ক্যাপ্টেন বাছাইয়ের টাস্ককে কেন্দ্র করে ধুন্ধুমার বিগ বস বাংলা (Bigg Boss Bangla)। নন্দিনী দত্তর টানাহেঁচড়ায় পড়ে গিয়ে গুরুতর জখম সৃজলা গুহ। যা নিয়ে তোলপাড় নেটপাড়া। অধিকাংশের দাবি, নন্দিনীকে অবিলম্বে শো থেকে বের করে দেওয়া হোক। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট নন্দিনীর টিমের। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে তাঁদের দাবি, নন্দিনী ইচ্ছে করে আঘাত করেননি। নন্দিনীর হয়ে সাফাই, “ভুল আর ইচ্ছাকৃত কাউকে আঘাত করা এক নয়।”

ঠিক কী হয়েছিল? চলতি সপ্তাহের ক্যাপ্টেনের জন্য প্রথমে মিউজিক্যাল চেয়ার খেলে পাঁচজন প্রতিযোগী পরবর্তী টাস্কের জন্য নির্বাচিত হন। তাঁদের মধ্যে ছিলেন, সৃজলা, মনামী, জীতু, তনুশ্রী আর রাজবীর। টাস্ক ছিল কাঠের ঘোড়ায় চড়া। যিনি শেষ পর্যন্ত বসে থাকতে পারবেন তিনিই হবেন ক্যাপ্টেন। তবে খেলার নিয়ম অনুযায়ী কারও গায়ে যাতে বিন্দুমাত্র আঘাত না করে বাকিরা তাঁদের নামানোর চেষ্টা করতেই পারে। সৃজলার প্রতি নন্দিনীর যে ব্যক্তিগত রাগ রয়েছে তা বলাই বাহুল্য। সেই টাস্ক চলাকালীন নন্দিনী এমনভাবে সৃজলাকে নামানোর চেষ্টা করেন যে তিনি পড়ে যান। গুরুতর চোট পান। সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। নন্দিনীর আচরণে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। রাতে একটি স্ক্রিনশট শেয়ার করেন নন্দিনীর বাবা। সেখানে দেখা যায়, তিনি সৃজলার খোঁজ নিয়েছেন। তাতেও কমেন্টে নন্দিনীকে তুলোধোনা করা হয়। এরপর অভিনেত্রীর টিমের তরফে ক্ষমা চেয়ে একটি স্টোরি দেওয়া হয়েছে। সেখানেও ঘুরিয়ে বোঝানো হয়েছে, নন্দিনী ইচ্ছাকৃত কিছুই করেননি।

স্টোরিতে লেখা হয়েছে, “মনে রাখা দরকার, ভুল আর ইচ্ছে করে কাউকে আঘাত করা এক জিনিস নয়। খেলার মধ্যে ভুল হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে একজন মানুষের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা উচিত। নন্দিনীকে আপনারা যেভাবে চেনেন, সে কখনও কারও ক্ষতি করতে চাইবে না। এইমুহূর্তে সে সৃজলার জন্য চিন্তিত এবং আশা করছে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।”

এদিকে সৃজলার টিমের তরফে জানানো হয়েছে, “সৃজলাকে নিয়ে আপনাদের তরফে প্রচুর প্রশ্ন, উদ্বেগ। শেষ পাওয়া খবর অনুযায়ী, সৃজলার চোট লেগেছে বটে তবে তা ভয়াবহ নয়। সৃজলার চিকিৎসা চলছে এবং সে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুত বিগ বসের খেলায় ফিরবে সৃজলা।” তবে গোটা ঘটনায় নন্দিনীর বিরুদ্ধে ক্ষেপে উঠেছে নেটপাড়া।
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’র দূর্গে রহস্যময়ী! ‘স্পিটসভিলা’ কাঁপানো ‘ক্যুইন’ কি এবার কোণঠাসা করবেন নন্দিনীকে?
-
জোড়া ছোবলে বাংলাদেশে ‘মড়ক’, হামের ‘মৃত্যুবাণে’ নিহত ১০৭৬ শিশু, ডেঙ্গুতে প্রাণ গেল ২০০!
-
মনসা পুজোর বিসর্জনে নৌকা বাইচ, ৭০ বছরের ঐতিহ্যে মাতল কানমারী
-
ত্রিকোণ প্রেমের জেরে শপিং মলে বন্ধুর গলায় ছুরির কোপ! নিউটাউনে রক্তারক্তি
-
শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, ‘তবে কিছুটা সময় লাগবে’, হাই কোর্টে জানাল রাজ্য