Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Messi Case

মাঠে ঢুকে মেসির সঙ্গে সেলফি! এবার জুঁই বিশ্বাসের বিরুদ্ধে ১০ কোটির মানহানি মামলা শতদ্রুর

অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়েছিলেন জুঁই। সংবাদমাধ্যমের সামনে নিজেই ঘোষণা করেন, পশ্চিমবঙ্গের তৎকালীন ক্রীড়ামন্ত্রীর প্রভাবেই অনুমতি ছাড়াই সংরক্ষিত এলাকায় অনায়াসে প্রবেশাধিকার পেয়েছিলেন।

প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২০:৫২

link
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুন ২৪, ২০২৬, ২০:৫২

options
link
মাঠে ঢুকে মেসির সঙ্গে সেলফি! এবার জুঁই বিশ্বাসের বিরুদ্ধে ১০ কোটির মানহানি মামলা শতদ্রুর zoom
বর্তমানে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস।
Advertisement

লিওনেল মেসির ইভেন্টে বিশৃঙ্খলায় (Messi Case) এবার কাউন্সিলর জুঁই বিশ্বাসকে চিঠি পাঠালেন শতদ্রু দত্ত। ইভেন্টের আয়োজক শতদ্রুর কথায়, অনুমতি ছাড়াই মাঠে ঢুকে পড়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ভ্রাতৃবধূ। সেই ঘটনায় এবার ক্ষতিপূরণ দাবি করেছেন শতদ্রু। মানহানির জেরে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠিয়েছেন। আগামী দিনে আইনি পদক্ষেপের পরিকল্পনাও রয়েছে তাঁর।

বর্তমানে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাস। তাঁর অপর পরিচয়, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের স্ত্রী। যদিও স্বরূপের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই অরূপ এবং জুঁইয়ের বিরুদ্ধে বিধাননগর থানায় এফআইআর দায়ের করেছেন শতদ্রু। এবার আলাদা করে মানহানির অভিযোগ আনলেন। জুঁইকে পাঠানো নোটিসে উল্লেখ করা হয়েছে, নিরাপত্তা ভঙ্গ, নিয়ম বহির্ভূতভাবে একাধিক জায়গায় প্রবেশের মতো নানা কাণ্ড ঘটিয়েছেন তিনি। সেকারণেই ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছেন ইভেন্টের আয়োজক শতদ্রু। নোটিস পাঠানোর ১৫ দিনের মধ্যে এই ১০ কোটি টাকা মেটাতে হবে, সঙ্গে নিঃশর্ত ক্ষমাও চাইতে হবে।

Advertisement

শতদ্রুর নোটিসে আরও বলা হয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জুঁইকে কোনও পক্ষ থেকেই আমন্ত্রণ জানানো হয়নি। তা সত্ত্বেও সংরক্ষিত এলাকায় প্রবেশ করে মেসির সঙ্গে সেলফি তুলছিলেন তিনি। পরে সংবাদমাধ্যমের সামনে নিজেই ঘোষণা করেন, পশ্চিমবঙ্গের তৎকালীন ক্রীড়ামন্ত্রীর প্রভাবেই অনুমতি ছাড়াই সংরক্ষিত এলাকায় অনায়াসে প্রবেশাধিকার পেয়েছিলেন জুঁই। গোটা ঘটনায় শতদ্রুর অনুষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তাঁর বিপুল সম্মানহানি হয়েছে। সেকারণেই ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন শতদ্রু।

১৫ দিনের মধ্যে এই চিঠির জবাব না পেলে আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মেসি ইভেন্টের উদ্যোক্তা। প্রসঙ্গত, অরূপের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করবেন বলে আগে জানিয়েছিলেন শতদ্রু। উল্লেখ্য, যুবভারতীতে বিশৃঙ্খলার জেরে ৩৮ দিন জেল হেফাজতে কাটাতে হয় শতদ্রুকে। তারপর মুক্তি পান তিনি। বাংলায় নতুন সরকার গঠনের পরই যুবভারতীতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.