পুজোর ঠিক আগেই ব্রাজিল খেলতে আসছে কলকাতায়। দিনক্ষণ সমস্ত ঘোষণা হয়ে গিয়েছে, জোরকদমে চলছে প্রস্তুতি। সূত্রের খবর, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সঙ্গেও কথাবার্তা প্রায় চূড়ান্ত। এবং সমস্ত কিছু ঠিক থাকলে কেপ ভার্দেকেও (Cape Verde) দেখা যেতে পারে যুবভারতী স্টেডিয়ামেই। সবমিলিয়ে, অক্টোবরজুড়ে ভারতীয় (India) দল একাধিক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে পারে যারা বিশ্বকাপ মাতিয়ে এসেছে।
কেপ ভার্দের বিশ্বকাপের সফর শেষ হয়েছে রাউন্ড অফ ৩২-এ। কিন্তু মন জিতে নিয়েছে সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার ছোট্ট দেশটি। মরণপণ যুদ্ধে মহাশক্তিধর দেশগুলোকে সমানে টক্কর দিয়েছে তারা। কে ভেবেছিল ভোজিনহা-কাব্রালকেরা স্পেন-উরুগুয়েকে আটকে দেবেন? প্রবল চাপে রাখবেন লিওনেল মেসির আর্জেন্টিনাকে। বিশ্বকাপের সময় লোকের মুখে মুখে ঘুরেছে কেপ ভার্দের নাম। ব্রাজিল ম্যাচের পর ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারেন সেই ভোজিনহারাই। গত কয়েকদিন ধরে সেই জল্পনা চলছে ভারতীয় ফুটবল মহলে।
আরও পড়ুন:
কেপ ভার্দে ম্যাচ নিয়ে পুরো বিষয়টিই এখনও রয়েছে আলোচনা-জল্পনার স্তরে। ফেডারেশন সূত্রের খবর, প্রাথমিকভাবে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। ফেডারেশনের এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, “আলোচনা শুরু হয়েছে। এখনও কিছু চূড়ান্ত নয়।” তবে সূত্র মারফত জানা গিয়েছে, কেপ ভার্দে ম্যাচ নিয়ে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। ব্রাজিল ম্যাচ খেলা হবে ৩ অক্টোবর। তার তিনদিন পরেই কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল।
প্রাথমিকভাবে শোনা যাচ্ছে, কেপ ভার্দে ম্যাচ হতে পারে ৬ অক্টোবর। ওই ম্যাচের জন্য যুবভারতী স্টেডিয়ামের পাশাপাশি ভাবা হচ্ছে জওহরলাল নেহরু স্টেডিয়ামের কথাও। যেহেতু কেরলেও ফুটবল নিয়ে যথেষ্ট উন্মাদনা রয়েছে, তাই কেপ ভার্দে ম্যাচটি কোচিতেও আয়োজন করা হতে পারে। মনে করা হচ্ছে, যেহেতু ব্রাজিলের মতো হাইপ্রোফাইল ম্যাচ কলকাতায় খেলা হবে তাই কেপ ভার্দে ম্যাচ দেওয়া হতে পারে কোচিতে। আবার একাংশের অনুমান, যেহেতু কলকাতায় ব্রাজিল ম্যাচের জন্য পরিকাঠামো থাকবে তাই কেপ ভার্দে ম্যাচটিও কলকাতাতেই হোক। তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল
-
রাজ্য সড়কে পড়ুয়াদের খাঁচাবন্দি করে ছুটছে টোটো! দুর্ঘটনার আশঙ্কায় কাঁটা অভিভাবকরা
-
ফিরছে ‘বাবা নিরালা’, ধর্মের আড়ালে ববির ভণ্ডামি ফের মন জিতবে সিরিজপ্রেমীদের?