সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফুটবল খেলার জন্য পাগল ছিল বছর সাতাশের বেঁটেখাটো যুবক৷ বন্ধুত্বপূর্ণ স্বভাব৷ নিজের দুই সন্তানকে নিয়ে অন্য বাবাদের মতোই পার্কে বেড়াতে যেত সে৷ লন্ডন হামলার অন্যতম চক্রী খুরাম শাহজাদ বাট৷ প্রতিবেশী বাঙালি যুবকের সঙ্গে টেবিল টেনিসও খেলেছে সে৷ ধার্মিক, মাথায় ফেজ টুপি পরা একজন সংসারী মানুষ হিসাবেই তাকে দেখেছেন বারাকপুরের বাসিন্দা এই তথ্যপ্রযুক্তি কর্মী৷ খুরামের বাবা পাকিস্তানের নাগরিক৷ মা সোমালিয়ার৷ সাধারণ এই মানুষটিই জঙ্গি, তা জেনে রীতিমতো অবাক নামপ্রকাশে অনিচ্ছুক এই বাঙালি৷ যদিও খুরাম সম্পর্কে পুলিশের কাছে আগেও তথ্য ছিল৷ বিবিসি-র একটি তথ্যচিত্র ‘দ্য জেহাদিস নেক্সট ডোর’-এ উঠে এসেছে এসব৷ জঙ্গি কার্যকলাপকে যে খুরাম সমর্থন করত, তা কিন্তু অনেকেই বলেছেন৷ প্রথমদিকে প্রতিবেশীদের সঙ্গে গল্প করলেও পরে তা শুধু সৌজন্য বিনিময়েই থেমে যেত৷ কাস্টমার সার্ভিস সহকারী ও বিখ্যাত স্ন্যাক্স বিপণিতে কাজ করত খুরাম৷ পূর্ব লন্ডনের বার্কিংয়ে বাড়ি ছিল খুরামের৷ প্রতিবেশীদের কাছে সে বেশ মিশুকে, ভাল একজন মানুষ৷ কিন্তু এই খুরামই অন্য দুই সঙ্গীকে নিয়ে ১২ ইঞ্চিরও বড় ছুরি নিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে ঢুকে পড়ে পাশের বরো মার্কেটে৷ প্রাণ বাঁচাতে তখন যে যেদিকে পারছেন পালাচ্ছেন৷
[অরল্যান্ডোয় বন্দুকবাজের তাণ্ডব, মৃত বহু]
আর খুরাম যাঁকে সামনে পাচ্ছে, এলোপাথাড়ি ছুরির ঘায়ে ক্ষতবিক্ষত করার নেশায় তখন বুঁদ৷ বাজারে তাণ্ডবলীলার পর পাশের একটি পানশালাতেও এক মহিলা ও ম্যানেজারের উপর ছুরি দিয়ে হামলা চালায়৷ জঙ্গি কার্যকলাপে তাঁর মদত রয়েছে, খুরামের আচরণে শেষের দিকে এরকমটাই আঁচ করেছিলেন অনেকে৷ প্রশাসনের কাছে অভিযোগও জানান কেউ কেউ৷ এক কিশোরের সঙ্গে জিমে যেত সে৷ তাকে বারবার আইএসে যোগ দিতে বলেছিল খুরাম৷ এক মহিলাও বলেন, বাচ্চাদের মগজধোলাই করে জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে উৎসাহ দিত সে, এই ভয়ে তিনি পুলিশকে খবরও দিয়েছিলেন৷ রামাদান ফাউন্ডেশন থিঙ্ক ট্যাঙ্কের প্রধান মহম্মদ শফিক তাঁর বক্তব্যের বিরোধিতা করায় ২০১৩ সালে অশ্রাব্য ভাষায় তাঁকে গালিগালাজ করেছিল খুরাম৷ আরবি ভাষায় শফিককে ‘বিশ্বাসঘাতক’ ও ‘সরকারের চাকর’ বলে উল্লেখ করে৷ শফিকই বলেন, নিষিদ্ধ সংগঠন আল মুহাজিরউনের প্রাক্তন প্রধান আঞ্জেম চৌদারির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা৷ গত শনিবারের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত লন্ডন মনে আতঙ্ক নিয়েও ধীরে ধীরে ছন্দে ফিরছে৷ অন্যদিকে, সন্ত্রাসবাদীদের অন্ত্যেষ্টি করতে অস্বীকার করলেন ব্রিটেনের ইমামরা৷
[সন্ত্রাসবাদ ইস্যুতে আরব দুনিয়ায় একঘরে কাতার]
সর্বশেষ খবর
-
পাকিস্তানে গুঁড়িয়ে দেওয়া হল ১২৫ বছরের গুরুদ্বার! তুঙ্গে বিতর্ক, কড়া প্রতিক্রিয়া ভারতের
-
লাগাতার বৃষ্টিতে নেমেছে ধস, বন্ধ শিলিগুড়ি-সিকিম যোগাযোগের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক
-
গভীর রাতে দুর্ঘটনা, ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় পড়ে! কল্যাণীতে মৃত ২ আদিবাসী যুবক
-
‘গদ্দারদের ফেরাব না’, কড়া বার্তার পর মমতার ঘোষণা, ‘শহিদ সমাবেশ হবেই’
-
ম্যাচ চলাকালীনই তুমুল ঝগড়া, সেই দুই সতীর্থই রেকর্ড ভাঙা ম্যাচে জেতালেন বেলজিয়ামকে