স্টাফ রিপোর্টার: একদিকে যখন ৮ বছর পর কলকাতা লিগ পাওয়ার লড়াইয়ে নামার প্রস্তুতি নেবেন শংকরলাল অ্যান্ড কোং, ঠিক তখনই শনিবার মধ্য কলকাতার এক অভিজাত হোটেলে স্পেশ্যাল অফিসারদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত জট খুলতে বসবেন মোহনবাগান কর্তারা। যেখানে ফুটবলারদের বেতন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। আর শনিবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিরুদ্ধে খেলতে নামার আগে ফুটবলারদের নজরও হয়তো থাকবে সেদিকেই। কেন না, পেটে খিদে নিয়ে কতক্ষণ আর ভাল ফুটবল হয়।
[‘লাস্ট বয়’ টালিগঞ্জকে দুরমুশ করে লিগ টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল]
প্রতিপক্ষ সম্ভবত এই মরশুমে কলকাতা লিগের দুর্বলতম দল ওয়েস্ট বেঙ্গল পুলিশ। কিন্তু বেতন সমস্যা কী কোনওভাবে প্রভাব ফেলতে পারে পারফরম্যান্সে? ভারতীয় ফুটবলের এই অন্যতম সেরা কোচ শংকরলাল চক্রবর্তী অবশ্য এসব আলোচনা থেকে বহুদূরে। বেতন সংক্রান্ত সমস্যাটা প্রায় উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বললেন, “সচিব অঞ্জন মিত্র শ্রদ্ধেয় মানুষ। তিনি যখন প্রতিশ্রুতি দিয়েছেন, এক সপ্তাহর মধ্যে সবার বকেয়া বেতন মিটিয়ে দেবেন, তখন এ নিয়ে আর ফুটবলারদের চিন্তা হবে কেন। নিশ্চয়ই এক সপ্তাহর মধ্যেই সবাই পেয়ে যাবেন। তাই ফুটবলাররা এখন শুধু ওয়েস্ট বেঙ্গল ম্যাচ নিয়েই ভাবছে।” প্রতিপক্ষ দুর্বল হলে কী হবে, মোহনবাগান শনিবারের ম্যাচে পাবে না কিংসলে এবং অরিজিৎ বাগুইকে। শংকরলাল অবশ্য বিকল্প ফুটবলারের নামও ঠিক করে ফেলেছেন। গুরজিন্দর এবং আমে। শুরুতে পাওয়া যাবে না তীর্থঙ্কর সরকারকেও। অফিস ম্যাচ খেলতে গিয়ে নাক ভেঙেছে তাঁর। মোহনবাগান কোচ বললেন, “সবাই বলছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুর্বল দল। আমার কিন্তু তা মনে হচ্ছে না। আগের ম্যাচেই রেনবোর বিরুদ্ধে ওদের খেলা দেখলাম। দারুণ খেলল তো।”
[এশিয়াডে দাপট ভারতের, রোয়িং ও টেনিসে এল জোড়া সোনা]
গত মরশুমে ভাল খেলেও শেষ মুহূর্তে শংকরলাল দলকে কলকাতা লিগ দিতে পারেননি গোলপার্থক্যে পিছিয়ে থাকার জন্য। এবার তাই গোলসংখ্যা বাড়ানোর জন্য বাড়তি সতর্ক তিনি। কেন না, শেষ মুহূর্তে ফের গোল পার্থক্যর জন্য আর লিগ হারাতে চান না মোহনবাগান কোচ। এদিন প্র্যাকটিসের পর বলেন, “ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যাচটা শুধু জিততে চাইছি না। গোল সংখ্যাও বাড়িয়ে রাখতে চাইছি। হেনরি পিয়ারলেস ম্যাচে ছিল না। তাতেও তাতেও প্রচুর গোল নষ্ট হয়েছে। আবার যে ম্যাচে খেলেছে সেখানে ডিকা, আজহারউদ্দিন, মইনুদ্দিনরাও প্রচুর গোল নষ্ট করেছে। এদিন প্র্যাকটিসে তাই ফুটবলারদের বারবার করে সতর্ক করেছি, আর সহজ গোল নষ্ট করা যাবে না। কেন না, এই বার লিগ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা ঢুকে পড়েছি। এখান থেকে ফাইনাল পর্বের দিকে এগিয়ে যাব আমরা। গতবার শেষ মুহূর্তে গোল পার্থক্যর জন্য কীভাবে আমরা লিগ হাতছাড়া করেছিলাম, সবাই দেখেছিল। এবার আর কোনও ছোট খাট ভুল করতে চাই না। নব্বই মিনিট প্রেসিং ফুটবল খেলতে হবে।”বেশি গোল করার জন্য শনিবার ডিকা-হেনরি জুটিকে এক সঙ্গে স্ট্রাইকারে খেলানোর পরিকল্পনায় রয়েছেন মোহনবাগান কোচ। এদিকে, রাইট ব্যাক গুরজিন্দর স্টপারে দাঁড়িয়ে কিংসলের অভাব কী মেটাতে পারবেন? শঙ্করলালের ব্যাখ্যা, “মনে হয় না, গুরজিন্দরের কোনও অসুবিধা হবে। কয়েকদিন আগেই লিগের ম্যাচে কিংসলে আর কিমার সঙ্গে তিন ব্যাকে খেলেছিলেন গুরজিন্দর। তাই স্টপারে না পারার কোনও কারণ নেই।”
ছবি: অচিন্ত্য রায়
সর্বশেষ খবর
-
প্রেমিক বিবাহিত, সম্পর্ক মানেনি পরিবার! তরুণীর বিয়ের আগের দিন উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ
-
চলে এল আরেক সূর্যবংশী! বিধ্বংসী সেঞ্চুরি বৈভবের ১০ বছরের ভাইয়ের, উচ্ছ্বসিত রাজস্থান তারকা
-
‘বলিউডের পাকিস্তান প্রেম বেশি’, রণবীর সিংকে ‘কোণঠাসা’ করায় গর্জে উঠলেন কঙ্গনা
-
সরকারি কর্মীদের বাড়িতে বসাতেই হবে স্মার্ট মিটার, নির্দেশিকা নবান্নর
-
ট্রাম্পের বার্তার পরই প্যারাগুয়েকে ধ্বংস করে বিশ্বকাপ শুরু আমেরিকার, চর্চায় ভারের নতুন নিয়ম