Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
IND VS ZIM

জিম্বাবোয়ে সিরিজে ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু লক্ষ্মণের, তবে মাপকাঠি নয় পারফরম্যান্স!

কোন ক্রিকেটার এই সম্মান পাবেন, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সাপোর্ট স্টাফদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৪:৩১

options
link
জিম্বাবোয়ে সিরিজে ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু লক্ষ্মণের, তবে মাপকাঠি নয় পারফরম্যান্স! zoom
ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু লক্ষ্মণের। ছবি সোশাল মিডিয়া।
Advertisement

ভারতীয় দলের ড্রেসিংরুমে নতুন সংস্কৃতির সূচনা করলেন অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ। সবচেয়ে বড় ব্যাপার, এবার থেকে ক্রিকেটারদের পারফরম্যান্সকে শুধু রান বা উইকেটের নিরিখে বিচার করা হবে না। পাশাপাশি মনোভাব, শৃঙ্খলা, পরিশ্রম এবং দলের প্রতি দায়বদ্ধতাকেও দেখা হবে। আর সেই কারণেই চালু হয়েছে ‘বেস্ট অ্যাটিটিউড অ্যাওয়ার্ড’।

বর্তমানে জিম্বাবোয়ে সফরে রয়েছে ভারতীয় দল। সেখানেই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন লক্ষ্মণ। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত টানা সাত ম্যাচে জয়হীন থাকার পর গত বৃহস্পতিবার প্রথম জয় পেয়েছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে লজ্জার হারের পরেও অতীতের কথা না ভয়ডরহীন ক্রিকেট খেলেছে ভারত। অধিনায়ক শ্রেয়স আইয়ারের আস্থার মর্যাদা রেখেছেন ভারতের তরুণ বোলাররা। ইংল্যান্ড সফরের ব্যর্থতা ভুলে নজির গড়ে হাফসেঞ্চুরি করেছে বৈভব সূর্যবংশীও। ফলে হেসেখেলে ৭ উইকেটে জয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। এর পরেই দলের সংস্কৃতি আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পুরস্কার চালু করলেন লক্ষ্মণ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর কে পেলেন এই সম্মান? উত্তর হল তিলক বর্মা। স্কোরকার্ডে তাঁর অবদান খুব বড় ছিল না। যখন ব্যাট করতে এসেছিলেন, জেতার দোরগোড়ায় ছিল ভারত। শেষ পর্যন্ত ৬ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই তারকা। তবে ওই ম্যাচে তিনটি ক্যাচ নিয়েছেন তিনি। একটি বাউন্ডারি-সহ জয়সূচক রানও এসেছে তাঁর ব্যাট থেকে। অনুশীলন থেকে ম্যাচ, সর্বত্র তাঁর মনোভাব প্রশংসিত হয়েছে। তিলকের সামগ্রিক অবদানকে গুরুত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলস্বরূপ স্বীকৃতিও দেওয়া হয়েছে তাঁকে।

এই পুরস্কার দেওয়ার উদ্দেশ্য কী? জবাবে লক্ষ্মণ বলেন, “খেলায় যেমন নিখুঁত কৌশলের প্রয়োজন হয়, তেমনই একজন ক্রিকেটারের চরিত্র এবং মনোভাবও সমান গুরুত্বপূর্ণ। একজনের ইতিবাচক মানসিকতা তার দক্ষতারই সমতুল্য। তাই এই সিরিজে শুধু ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং নয়, ইতিবাচক মনোভাবকেও আমরা পুরস্কৃত করছি।” কোন ক্রিকেটার এই সম্মান পাবেন, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সাপোর্ট স্টাফদের। প্রথম ম্যাচে সেই দায়িত্বে ছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হর্ষ এবং পারফরম্যান্স কোচ জয়।

তিলকের প্রশংসায় হর্ষ বলেন, “মাঠের বাইরে যেমন নিজেকে তৈরি করেছে, তেমনই মাঠের ভিতরেও প্রতিটি মুহূর্তে সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। প্রয়োজনের অতিরিক্ত হলেও ওর ক্ষিপ্রতা, মনোযোগ এবং নিবেদন সত্যিই প্রশংসনীয়।” গোটা দলের সামনে তিলকের হাতে পদক তুলে দেওয়া হয়। সম্মান পেয়ে ভারতীয় ব্যাটার বলেন, “আমি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। মাঠের বাইরে আমি যা কিছু করি, তা আমাকে মাঠের ভিতরের পারফরম্যান্সে সাহায্য করে।” টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে নতুন এই উদ্যোগ দলগত সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, শনিবার সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.