পাঞ্জাব: ১৪৭ ও ২১৩
বাংলা: ৩৭৯/৯ (ডিক্লেয়ার)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজিতে কামব্যাকের পথেই হাঁটছিল বাংলা। আর রবিবারই বাজিমাত। পাঞ্জাবকে তাদেরই মাটিতে এক ইনিংস এবং ১৯ রানে হারিয়ে দিলেন মনোজ তিওয়ারিরা। আর দুর্দান্ত জয়ের সুবাদে বোনাস-সহ সাত পয়েন্ট ঝুলিতে ভরে ফেলল বাংলা।
যে ম্যাচে বাংলার জয় সবচেয়ে বেশি দরকার ছিল, সেখানেই পাঞ্জাবকে প্রায় আধমরা করে ছেড়ে দিল বাংলা। দুর্ধর্ষ ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে। অভিমন্যু ঈশ্বরণ এবং অভিষেক রমন–দু’জনেই সেঞ্চুরি করেছিলেন শনিবার। প্রথমজন ২১৫ বলে ১১৭। অন্যজন ২৯৫ বলে ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন। দু’জনের দাপটে বাংলা প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষ করে ৩০৭/৩। আর তৃতীয় দিন নয় উইকেটে ৩৭৯ রান করে ইনিংস ডিক্লেয়ার করেন মনোজরা। হাতে দেড় দিনেরও বেশি সময় ছিল পাঞ্জাবের। কিন্তু এভাবে যে ভরাডুবি হয়ে একদিন আগেই খেলা শেষ হয়ে যাবে, তা হয়তো ভাবতেও পারেননি হরভজনরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে বাংলার বোলারদের হাতে নাস্তানাবুদ হতে হয় হরভজন সিংদের।
[ফের ডিআরএস বিতর্ক, এবার কাঠগড়ায় এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান]
রনজি ট্রফির জমজমাট ম্যাচে শনিবারটা যদি হয় বাংলার ব্যাটসম্যানদের, তাহলে নিঃসন্দেহে রবিবার সমস্ত প্রশংসা কুড়িয়ে নিলেন ইশান পোরেল। হুগলির ১৯ বছরের তরুণ বোলার একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে পাঞ্জাব ব্যাটিং-অর্ডারের শিরদাঁড়াই ভেঙে দিলেন। প্রদীপ্ত প্রামাণিক ও বুদ্ধপল্লী অমিত পান দুটি করে উইকেট। আর বাংলার ঝোড়ো বোলিংয়ে মাত্র ২১৩ রানেই গুটিয়ে যায় পাঞ্জাবের দ্বিতীয় ইনিংস। তাদের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৪৭ রানে। ফলে এক ইনিংস ও ১৯ রানের সহজ জয় পেয়ে এখন বেশ স্বস্তিতে মনোজ অ্যান্ড কোম্পানি।
গত ম্যাচে বিদর্ভর কাছে ১০ উইকেটে হারের পর জানা গিয়েছিল বাংলার ক্রিকেটারদের উপর বেশ চটেছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু অমৃতসরে ঘুরে দাঁড়াতে সফল বাংলা। সবমিলিয়ে পাঁচ ম্যাচে তাদের পকেটে এখন ২০ পয়েন্ট।
[রানে ফিরল ধাওয়ান-রাহুল জুটি, ড্রয়ের দিকেই ঝুঁকে ইডেন টেস্ট]
সর্বশেষ খবর
-
‘জুনিয়র পার্টনার’ হতে রাজি বিজেপি? অকালিদের সঙ্গে জোটে শর্ত গেরুয়া শিবিরের, বাড়ছে জটিলতা
-
আশ্রমেই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সন্ন্যাসী! অভিযুক্ত মহারাজের ভাইরাল ভিডিও, উত্তেজনা কোচবিহারে
-
মরশুমের বাকি ট্রফিজয়ের হুঙ্কার মোহনবাগানের ছাংতের, ইস্টবেঙ্গলে সই নিয়ে কী জানালেন সানান?
-
নাশকতা নাকি জেল পালানোর ব্লুপ্রিন্ট? ফরেনসিকে আফতাবের প্রেসিডেন্সির সেলে বাজেয়াপ্ত মোবাইল
-
নায়ক ও মহানায়ক! ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমার, সত্যজিৎ রায়কে স্মরণ মোদির