Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
AI

অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা

অতিমারী এলে আগে থেকে যাতে প্রস্তুত থাকা যায়, সে জন্যই সর্বগুণসম্পন্ন এক টিকা তৈরি করে ফেলেছেন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নাম দিয়েছেন 'সুপার-ভ্যাকসিন'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৬, ১৪:২৫

options
link
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা zoom
প্রতীকী ছবি।

পুরনো ছবিকে নতুন করা কিংবা স্থির ছবিকে চলমান, একজনের শরীরে অন্যের মাথা বসিয়ে কারিকুরি কিংবা ফরমায়েশ মতো আদ্যন্ত একটা নতুন কাল্পনিক মানুষের ছবি তৈরি করে ফেলা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কাজ চুটকিতে করে ফেলা কিংবা একশো মানুষের কাজ সামলে নেওয়াই নয়, কৃত্রিম মেধার হাত যে আরও অনেক দূর বিস্তৃত তা ফের বোঝা গেল। ভবিষ্যতের যে কোনও অতিমারী রুখে দিতে সর্বগুণসম্পন্ন টিকা তৈরি করে ফেলল এআই।

করোনা নতুন করে ভাবতে শিখিয়েছে গোটা বিশ্বকে। ভয়ংকর অতিমারী বিশ্বজুড়ে হানা দিলে তার মোকাবিলায় আগে থেকে প্রস্তুত থাকাই যে প্রয়োজন তা-ও শিখিয়েছে করোনাই। এমনকী, করোনার মতো আরও অনেক অতিমারী ভবিষ্যতে হানা দিতে পারে, এ হেন সতর্কবার্তাও দিয়েছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়ে দিয়েছে, ‘ডিজিজ এক্স’ নামে এক মারাত্মক ভাইরাস যে কোনও সময় আছড়ে পড়তে পারে যা করোনার থেকেও ভয়াবহ হতে পারে। আগামী দিনে কোন কোন রোগ অতিমারীর কারণ হতে পারে, তার একটি তালিকাও তৈরি হয়ে গিয়েছে। তবে অতিমারী এলে আগে থেকে যাতে প্রস্তুত থাকা যায়, সে জন্যই সর্বগুণসম্পন্ন এক টিকা তৈরি করে ফেলেছেন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। নাম দিয়েছেন ‘সুপার-ভ্যাকসিন’। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তার তৈরি এই টিকা যে কোনও ভাইরাসের মোকাবিলা করতে পারবে বলে মনে করছেন গবেষকরা।

Advertisement

কিন্তু যে কোনও রোগের জন্য আলাদা আলাদা টিকা তৈরি হয় তারই ভাইরাস ব্যবহার করে। টিকা দিয়ে শরীরে তৈরি করা হয় অ্যান্টিবডি। এখনও পর্যন্ত এমন কোনও টিকা তৈরি হয়নি যা একসঙ্গে সবরকম ভাইরাস বা ব্যাক্টেরিয়াকে দিতে পারে। কিন্তু তেমনই টিকা তৈরি করেছেন কেমব্রিজের গবেষকেরা। এই টিকা যে কোনও ভাইরাস বা ব্যাক্টেরিয়ার সংক্রমণ রুখে দিতে পারবে বলে দাবি করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিশ্বে যত রকম ভাইরাস বা ব্যাক্টেরিয়া রয়েছে এবং তাদের নানা প্রজাতি-উপপ্রজাতি রয়েছে, সব কটিরই ডিএনএ ও আরএনএ-র তথ্য সংগ্রহ করে তাদের জেনেটিক কোড বিশ্লেষণ করে গবেষণাগারে তৈরি হয়েছে ‘সুপার-অ্যান্টিজেন’, যা দিয়েই টিকা তৈরি হয়েছে। টিকাকে এতটাই শক্তিশালী করে তৈরি করা হয়েছে যে, তা যে কোনও ভাইরাসকে চিনে ফেলতে পারবে। সেই ভাইরাস যদি রূপবদল করে, তা হলেও টিকা তাকে প্রতিরোধ করতে পারবে। গবেষক দলের ডিরেক্টর অধ্যাপক অ্যান্ডি পোলার্ড জানিয়েছেন, এখনও অবধি যত জনের শরীরে টিকাটি প্রয়োগ করা হয়েছে, তাঁদের সকলেরই শরীরে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। সকলের উপর এই টিকা কার্যকর হলে যুগান্তকারী জীবনদায়ী টিকা হবে তাতে সন্দেহ নেই। নতুন করে উড়বে এআই-এর বিজয় নিশান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.