৩ মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। তবু মেয়ের কোনও খোঁজ নেই। প্রতিটি সকাল শুরু হয় আশায়, প্রতিটি রাত শেষ হয় অনিশ্চয়তা আর দীর্ঘশ্বাসে। সেই অপেক্ষা, সেই অস্থিরতা আর বুকভাঙা শূন্যতাকে সঙ্গী করেই এবার ঘরের চার দেওয়াল ছেড়ে রাস্তায় নেমেছেন বাবা। বুকে ও পিঠে ঝুলছে মেয়ের ছবি-সহ একটি প্ল্যাকার্ড। তাতে লেখা মেয়ের পরিচয়, শারীরিক বর্ণনা এবং যোগাযোগের নম্বর। উদ্দেশ্য একটাই-যদি কোনও অপরিচিত মানুষের চোখে পড়ে তাঁর হারিয়ে যাওয়া মেয়ের মুখ।
সিউড়ির ডাঙালপাড়া এলাকার বাসিন্দা ২৪ বছরের অমৃতা সিংহ গত ১৩ মার্চ দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরিবারের দাবি, তিনি সঙ্গে কোনও মোবাইল ফোন, টাকা বা প্রয়োজনীয় সামগ্রীও নেননি। যেন নিঃশব্দেই জীবনের এক অজানা পথে হাঁটা শুরু করেছেন তিনি।
আরও পড়ুন:
সেই দিন থেকেই শুরু হয় পরিবারের নিরন্তর খোঁজ। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন-সবার কাছে ছুটে বেড়িয়েছেন তাঁরা। পুলিশের দ্বারস্থ হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অমৃতা বাসে করে মল্লারপুর পর্যন্ত গিয়েছিলেন। তারপর যেন সব পথ হঠাৎ করেই অন্ধকারে মিলিয়ে যায়। অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ জানান, তাঁর মেয়ে অত্যন্ত মেধাবী। নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখত। ভবিষ্যৎ, চাকরি ও আত্মনির্ভরতা নিয়ে সে প্রায়ই উদ্বিগ্ন থাকত।
পোস্টার লাগানো থেকে শুরু করে সামাজিক মাধ্যমে প্রচার-সব চেষ্টা করেও যখন কোনও সূত্র মেলেনি, তখন শেষ ভরসা হিসেবে মানুষকেই বেছে নিয়েছেন তিনি। রামপুরহাট, রাজগ্রাম ও আশপাশের এলাকায় ঘুরে ঘুরে সবার কাছে অনুরোধ জানাচ্ছেন, “আমার মেয়েকে যদি কোথাও দেখতে পান, জানাবেন।”
এই দৃশ্য শুধুই একজন নিখোঁজ মেয়েকে খোঁজার দৃশ্য নয়; এটি এক বাবার অদম্য ভালোবাসার প্রতিচ্ছবি। সন্তানের জন্য তাঁর এই পথচলা যেন সমাজের কাছে এক নীরব আবেদন-কেউ যদি কোথাও অমৃতাকে দেখে থাকেন, তবে যেন তাকে ফিরিয়ে দেন তার অপেক্ষায় প্রহর গোনা পরিবারটির কাছে। কারণ একজন বাবার কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি একটাই-হারিয়ে যাওয়া সন্তানকে আবার নিজের কাছে ফিরে পাওয়া।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলায় বরাদ্দ ৬০ হাজার কোটি! বাজেটের আগে কল্পতরু মোদি সরকার
-
কুসংস্কার ঘুচিয়ে নজির, অম্বুবাচীতেও অবারিত হুগলির ‘সবুজ কালী’র মন্দির
-
দুই কন্যা সন্তান জন্মানোয় গঞ্জনা, পণের দাবিতে নির্যাতনের অভিযোগ, বধূর মুখে অ্যাসিড ঢালল শ্বশুরবাড়ি!
-
ডেবরা থানায় প্রতারণার অভিযোগ, আরও বিপাকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত
-
মাটির আকালে হাতবন্ধ কুমোরটুলির, বিপন্ন দুর্গোৎসব ও বঙ্গসংস্কৃতি