সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে কেলেঙ্কারি আর লজ্জায় নিমজ্জিত অস্ট্রেলিয়ায় পৌঁছে কি তাতে সংক্রামিত হয়ে পড়ল কমনওয়েলথ গেমসের ভারতীয় ক্রীড়াবিদরা?
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে গেমস শুরু হতে বাকি আর মোটে চার দিন। বিভিন্ন ইভেন্টে দু’শোর বেশি ভারতীয় ক্রীড়াবিদদের অনেকেই ইতিমধ্যে গেমস ভিলেজে ঘাঁটি গেড়েছেন। সঙ্গে কোচ আর কর্তাদের নিয়ে। কিন্তু শনিবার একটি সর্বভারতীয় নিউজ চ্যানেল চাঞ্চল্যকর খবর করেছে, গেমস ভিলেজে ভারতীয় ক্রীড়াবিদের ঘরে ইঞ্জেকশনের সিরিঞ্জ পাওয়া গিয়েছে। পরিষ্কার ডোপিংয়ের ইঙ্গিত! ভারতীয় দলের পক্ষ থেকে অবশ্য সরাসরি অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে বলা হয়েছে, তাঁদের ঘর থেকে যদি সিরিঞ্জ পাওয়াও গিয়ে থাকে, তা হলেও তা দিয়ে তাঁরা কেউ কোনও বেআইনি কাজ করেননি। অর্থাৎ ডোপিংয়ের প্রশ্ন উড়িয়ে দেওয়া হয়েছে।
[প্রোদুনোভা নয়, নতুন একটি ভল্ট প্র্যাকটিস করছেন দীপা]
খবরে প্রকাশ, গেমস ভিলেজে সকালে ভারতীয় দলের ঘর পরিষ্কার করতে গিয়ে সংশ্লিষ্ট ‘ক্লিনার’ সেখানে সিরিঞ্জের খোঁজ পান। এবং তা জানানও গেমসের শীর্ষ কর্তৃপক্ষকে। শনিবারই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে গেমস কর্তৃপক্ষ। সিজিএফ প্রধান ডেভিড গ্রেভেমবার্গ জানান, যে সিরিঞ্জগুলো পাওয়া গিয়েছে সেগুলোর কেমিক্যাল পরীক্ষা করতে পাঠানো হয়েছে। যার রিপোর্ট তদন্তের কাজে ব্যবহৃত হবে। কমনওয়েলথ গেমস সম্পূর্ণ ভাবে সিরিঞ্জ বর্জিত এবং কোনওরকম বেআইনি কাজকর্ম নূ্যনতম রেহাই পাবে না। তবে ভারতের টিম ম্যানেজার অজয় নারাং পাল্টা বলেছেন, “ওই সিরিঞ্জগুলোর সঙ্গে ভারতীয় ক্রীড়াবিদদের কোনও সম্পর্ক নেই।
তা ছাড়া, ওগুলো আমাদের প্লেয়ারদের ঘরেও ঠিক পাওয়া যায়নি। ঘরের বাইরে পড়ে থাকা একটা জলের বোতলের ভেতরে পাওয়া গিয়েছে।” এখন দেখার গোল্ড কোস্টে ভারতীয়দের আগের সব গেমসের চেয়ে বেশি সোনার পদক জেতার স্বপ্ন এই ঘটনায় ছারখার হবে কি না!
[সন্তোষ ট্রফির ফাইনালে দর্শকদের যুবভারতীতে আসার অনুরোধ ক্রীড়ামন্ত্রীর]
সর্বশেষ খবর
-
রামমন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!
-
‘আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা…’, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা
-
ছাতা হারানোর রোগ? কীভাবে সামলাবেন বর্ষার সঙ্গীকে, রইল ৫ অব্যর্থ উপায়