সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক দশক আগেও ভারতীয় মহিলা ক্রিকেটে অদ্ভুত এক বৈপরীত্য ছিল। মেয়েরা ক্রিকেট খেলবে, এমন বিশ্বাস করাটাও ছিল ‘অপরাধ’। একদিকে বিশ্বজোড়া খ্যাতির আহ্বান, অন্যদিকে মেয়ে মানেই ঘরকন্নাই মুখ্য – এমনই ‘অরূপকথা’র মতো সংস্কারে বিদ্ধ সমাজ কেবল ক্রিকেট নয়, যে কোনও খেলাতেই অংশ নেওয়ার ক্ষেত্রে একটা সময় নিরুৎসাহিত করে এসেছে। রবিবার ভারতের মেয়েরা বিশ্বকাপ ফাইনাল খেলবেন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তার আগে স্মৃতিমন্থনে ভারতীয় মহিলা দলের প্রথম অধিনায়ক শান্তা রঙ্গস্বামী।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের আগে সংবাদ সংস্থা পিটিআই’কে তিনি বলেন, “অসংরক্ষিত কোচে ভ্রমণ করতে হত আমাদের। ডরমিটরির মেঝেতে ঘুমাতে হত। নিজেদের বিছানা, প্রয়োজনীয় জিনিসপত্র নিজেদেরই বহন করতে হত। ক্রিকেট কিট পিঠে ব্যাকপ্যাকের মতো বেঁধে রাখা হত। এক হাতে থাকত স্যুটকেস।” এহেন রঙ্গস্বামী ভারতীয় মহিলা ক্রিকেটের উত্থানে খুশি। তাঁর সংযোজন, “এখনকার ক্রিকেটাররা সমস্ত রকম সুযোগ-সুবিধা পাচ্ছে। এতে আমি খুবই খুশি। যার ফলাফল হাতের সামনে। বিসিসিআই-সহ রাজ্য ক্রিকেট সংস্থারা মহিলা ক্রিকেটের সাফল্যে বিশাল অবদান রেখেছে।”
সূত্রের খবর, ট্রফি জিতলে ভারতীয় মহিলা দলকে বিরাট অঙ্কের পুরস্কার মূল্য দেবে ভারতীয় বোর্ড। যা পুরুষদের টাকার অঙ্কের সমান। রঙ্গস্বামী যোগ করেন, “প্রায় ৫০ বছর আগে আমরা যে ভিত্তি স্থাপন করেছিলাম, তা এখন ফল দিচ্ছে।” এরজন্য তিনি প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহর উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন। ২০১৯ সালের অক্টোবরে, তিনি প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এবং বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য, ১৯৭৬ থেকে ১৯৯১ পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছেন শান্তা। এর মধ্যে ১২টিতে অধিনায়কত্ব করেন। তাঁর নেতৃত্বে ভারত ১৯৭৮ সালের নভেম্বরে পাটনার মঈন-উল-হক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট জেতে। সেটা ছিল মেয়েদের প্রথম আন্তর্জাতিক টেস্ট জয়। ১৯৮১-৮৬ সাল পর্যন্ত ১৯টি ওয়ানডে’ও খেলেছেন তিনি। ১৬টি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটারও তিনি। বিসিসিআইয়ের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রথমবার তুলে দেওয়া হয়েছিল রঙ্গস্বামীর হাতে।
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব