আগামী মঙ্গলবার আইএফএ শিল্ডের উদ্বোধন। সূচি অনুযায়ী প্রথম ম্যাচেই মুখোমুখি হওয়ার কথা ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC)। কিন্তু ম্যাচের আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। কলকাতা লিগের রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিল্ড বয়কটের হুঁশিয়ারি দিয়েছে মহামেডান। এই পরিস্থিতিতে কী ভাবছে আইএফএ?
আরও পড়ুন:
এগিয়ে গিয়েও মোহনবাগানের কাছে হেরে কলকাতা লিগ হাতছাড়া হয়েছে সাদা-কালো ব্রিগেডের। তবে ৭৩ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোল নিয়ে বিতর্ক রয়েছে। অনেকেই ওই গোলকে অফসাইড বলে দাগিয়েছেন। শনিবার ম্যাচ শেষে মহামেডান সচিব ওয়াসিম আক্রম বলেছিলেন, “রেফারিং জঘন্য। আমরা শিল্ড খেলব না।” এবার ক্লাবের সভাপতি গজল উজ জাফরের গলায় একই সুর। তিনি বলেন, “আমরা আইএফএ শিল্ডে অংশ নেব না। এমন ঘটনা বারবার ঘটেছে। এটা সহ্য করা সম্ভব নয়। আমরা সব সময় নেতিবাচক পরিস্থিতির মধ্যে থাকতে পারি না।”
তাঁর দাবি, এ বিষয়ে আইএফএ-কে সরকারি ভাবে ইমেল করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। “অবিলম্বে ব্যবস্থা না নিলে আমরা শিল্ড খেলব না। এটাই আমাদের প্রতিবাদ। দলের সঙ্গে তো বটেই, সমর্থকদের সঙ্গেও অবিচার হয়েছে।” মন্তব্য গজলের। তিনি আরও বলেন, “আমরা আইএফএ-কে সরকারি ভাবে ইমেল করে জানিয়েছি, দ্রুত ব্যবস্থা না নিলে আমরা শিল্ডে খেলব না। এটাই আমাদের প্রতিবাদ। অনেক সমস্যার মধ্যে দিয়ে দলটা এই জায়গায় এসেছে। তার পরেও যদি এমন অফসাইডের ঘটনা ঘটে, তা খুবই দুঃখজনক। এটা শুধু দলের সঙ্গে নয়, সমর্থকদের সঙ্গেও অন্যায় হয়েছে। আইএফএ যদি নিশ্চিত করে তারা ব্যবস্থা নিচ্ছে, তাহলে আমরা অবশ্যই শিল্ড খেলব। কিন্তু এমন ঘটনা বারবার মেনে নেওয়া কঠিন।”
তবে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, মহামেডান ম্যানেজমেন্টের কাছ থেকে সরকারি ভাবে কোনও চিঠি বা ইমেল এখনও তাঁদের হাতে আসেনি। তিনি বলেন, “মহামেডান ম্যানেজমেন্ট সরকারি ভাবে আইএফএ-কে কিছু জানায়নি।” পাশাপাশি সূত্রের খবর, শিল্ড না খেলার ব্যাপারে মহামেডানের উষ্মার কথা আইএফএ কর্তারা জানতে পেরে ইতিমধ্যেই বিকল্প ভাবতে শুরু করে দিয়েছেন। কলকাতা লিগে ভালো খেলা দু’টি টিমের কাছে শিল্ড খেলার প্রস্তাব নাকি চলে গিয়েছে। মহামেডান যদি সত্যিই সরকারিভাবে না খেলে তাহলে দুই দলের মধ্যে থেকে একটি দলকে শিল্ড খেলতে দেখা যেতে পারে। গ্রুপে ইস্টবেঙ্গল ও মহমেডানের সঙ্গে রয়েছে পাঞ্জাব এফসি। প্রতিটি গ্রুপ থেকে দু’টি দল সেমিফাইনালে উঠবে।
এ দিকে শিল্ডে সিনিয়র দল খেলানোর ব্যাপারে আগ্রহী নন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসও। এমনটাই জানা গিয়েছে। তবে কয়েকজন ফুটবলারকে শিল্ডে খেলার জন্য ছাড়ার বিষয়ে কোচের সঙ্গে বৈঠকে বসবেন কর্তারা। লাল-হলুদ শিবিরে অবশ্য নতুন বিদেশিদের নিয়েও তৎপরতা চলছে। নাইজেরিয়ান ফুটবলার এফিয়ংয়ের ভিসা সমস্যা মেটার পথে। আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে কলকাতায় আনার চেষ্টা চলছে। পোল্যান্ডের স্ট্রাইকার লুকাসেরও আগামী সপ্তাহে শহরে আসার কথা। ইস্টবেঙ্গলের মূল লক্ষ্য অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগ। আগামী ১৩ অক্টোবর এসিএল টু-র দ্বিতীয় ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে চায় তারা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা