East Bengal

স্টেডিয়ামের ১২ কিমি দূরে সেনাঘাঁটি! লাগাতার হামলা ইরানের, ইস্টবেঙ্গল ম্যাচের আগে ‘অগ্নিগর্ভ’ জর্ডন

বুধবার এসিএল টু'র প্রথম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ আল হুসেন। কিন্তু সেই ম্যাচের আগে উত্তপ্ত হয়ে রয়েছে স্টেডিয়াম সংলগ্ন এলাকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৬:৪৭

options
link
স্টেডিয়ামের ১২ কিমি দূরে সেনাঘাঁটি! লাগাতার হামলা ইরানের, ইস্টবেঙ্গল ম্যাচের আগে ‘অগ্নিগর্ভ’ জর্ডন
প্রতীকী ছবি।

স্টেডিয়াম থেকে মাত্র ৮৫ কিলোমিটার দূরে আছড়ে পড়ছে মিসাইল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীও সেই হামলায় ধ্বংস হচ্ছে। এহেন পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামছে ইস্টবেঙ্গল। বুধবার এসিএল টু’র প্রথম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ আল হুসেন। কিন্তু সেই ম্যাচের আগে উত্তপ্ত হয়ে রয়েছে স্টেডিয়াম সংলগ্ন এলাকা। কারণ জর্ডনের ওই অঞ্চল লক্ষ্য করে দিনসাতেক আগেই মিসাইল হামলা করেছে ইরান।

Advertisement

মার্চ মাস থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। ইরানের উপর যৌথ আক্রমণ শানায় আমেরিকা এবং ইজরায়েল। যুদ্ধের প্রথম দিনেই মৃত্যু হয় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের। তারপর থেকেই ইরানের পালটা মার। মধ্যপ্রাচ্যের নানা দেশে ছড়িয়ে থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ইরান লাগাতার হামলা চালাচ্ছে। ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। তার প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে। সেই তালিকায় রয়েছে জর্ডনও। মার্কিন সেনার প্রায় চার হাজার কর্মী বর্তমানে জর্ডনে মোতায়েন হয়েছে বলে অনুমান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক সপ্তাহ আগে জর্ডনে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি মুয়াফফর সলটি এয়ার বেস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মাঝরাতের এই হামলায় অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়েছিল। তার মধ্যে ১৮টি আটকে দিয়েছে জর্ডনের সেনা। দু’টি মিসাইল আঘাত করেছে মার্কিন সেনাঘাঁটিতে। জানা গিয়েছে, এই ঘাঁটি থেকেই ইরান এবং হরমুজ প্রণালীর জন্য় অতি গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে আক্রমণ শানায় আমেরিকা। সেকারণে গত দু’সপ্তাহ ধরে এই ঘাঁটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান।

Advertisement

মুয়াফফর সলটি এয়ার বেস থেকে ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। জর্ডনের রাজধানীতে অবস্থিত এই স্টেডিয়ামেই বুধবার খেলতে নামবে ইস্টবেঙ্গল। এছাড়াও স্টেডিয়াম থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে রয়েছে কিং আবদুল্লা স্পেশাল অপারেশন ট্রেনিং সেন্টার, যেখানে মার্কিন সেনা যৌথভাবে মহড়া করে জর্ডন সেনার সঙ্গে। সেখানে অবশ্য ইরান এখনও হামলা চালায়নি। তবে আগামী দিনে আঘাত হানতে পারে তারা। যদিও যুদ্ধের জেরে ফুটবলারদের নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন তোলা হয়নি। নির্ধারিত সময়েই দুই দল খেলতে নামবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.