জেন জি বিক্ষোভের পর মন্ত্রীদের ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ্যে, শাহ থেকে গড়কড়ি, কে কোথায়?
ইস্তফার পরও ধর্মেন্দ্র প্রধানের পারফরম্যান্সের প্রশংসা। মন্ত্রীদের মধ্যে সেরা পাঁচ কারা? সবচেয়ে পিছিয়ে কারা?
প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রীদের এই সোশাল মিডিয়ার কার্যকলাপ নিয়ে সম্প্রতি রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে। সূত্রের খবর, মূলত এক্স, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এই নেতাদের কাজকর্ম খতিয়ে দেখা হয়েছে। দিনে কে কত পোস্ট করলেন, সেই পোস্টে কতখানি এনগেজমেন্ট হল, পোস্টপিছু গড়ে কত এনগেজমেন্ট-সমস্তই মূল্যায়ন করা হয়েছে। শুধু তাই নয়, পোস্টপিছু লাইক এবং ফলোয়ার সংখ্যাও হিসাব করা হয়েছে।
আরও পড়ুন:
হিসাব বলছে, প্রধানমন্ত্রীর সোশাল মিডিয়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন মন্ত্রীরা। ২৯ জন মন্ত্রীর মধ্যে ২৮ জনেরই সোশাল মিডিয়া পারফরম্যান্সের উন্নতি হয়েছে। কারও বেশি-কারও কম। তবে এনগেজমেন্টের হিসাবে উন্নতি হয়েছে ৯৮ শতাংশ মন্ত্রীর। একমাত্র জেডিইউ কোটার মন্ত্রী লাল্লন সিং ছাড়া সকল মন্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সব মিলিয়ে মন্ত্রীদের পোস্ট বেড়েছে ৪৮ শতাংশ।
যাবতীয় মূল্যায়ন শেষে ফার্স্ট হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। নিট প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়ে মাঝরাতে ভিডিও পোস্ট করেন। যুবসমাজকে অভিহিত করেন ‘ফ্রেন্ডস’ বলে। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে মোদির ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। হিসাব বলছে ২৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রোফাইল ভিউ হয়েছে ১২০ কোটি। ফলোয়ার বেড়েছে ৩১ লক্ষ।
মন্ত্রীদের মধ্যে সেরা হয়েছেন মোদির দোসর তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর পরই সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়িয়েছেন শাহ। একমাসে তাঁর ফলোয়ার বেড়েছে ৮.৫৩ লক্ষ। বিদেশমন্ত্রী এস জয়শংকর পারফরম্যান্সের নিরিখে মন্ত্রীদের মধ্যে দ্বিতীয় স্থানে। তাঁর ফলোয়ার সংখ্যা বেড়েছে ২.৯৫ লক্ষ। দুই মন্ত্রীই প্রধানমন্ত্রীর গুডবুকে।
আরও পড়ুন:
পারফরম্যান্সের নিরিখে প্রথম পাঁচে রয়েছেন চন্দ্রকান্ত রঘুনাথ পাতিল। তাঁর ফলোয়ার বেড়েছে ২.৫৭ লক্ষ। নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীর প্রোফাইলও বেশ ভালোরকম সাড়ে ফেলেছে। প্রথম পাঁচে রয়েছেন বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলও। তবে তাৎপর্যপূর্ণভাবে ইস্তফা দেওয়ার পরও সোশাল মিডিয়া পারফরম্যান্সে রীতিমতো সাড়া ফেলেছেন ধর্মেন্দ্র প্রধান। ইস্তফার পর তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়েছে ১.২৬ লক্ষ।