অ্যাটলেটিকো ডি কলকাতা- ২ (ডাউটি, হিউম)
চেন্নাইয়িন এফসি – ২ (জায়েশ, মুলদার)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএল-এর তৃতীয় মরশুমের দ্বিতীয় ম্যাচে, রবিবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো ডি কলকাতা ও চেন্নাইয়িন এফসি৷ কিন্তু চ্যাম্পিয়নদের লড়াইয়ে শেষ পর্যন্ত ড্রতেই খুশি থাকতে হল দুই দলকে৷
এই প্রথম রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আইএসএলের খেলা আয়োজিত হল৷ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও চেন্নাই দলের মালিক অভিষেক বচ্চন স্বয়ং৷
দুই মরশুমের দুই চ্যাম্পিয়নের মুখোমুখি লড়াই নিয়ে বেশ উত্তেজনা ছিল গ্যালারি জুড়ে৷ কিন্তু শুরুটাই যেন তেমন আশাতীত হল না দুই দলের৷ প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও বারবার লক্ষ্যচ্যুত হয়েছেন দুই দলের খেলোয়াড়রা৷ তেমন গতিময় ফুটবলও পাওয়া গেল না৷ এটিকের সবচেয়ে বড় ভরসা পোস্তিগাকেও যেন আগের চেনা ছন্দে দেখা গেল না ম্যাচ জুড়ে৷ ঘরের মাঠে তেমন প্র্যাকটিস না পাওয়ায় আগেই বিরক্তি প্রকাশ করেছিলেন এটিকে কোচ, অন্যদিকে মেন্ডোজা না থাকায় খানিক চিন্তায় আগে থেকেই ছিল চেন্নাই৷ ফলে তেমন আত্মবিশ্বাসী ছিল না কোনও দলই৷
প্রথমার্ধে দুই দলের খেলোয়াড়রা জালে বল জড়াতে না পারলেও দ্বিতীয়ার্ধে গোলের মুখ দেখল দুই দল৷ প্রথমার্ধে যে গতিময় ফুটবল দেখার জন্য মরিয়া ছিল ফুটবলভক্তরা তার খানিকটা ঝলক দেখা গেল দ্বিতীয়ার্ধে৷ হাফ টাইমের পর গোলের সুযোগ পেয়ে হাত ছাড়া করেননি ডাউটি৷ এটিকের হয়ে প্রথম গোলটি করে ফেলেন তিনি৷ পিছিয়ে থাকলেও হাল ছাড়েনি চেন্নাই৷ দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষ পর্যন্ত গোল পেয়ে যান জায়েশ রানে৷ তাঁর গোলেই সমতা ফেরে চেন্নাইয়ের৷ প্রথম গোলের পর খানিক আত্মবিশ্বাস ফিরে পায় চেন্নাইয়িন এফসি৷ এরপরই দ্বিতীয় গোলটি করতে বেশিক্ষণ সময় নেয়নি চেন্নাই৷ মুলদারের জোরদার শটে এগিয়ে যায় চেন্নাই৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ এটিকে পেনাল্টি পেয়ে সে সুযোগ হাত ছাড়া করেনি৷ হিউমের শটেই পেনাল্টিতে দ্বিতীয় গোল পায় কলকাতা৷
এরপর নির্ধারিত সময়ের সঙ্গে আরও তিন মিনিট অতিরিক্ত খেলা চললেও শেষ পর্যন্ত দুই চ্যাম্পিয়নের লড়াইয়ের ফলাফল ২-২৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!