১৫ আগস্টে যেন স্বাধীন না হয় ভারত, আপত্তি ছিল জ্যোতিষীদের! জানুন অজানা ইতিহাস
১৯৪৭-এর ৪ জুলাই ব্রিটিশ হাউস অফ কমন্সে ‘ভারতের স্বাধীনতা’ বিল পেশ হয়।
১৯৪৭ সালের ২২ মার্চ। ভারতে এসে পৌঁছলেন লর্ড মাউন্টব্যাটেন। লন্ডন থেকে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল পুরো বিষয়টাই দেখে নেওয়ার। আগেই লর্ড ওয়েভেল প্রস্তাব দিয়েছিলেন 'ব্রেকডাউন প্ল্যান'-এর। অর্থাৎ পর্যায়ক্রমে ব্রিটিশ শাসন প্রত্যাহারের। তবে তাঁর পরিবর্তে নতুন ভাইসরয় বেছে নেওয়া হয় দ্রুত। এরপরই মাউন্টব্যাটেনের আগমন। প্রাথমিক ভাবে ঠিক হয় ১৯৪৮ সালের জুনের পরে ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:
পরে অবশ্য তারিখ বদলায়। ১৯৪৭ সালের ৪ জুলাই ব্রিটিশ হাউস অফ কমন্সে ভারতের স্বাধীনতা বিল পেশ করা হয়েছিল। এই বিলে ভারত ভাগ ও পাকিস্তান গঠনের প্রস্তাব করা হয়েছিল। বিলটি ১৯৪৭ সালের ১৮ জুলাই গৃহীত হয়। ১৪ আগস্ট দেশভাগের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে স্বাধীন পাকিস্তান ঘোষণা করেন মহম্মদ আলি জিন্না। এরপরই ১৫ আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়।
কিন্তু ওই দিনটিকেই বাছা হয়? কিছু ঐতিহাসিক মনে করেন, সি রাজাগোপালচারীর পরামর্শেই মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য ১৫ আগস্ট দিনটিকে বেছে নিয়েছিলেন। এক সাংবাদিক সম্মেলনে অবশ্য তিনি বলেছিলেন, ''তারিখটা আমি বেছেছিলাম এমনিই। বিশেষ একটা ভাবিনি কিছু। মোটামুটি জানতাম আগস্ট বা সেপ্টেম্বরেই এটা হবে।'' এরপরই তিনি বলেন, ''এবং তারপরই ঠিক করি দিনটা হবে ১৫ আগস্ট।''
তবে আচমকাই ওই দিনটি বেছে নেননি মাউন্টব্যাটেন। তিনিই এরপর জানিয়েছিলেন, ''ওই দিনটা ছিল জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী।'' বলে রাখা ভালো, হিরোসিমা ও নাগাসাকিতে ৬ ও ৯ আগস্ট পরমাণু বোমার ধ্বংসলীলার পর ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করেছিল। অবসান হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের। তাই ওই দিনটিই বেছে নেন মাউন্টব্যাটেন।
আরও পড়ুন:
কিন্তু ওই দিনটা পছন্দ ছিল না জ্যোতিষীদের। খোদ ভাইসরয় ১৯৪৭ সালের ৮ আগস্ট ষষ্ঠ জর্জের কাছে পাঠানো চিঠিতে লিখেছিলেন— 'জ্যোতিষীরা বেশ ঝামেলা পাকাচ্ছেন। ১৩ ও ১৫— উভয় দিনকেই তাঁরা অশুভ বলে ঘোষণা করেছেন। অথচ ১৪ আগস্ট দিনটি নাকি শুভ।' নিকোলাস ম্যানসার্ঘ সম্পাদিত ‘ট্রান্সফার অফ পাওয়ার’ (ক্ষমতা হস্তান্তর) বিষয়ক সরকারি নথিপত্রে সংকলিত রয়েছে এই চিঠি।
অবশ্য মাউন্টব্যাটেনের সংরক্ষিত চিঠিপত্রের মধ্যে মূল চিঠিটির কোনো হদিশ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে কলিন্স ও লাপিয়েরের বিবরণই প্রধান সূত্র হিসেবে গণ্য হয়ে আসছে। সময় পেরিয়েছে। ১৫ আগস্ট তারিখটি ভারতীয়দের কাছে রয়ে গিয়েছে এক শুভ দিন হিসেবেই। পরাধীন এক জাতি যেদিন স্বাধীনতার স্বাদ পেয়েছিল মধ্যরাতে। আকাশের পাখির মতো সে অনুভব করেছিল, তার কোনও শৃঙ্খল নেই। সে স্বাধীন।