Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Humayun Kabir

১৩ কোটি টাকার দেনা! ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবির

শুক্রবার ক্লাবের তৎকালীন সভাপতি আমিরুদ্দিন ববি পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত করা হয় হুমায়ুনকে। নতুন সভাপতিকে শনিবার দুপুরে মহামেডান ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৫:১৮

options
link
১৩ কোটি টাকার দেনা! ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবির zoom
ফাইল ছবি।
Advertisement

মহমেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting Club) নতুন সভাপতি হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং নওদার বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শুক্রবার ক্লাবের তৎকালীন সভাপতি আমিরুদ্দিন ববি পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত করা হয় হুমায়ুনকে। নতুন সভাপতিকে শনিবার দুপুর ২টোয় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। 

গত কয়েক দিন ধরে মহমেডানের সদস্য ও সমর্থকদের একাংশ আমিরুদ্দিন ববির পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। সেই চাপের মুখেই তিনি দায়িত্ব ছাড়েন। তবে ক্লাব সূত্রে জানা গিয়েছে, সভাপতির পদে পরিবর্তন হলেও বাকি কমিটিগুলি আপাতত অপরিবর্তিত থাকবে। আগামী এক মাস নতুন সভাপতির নেতৃত্বে ক্লাবের কার্যক্রম এবং আর্থিক পরিস্থিতির উন্নতি কতটা হয়, তা দেখার পর ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে জর্জরিত মহমেডান। সেই কারণেই বর্তমান কমিটির পরিবর্তনের দাবি বারবার উঠেছিল সদস্য-সমর্থকদের মধ্যে। বিধানসভা নির্বাচনের পর সেই দাবি আরও জোরাল হয়। আর্থিক সমস্যার সমাধান খুঁজতে সম্প্রতি ক্লাব কর্তৃপক্ষ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং হুমায়ুন কবিরের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছিল। পাশাপাশি নতুন স্পনসর খুঁজে আনার ক্ষেত্রেও তাঁদের সহযোগিতা চাওয়া হয়।

বর্তমানে মহমেডানের উপর প্রায় ১৩ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। একই সঙ্গে আগামী মরশুমের জন্য দল গঠনের কাজও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থাভাবে সেই প্রক্রিয়া কার্যত থমকে। কয়েক মাস আগে নওশাদ সিদ্দিকি দাবি করেছিলেন, কলকাতার অন্যান্য বড় ক্লাবের মতো মহমেডান পর্যাপ্ত সরকারি সহায়তা পায়নি। অন্যদিকে, হুমায়ুন কবিরও ক্লাবের আর্থিক অচলাবস্থা কাটাতে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়েছিলেন।

উল্লেখ্য, এই মরশুমে দ্বিতীয়বার আইএসএলে খেলার সুযোগ পেয়েছিল মহমেডান স্পোর্টিং। তবে ট্রান্সফার ব্যান এবং ঠিকমতো দল গঠন করতে না পারার কারণে প্রত্যাশিত ফল করতে পারেনি তারা। গোটা মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থেকে আইএসএল থেকে অবনমনও হয়েছে সাদা-কালো ব্রিগেডের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.