টেবিলচামচ মেথি

দুধ ফুটে উঠলে, চিপে দিন পাতিলেবুর রস। ছানা কেটে গেলে মসলিন কাপড়ে জড়িয়ে, জল ঝরাতে রেখে দিন ৩০ মিনিট পর্যন্ত। শুকনো মণ্ডটি হাতে মেখে রসগোল্লার আকার দিন। আঁটোভাব আনার জন্য প্রয়োজনমতো ময়দা মেশান তাতে। এখানেই আসল ট্যুইস্ট! ছানার বল তৈরি হয়ে গেলে, তা চিনির সিরাপের বদলে ডুবিয়ে দিন নুন-জলে।

এবার শুকনো ফ্রায়িং প্যানে রোস্ট করে নিন কাজু। দিন তেজপাতা, গোটা দারুচিনি ও জিরে। হয়ে গেলে, নামিয়ে ঠাণ্ডা করুন। তারপর ব্লেন্ডারে দিয়ে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিন।

এবার ফ্রায়িং প্যানে তেল দিন। গরম হয়ে উঠলে একে একে দিয়ে দিন আদা-রসুন বাটা, লঙ্কা বাটা, পিঁয়াজ বাটা ও টমেটো বাটা। পরিমাপমতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিন। চাইলে দিতে পারেন সামান্য চিনিও। তাতে দিন কাজুর গুঁড়ো, জল ও মিল্ক ক্রিম। ক্রমাগত নাড়াতে থাকুন স্প্যাচুলা দিয়ে। মেথি ও গরম মশলা দিন এর মধ্যে। ফুটে উঠলে দিয়ে দিন নুন-জলে চুবিয়ে রাখা রসগোল্লা। ঘন হয়ে উঠলে ধনেপাতা ছড়িয়ে, নামিয়ে নিন। তৈরি ‘রসগুল্লে কি সবজি’!

unique rasgulle ki sabzi recipe buzz on  internet
গ্রেভি ফুটে উঠলে দিয়ে দিন নুন-জলে চুবিয়ে রাখা রসগোল্লা

নেটাগরিকদের একাংশ অবশ্য বলছেন, বাঙালিরা তো এ খাবার বরাবরই খেয়ে এসেছে। ছানার কোপ্তার তরকারি বই আর কিছু তো নয়! তাদের মতে, এ তরকারিকে ‘রসগুল্লে কি সবজি’ নাম দেওয়া কেবল প্রচারের খাতিরেই!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.