The Revolutionaries Review

স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় পাওলি দাম, কেমন হল ‘দ্য রেভলিউশনারিজ’?

সিরিজের সম্পদ অভিনয়, বিশেষ উল্লেখ্য পাওলি দাম ও টোটা রায়চৌধুরির কাজ। লিখছেন স্বাতী চট্টোপাধ্যায় ভৌমিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:৫৭

options
link
স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় পাওলি দাম, কেমন হল ‘দ্য রেভলিউশনারিজ’?
কেমন হল ‘দ্য রেভলিউশনারিজ’?

জাতীয় মঞ্চে স্বাধীনতা বিপ্লবের প্রসঙ্গ এলে অন্য রাজ্যের তুলনায় বাঙালিদের কথা সেভাবে উঠে আসে না। যে কারণে সারা ভারত মাস্টারদা ও নেতাজিকে ছাড়া অন্য বাঙালি বিপ্লবীকে আজও তেমন ভাবে চেনে না। আর এক বসুও ছিলেন, যাঁকে নিয়ে সারা দেশের মানুষ এতদিন সেভাবে জানত না, কারণ জানানো হয়নি। নিখিল আডবাণী পরিচালিত আমাজন প্রাইমের সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’ (The Revolutionaries Review) কিছুটা হলেও সেই অভাব পূর্ণ করার চেষ্টা করেছে।

Advertisement

অভিনয়ে ভুবন বাম, রোহিত শরাফ, প্রতিভা রান্টে, টোটা রায়চৌধুরি, পাওলি দাম, গুরফতেহ পিরজাদা। সিরিজটি সঞ্জীব সান্যালের বই ‘রেভলিউশনারিজ: দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম’ অবলম্বনে তৈরি। ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনের পরিকল্পনায় রাসবিহারী বসুর বিরাট ভূমিকার কথা বাঙালিদের অজানা নয়। ১৯১২ সালে দিল্লিতে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর হামলার পরিকল্পনা করা, এরপর উত্তর ভারত, পাঞ্জাব ও বাংলার বিভিন্ন বিপ্লবী সংগঠনের মধ্যে যোগাযোগ গড়ে তোলার মতো কঠিন কাজ তিনি করেছিলেন দুর্দান্ত সাহসিকতার সঙ্গে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Bhuvan Bam in The Revolutionaries series
সিরিজের দৃশ্য

গদর পার্টির সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন শাখাকে একজোট করে সশস্ত্র সংগ্রামের পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু ইংরেজ সরকারের কাছে আগেই খবর পৌঁছে যাওয়ায় আন্দোলন অনেকাংশে ব্যর্থ হয়। তবু ব্রিটিশ শাসকের দাপট অন্তত কিছুটা টলিয়ে দেওয়া গিয়েছিল এই বিপ্লবের মাধ্যমে। সঞ্জীব সান্যাল, এই বইয়ের লেখক নিজেই শচীন্দ্রনাথ সান্যালের বংশধর এবং বেনারসের বিখ্যাত সান্যাল বাড়ির পরবর্তী প্রজন্ম। তাই শচীন্দ্রনাথ, রাসবিহারী বসু, প্রতিভা লাহিড়ী, বাঘা যতীনকে নিয়ে যে ভিতরের গল্প তিনি লিখবেন, তেমনটা সাধারণ ইতিহাসে মিলবে না।

Advertisement

পরিচালক নিজেই বলেছেন তিনি এই বিষয়ে আগে সেভাবে জানতেন না। দোষ তাঁর নয়, ইতিহাসে সেভাবে এই আন্দোলনের কথা উঠে আসেনি। কিন্তু যেটা তিনি জানার চেষ্টা করলে পারতেন সেটা হল বাংলার কালচার। বাঘা যতীনের চেহারার কথা যদি ছেড়েও দিই তবু তার চরিত্রাভিনেতার মধ্যে বাঙালিয়ানা থাকাটা জরুরি ছিল। রাসবিহারী, শচীন্দ্র বা প্রতিভার ক্ষেত্রে দেখতে বেমানান লাগেনি। চেহারার মিল থাকতে হবে এমনটা নয়, কোনও চরিত্রের মধ্যেই চেহারাগত মিল রাখার চেষ্টা ছিল না। কিন্তু শরীরী ভাষায় চরিত্র হয়ে ওঠা জরুরি ছিল যেহেতু বাঙালির কাছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সাহসিকতার অন্য নাম।

Paoli Dam in The Revolutionaries series
আমাজন প্রাইমের সিরিজ ‘দ্য রেভলিউশনারিজ’

সিরিজে ননীবালা দেবীর চরিত্রে পাওলি। নিজের অভিনয়গুণে তিনি চরিত্রটিকে সমৃদ্ধ করেছেন ঠিকই, কিন্তু যে বয়সে ননীবালার মৃত্যু দেখানো হল ইতিহাস তো সে কথা বলে না। এই সাধারণ রিসার্চের অভাব সারা সিরিজ জুড়ে চোখে লাগে। বাংলার প্রতিনিধি হিসেবে অবনী সান্যালের চরিত্রে টোটা ও ননীবালা দেবীর ভূমিকায় পাওলির অভিনয় সিরিজের সম্পদ হয়ে থাকবে। কিন্তু তাই বলে বাঙালি বিপ্লবীর স্ত্রী জেলে স্বামীর সঙ্গে দেখা করতে যাবেন লাল সিল্কের শাড়ি আর গয়না পরে, এটা নিয়ে রিসার্চ করা যেত না? রাসবিহারী চরিত্রে ভুবন, শচীন্দ্রর চরিত্রে রোহিত এবং প্রতিভা তিনজনেই অনবদ্য। অন্যান্য চরিত্রের অভিনেতারাও মানানসই। আটটি এপিসোড নিয়ে প্রায় ছয় সাত ঘণ্টার দীর্ঘ সিরিজকে অনেকটা কমানো যেতে পারত।

Rohit Saraf in The Revolutionaries series
‘দ্য রেভলিউশনারিজ’-এর দৃশ্য

বিপ্লবীদের ব্যক্তিগত পরিসরের কাহিনি অহেতুক সময় নিয়েছে। স্বাধীনতার গল্পে এতগুলো গানের প্রয়োজন ছিল না। তবে ‘হম রহে না রহে’ গানটি শুনতে ও দেখতে দেখতে অন্যরকম অনুভূতি হয়। রবীন্দ্রসংগীত ব্যবহারের ক্ষেত্রে বাঙালি গায়কের অভাব অনুভূত হয়েছে। উচ্চারণের অসুবিধা স্পষ্ট। চিত্রগ্রহণ বেশ ভালো। সিরিজের শেষটুকু মনে দাগ কেটে যায় যেখানে শৈশব থেকে নতুন বিপ্লবীর জন্ম হচ্ছে দেশের সর্বত্র, যারা একদিন ব্রিটিশের সিংহাসন টলিয়ে দিয়ে স্বাধীনতা ছিনিয়ে আনবে। নতুন গল্প বলা এবং অগ্নিযুগকে মনে করিয়ে দেওয়ার জন্য জরুরি সিরিজ হলেও বাঙালি দর্শকের জন্য কিছুটা অস্বস্তিকর লাগবে এই কাহিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.