Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Bengal Footballer

এক মরশুমে ৪৯ গোল! স্বপ্ন দেখানো বাংলার তনবীরের ইচ্ছা মোহনবাগানে খেলার

তার পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিস্টন কোলাসো।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৫, ১০:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৫, ১০:৪৯

options
link
এক মরশুমে ৪৯ গোল! স্বপ্ন দেখানো বাংলার তনবীরের ইচ্ছা মোহনবাগানে খেলার zoom

প্রসূন বিশ্বাস: ময়দানে একটা কথা প্রায় শোনা যায়, বাঙালি স্ট্রাইকার হারিয়ে যাচ্ছে। দীপেন্দু বিশ্বাস, অসীম বিশ্বাসের পর আর ভালো মানের বাঙালি স্ট্রাইকার কোথায়? এই প্রশ্ন যখন প্রায় সবার মুখে মুখে, তখন এক মরশুমে ৪৯ গোল করে রীতিমতো চর্চায় বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির বাঙালি স্ট্রাইকার তনবীর দে। এই মরশুমে এখনও বেশ কিছু ম্যাচ খেলবেন তনবীর। আশা করা যাচ্ছে এই সংখ্যা আরও বাড়বে।

রানাঘাট অঞ্চলের দত্তফুলিয়া অঞ্চলের ছেলে তনবীর। বাবা তাপস দে চণ্ডীপুর বিধান প্রাইমারি স্কুলের প্রধানশিক্ষক। তার পরিবারে এর আগে ফুটবল খেলেনি তেমন কেউ। এই মুহূর্তে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি এআইএফএফে’র অনূর্ধ্ব-১৭ এলিট ইউথ লিগের মূলপর্বে খেলছে। সেই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন তনবীর। আরও দু’জন ফুটবলার ১৯ গোল করলেও সেই গোলদাতাদের দল চেন্নাইয়িন এফসি ও রমন স্পোর্টস অ্যাকাডেমি এই মুহূর্তে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। তাই তাদের আর গোল সংখ্যা বাড়ানোর সুযোগ নেই। ১৯ গোল করে এই দুই ফুটবলারকে টপকে যাওয়ার সুযোগ এখনও রয়েছে তনবীরের সামনে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই মরশুমে যে প্রতিযোগিতাতেই নেমেছে, প্রায় সব প্রতিযোগিতাতেই গোলের বন্যা বইয়ে দিয়েছে এই বাঙালি স্ট্রাইকার। এই মরশুমে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের লিগে ১২ টি গোল করেছেন তনবীর। ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছে। আরএফওয়াইএস চ্যাম্পিয়ন হয়েছে বিএফএ। এলিট লিগের জোনাল রাউন্ডে ১২টি গোল করার পাশাপাশি মূলপর্বে আরও পাঁচটি গোল করেছে। কলকাতা লিগের প্রথম ডিভিশনে নিজেদের অনূর্ধ্ব ১৭ ফুটবলারদের নিয়ে খেলে বিএফএ। সেই লিগেও ছয়টি গোল রয়েছে তাঁর। স্কুল ন্যাশানালে বাংলার হয়ে খেলতে নেমে ১২টি গোল করার পাশাপাশি ড্রিম ইলেভেন টুর্নামেন্টের দু’টি ম্যাচে দুই গোল করেছেন তিনি। এছাড়াও গত মরশুমে বিসি রায় ট্রফিতে বাংলার হয়ে খেলতে নেমে পাঁচটা গোল রয়েছে তাঁর। সেই প্রতিযোগিতায় রানার্স হয়েছিল বাংলা।

স্ট্রাইকার খেলার পাশাপাশি লেফট উইংয়ে খেলতে পছন্দ করেন বাঙালি ফুটবলারটি। তাঁর বয়স যখন ন’বছর, তখন বর্ধমান সাইতে সুযোগ পেয়েছিলেন। চার বছর সেখানে থাকার পর যোগ দেওয়া বেঙ্গল ফুটবল অ্যাকাডেমিতে। এই অ্যাকাডেমিতে এসেই নিজেকে মেলে ধরতে শুরু করেন তিনি। খেলার পাশাপাশি এই বছর দত্তফুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমি থেকে মাধ্যমিক পাশ করেছেন তনবীর। স্বপ্ন দেখে আইএসএল খেলার। তনবীরের কথায়, “আমার পছন্দের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিস্টন কোলাসো। ছোটবেলা থেকে স্বপ্ন দেখি ভারতের জার্সি পরে খেলার। আর আইএসএল খেলার। যদি মোহনবাগানের জার্সি গায়ে খেলতে পারি আরও ভালো লাগবে। কিন্তু না হলেও আইএসএল খেলতে চাই।” আরও যোগ করেন, “অ্যাকাডেমির কোচেরা আমাকে সঠিক প্রশিক্ষণ আর ব্যবহার করেছে বলেই এই সাফল্য।” বিএফএ’র কোচেরা বলেন, তনবীরের গতি আর অতর্কিত জোরালো শট নেওয়ার প্রবণতাই এত গোল করার অন্যতম কারণ। এই মরশুমের বাকি ম্যাচগুলোতে আরও গোল করে বড় ক্লাবের স্পটারদের নজরে আসতে চাইছেন সতেরো বছরের এই বাঙালি স্ট্রাইকারটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.