ক্যানসারের ‘ওষুধ’ থেকে মহাবিশ্বের মানচিত্র! সাম্প্রতিক এই আবিষ্কারগুলি বদলে দেবে দুনিয়া?
নিত্যনতুন আবিষ্কারে সভ্যতা খুঁজে পাচ্ছে নতুন দিশা।
ক্যানসার! নাম উচ্চারিত হলেই আতঙ্কের জন্ম নয়। কিন্তু এই ভয়াল মারণরোগকে কি এবার হারাতে পারবে বিজ্ঞান? তেমনই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক আবিষ্কার। দারাক্সনরাসিভ নামের এক ওষুধ ঘিরে জাগছে আশা। তবে সব ধরনে কর্কটরোগ নয়, অগ্ন্যাশয়ের ক্যানসারের ক্ষেত্রে এই ওষুধ শেষ পর্যায়ের রোগীদের বেঁচে থাকার হার 'দ্বিগুণ করে দিতে সক্ষম' বলে প্রমাণিত হয়েছে। জানা যাচ্ছে, ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল রয়েছে একেবারে শেষধাপে।
আরও পড়ুন:
আমরা ভুলে যাই ব্রহ্মাণ্ডের বিশালতার মাঝে আমাদের অবস্থান কত নগণ্য। কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করে চলেছেন সেই সম্পর্ককে আরও স্পষ্ট করে বোঝার। জানা যাচ্ছে, অ্যারিজোনার কিট পিক জাতীয় মানমন্দিরের এক ৪ মিটারের টেলিস্কোপ অসাধ্যসাধন করে ফেলেছে। ৪ কোটি ৭০ লক্ষ ছায়াপথ ও মহাজাগতিক বস্তুকে নিরীক্ষণ করতে পেরেছে যন্ত্রটি। তৈরি করেছে মানচিত্র। ডার্ক এনার্জিকে বুঝতে চেষ্টা করবে ওই মানচিত্র। উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।
প্রিপ্রিন্ট সার্ভার বায়োআরক্সাইভে প্রকাশিত এক গবেষণাপত্র আবার জানাচ্ছে, বিজ্ঞানীরা এই প্রথম ক্লিটোরিসের স্নায়ুর একটি সম্পূর্ণ মানচিত্র তৈরি করেছেন। যোনির এই সংবেদনশীল অংশকে বুঝে নিতে ওই মানচিত্র দারুণ ভাবে সাহায্য করবে বলে মনে করা হয়। মহাজগৎকে বুঝে নেওয়ার পাশাপাশি নারীর যৌনাঙ্গের এই অংশটিকে বুঝতে পারা অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন গবেষকরা। আর যার শুরুটা হবে এর মধ্যে দিয়েই।
বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছেন কৃত্রিম নিউরন। নেচার ন্যানোটেকনোলজি জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে দাবি করা হয়েছে এই নিউরনগুলি আসল মস্তিষ্কের কোষের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। ইঁদুরের মস্তিষ্কের 'স্লাইস' ব্যবহার করে পরীক্ষার পরই মিলেছে সাফল্য। বলা হচ্ছে, এই নিউরনগুলি আরও কার্যকর। সত্যিকারের নিউরনের সঙ্গে যোগসূত্রও তৈরি করতে পারে নিমেষে। সামঞ্জস্যের এই নতুন মাত্রার উদ্ভাবনকে বৈপ্লবিক মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
বিজ্ঞানীরা এমন এক ধরনের কন্টাক্ট লেন্স তৈরি করেছেন যা মানুষকে 'অতি-দৃষ্টিশক্তি' দিতে সক্ষম। বলা হচ্ছে, এই লেন্সগুলি দৃশ্যমান আলোর সীমার বাইরেও দেখতে পায়। ঘোর অন্ধকারে, চোখ বুজে রেখেও তা ইনফ্রারেড আলোর মৃদু ঝলক শনাক্ত করতে পারে। ভবিষ্যতে এই লেন্সগুলি 'নাইট ভিশন গগলস'-এর বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।
নানা অসুখের নানা টিকা। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন এমন টিকা যা করোনা, সাধারণ ফ্লু, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, এমনকী অ্যালার্জি থেকেও সুরক্ষা দিতে সক্ষম। 'সায়েন্স' জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রের দাবি, প্রচলিত সব টিকার থেকে এই টিকাটির কার্যপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। ফুসফুস ভেদ করে শরীরের অভ্যন্তরে ভাইরাসের প্রবেশকে ১০০ থেকে ১০০০ গুণ পর্যন্ত কমিয়ে দেবে এই টিকা, দাবি তেমনই।