সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাহাড়ে ঘুরতে গেলে নিশ্চই একটু কোলঘেঁষা হোটেলে থাকতে ইচ্ছে করে? কিন্তু এমন হোটেল কি দেখেছেন, যা একেবারে খাদের ধারে ঝুলন্ত? সামনে শুধুই গভীর গিরিখাত আর ঝরণা৷ হোটেলের অবস্থান এমনই, যেন ব্যালকনি দিয়ে হাঁটতে গেলে মনে হবে, সোজা পাহাড়ে গিয়ে ধাক্কা খাবেন৷ নিশ্চয়ই এই রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি কখনও হননি?
[আরও পড়ুন: উত্তরবঙ্গে পর্যটন সার্কিট গড়তে যৌথ উদ্যোগ ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের]
তাহলে এবার আপনার এই অভিজ্ঞতা হতেই পারে৷ তুরস্কের এক ডিজাইনার স্টুডিও এমনই হোটেল তৈরির নকশা বানিয়েছে৷ সুদূর নরওয়ের দক্ষিণ দিকে পালপিট রক৷ উচ্চতা ১৯৮১ ফুট৷ আর সেই উচ্চতাতেই একটি হোটেলের নকশা করতে চান হায়ারি আতাক নামে তুরস্কের ওই আর্কিটেক্ট৷ যেখানে থাকলে একেবারে প্রত্যক্ষভাবে বোঝা যাবে, খাদের ধারে থাকা বলতে ঠিক কী বোঝায়৷
কেমন হবে সেই হোটেল? হায়ারির নকশা অনুযায়ী, ওই উচ্চতায় একটি তিনতলা হোটেল তৈরি হবে৷ যার কিনার ধরে থাকবে বড় একটি ভিউ পয়েন্ট৷ প্রতিটি তলায় ঝুলন্ত বা বেরিয়ে থাকা ব্যালকনি থাকবে, যাতে সেখানে বসে প্রকৃতির দিগন্তজোড়া ক্যানভাস দেখতে পান পর্যটকের দল৷ আরও একটি আকর্ষণীয় বিষয় থাকবে হোটেলে৷ প্রতিটি ফ্লোর হবে স্বচ্ছ৷ সবচেয়ে নিচতলায় তৈরি হওয়া সুইমিং পুলটি যে কোনও তলা থেকে নিচের দিকে তাকালে দেখা যাবে৷ সিড়ি ভেঙে নামতে হবে না সুইমিং পুলে৷ দড়ি বেয়ে সোজা নেমে আসা যাবে, যাতে রোমাঞ্চ আরও বাড়বে৷
[আরও পড়ুন: ইউনেস্কোর হেরিটেজ তকমা হারাতে পারে দার্জিলিংয়ের টয়ট্রেন]
নিজের এই কাল্পনিক নকশা প্রসঙ্গে হায়ারি নিজে বলছেন, ‘একবার এক বন্ধু গিয়েছিল নরওয়ে সফরে৷ সে এই পালপিট রকের ছবি পাঠিয়ে লিখেছে, দ্য রক৷ খাদের ধারে পাথুরে একটা খাড়া শৃঙ্গ৷ আমি ছবি দেখেই বুঝেছিলাম, জায়গাটা দুর্দান্ত৷ চোখে না দেখেই আমি যেন চোখের সামনে সবটা দেখতে পাচ্ছিলাম৷ আর সেই সঙ্গেই আমার মাথায় খেলে যায়, এখানে একটা ঝুলন্ত হোটেল তৈরি করলেই প্রকৃত অর্থে খাদের কিনারায় বসবাসের অভিজ্ঞতা হবে৷’ যদিও হায়ারির নকশা করা এই হোটেল তৈরির অনুমতি এখনও মেলেনি৷ তাই কবে, কখন তা তৈরি হবে, সে বিষয় এখনই কিছু জানা যাচ্ছে না৷ তবে অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটক মাত্রই এই ঝুলন্ত খাদের ধারে হোটেলে থাকার কল্পনায় মশগুল হচ্ছেন, তা বোঝাই যাচ্ছে৷

সর্বশেষ খবর
-
একটা ভুলেই হাতছাড়া ভারতের জয়! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা দেখছেন শুভমান?
-
পাকিস্তানের ‘যম’ সুদর্শন! ‘এস-৪০০-এর সন্ধানে ভারতে গুপ্তচর নামান মুনির’, দাবি প্রাক্তন এয়ার মার্শালের
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?