যুযুধান দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে তিন মাসের বেশি সময় ধরে। এর মধ্যে ইরান ও আমেরিকা শান্তিবৈঠকে বসলেও দুই দেশের সর্বোচ্চ রাষ্ট্রনেতা কখনও মুখোমুখি বৈঠকে বসেননি। এবার সেই বিরল কাণ্ড ঘটতে চলেছে বলেই ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানালেন, খুব শিগগির ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের সঙ্গে দেখা করতে পারেন। আলোচনা হবে শান্তিচুক্তি নিয়ে। পাশাপাশি ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকাই যে জয়ী হবে, এই বিষয়েও আত্মবিশ্বাসী তিনি।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প (Doanld Trump) বলেন, ‘‘যেভাবেই হোক, আমরাই জিতছি। সে সেনাবাহিনীর সাহায্যেই হোক কিংবা খাতায়কলমে।’’ খাতায়কলমে জেতা বলতে ট্রাম্প আসলে শান্তিচুক্তির কথাই বলেছেন। যা নিয়ে দুই দেশের মধ্যে টালবাহানা চলছে। আমেরিকা যুদ্ধ শুরুর আগে থেকেই দাবি করে আসছে, ইরানকে তাদের পারমাণবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করতে হবে। পাশাপাশি পারমাণবিক উপাদানের ভান্ডার সম্পূর্ণ ধ্বংস করতে হবে। যদিও সার্বভৌম একটি দেশের উপর এমন শর্ত চাপানো নিয়ে প্রশ্ন তুলেছে তেহরান।
আরও পড়ুন:
অন্যদিকে, কোনওরকম চুক্তির আগে ইরানের উপরে মার্কিন সেনার আগ্রাসন বন্ধ করতে হবে বলে জানিয়ে দিয়েছে মোজতবা খামেনেইর দেশ। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশটি মোটা অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেছে। এখনও ইরানের শর্ত মানার কোনও ইঙ্গিত দেয়নি ওয়াশিংটন। উলটে দুই পক্ষ খানিক বিরতিতে হলেও একে অপরের উপরে হামলা চালাচ্ছে। এই অবস্থায় মোজতবা খামেনেইর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠক যাবতীয় জটিলতা কাটতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও সেক্ষেত্রে দুই দেশকেই কিছুটা নমনীয় হতে হবে। এদিন মোজতবার সঙ্গে দেখা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ওঁর সঙ্গে আমার দেখা হওয়া সম্ভব। তাতে আমার কোনও আপত্তি নেই।’’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। তাতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। ইরানও পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করে। সেই থেকে পশ্চিম এশিয়া উত্তপ্ত। এর জেরে অবরুদ্ধ হরমুজ প্রণালী। এর জেরে বিশ্বের বিরাট অংশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। মূল্যবৃদ্ধির ধাক্কা লেগেছে ভারতেও। এই সংকটের অবসান হতে পারে একমাত্র যুদ্ধ থামলেই। সেই বিষয়ে ট্রাম্প-মোজতবা (Mojtaba Khamenei) উদ্যোগী হন কিনা, সেটাই এখন দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আফগানিস্তানের বিরুদ্ধেও খেলবেন না ‘আনফিট’ বুমরাহ? বিকল্প হিসাবে কাকে তৈরি রাখছে বিসিসিআই
-
রাখে হরি মারে কে! ৯ দিন কাদামাটির স্তূপে চাপা পড়েও জীবিত অবস্থায় উদ্ধার নেপালের ২
-
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?
-
‘এমন কিছু সৃষ্টি করে যেতে হবে’, উত্তমকুমার ফিল্ম সেন্টারের শিলান্যাস করে আর কী বললেন মুখ্যমন্ত্রী?
-
হিংলো নদীতে ভাঙন, দুবরাজপুরে নদী গর্ভে ১৮টি বাড়ি! প্লাবিত ঘাটালে চলছে নৌকা