ভারতের মাটিতে খেলা হবে না। এশিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে নাটুকে ভঙ্গিতে জানিয়ে দিল পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। দিনকয়েক আগেই পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছিল, ভারতের মাটিতে তারা খেলতে আসবে। কিন্তু মাত্র দু’দিনের মধ্যেই ডিগবাজি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করতে হবে। তা না হলে গোটা টুর্নামেন্টটাই অন্য় দেশে সরিয়ে দেওয়া হোক।
আরও পড়ুন:
২৭ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। জলন্ধর ও মোহালির হকি স্টেডিয়ামে ৬টি দল খেলবে। ভারত ছাড়াও আছে পাকিস্তান, জাপান, চিন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। পাকিস্তানের খেলতে আসা নিয়ে সংশয় থাকলেও সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছিলেন, পাকিস্তান আসছে। তাঁর দাবি, “বহুদেশীয় টুর্নামেন্টে একসঙ্গে খেলতে কোনও সমস্যা নেই। তবে সম্ভবত দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে না।”
কিন্তু বুধবারই বেঁকে বসেছে পাক হকি দল। ফেডারেশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন আহমেদ ওয়ানি সরকারিভাবে বিবৃতি দিয়ে বলেন, এশিয়ান হকি ফেডারেশনের কাছে আবেদন করেছেন তাঁরা। পাকিস্তানের ম্যাচ যেন অন্য়ত্র আয়োজন করা হয়, তা না হলে গোটা টুর্নামেন্টটাই সরিয়ে দেওয়া হোক। বর্তমানে ভারত-পাকিস্তানের সম্পর্ক এবং ভারতের মাটিতে পাক খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, ক্রিকেটে তিক্ততা থাকলেও হকিতে ভারত-পাক সৌহার্দ্য ছিল। হাতও মেলাতেন দুই দেশের তারকারা।
পাকিস্তানের এহেন আবদারে শেষ পর্যন্ত প্রশ্ন উঠে গেল এশিয়ান চ্যাম্পিয়নশিপ নিয়ে। চলতি বছর টি-২০ বিশ্বকাপের আগে ঠিক একইরকম দাবি জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত টুর্নামেন্ট বয়কট করে তারা। গত বছর ভারতে হকি এশিয়া কাপ খেলতে আসেনি। এবছরও কি হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি বয়কট করবে তারা? নাকি পাক দলের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করা হবে, যেমনটা হয়েছিল টি-২০ বিশ্বকাপের সময়ে? যদিও পাকিস্তানের ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, বহুদেশীয় প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ক্ষমতা পেয়েও ভোলেননি শিকড়, মেলায় বসে পুতুল বিক্রি বিজেপি বিধায়কের!