আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ভোটের আগে আক্রান্ত রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷ শনিবার সন্ধে নাগাদ দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিরাটিতে হামলার মুখে পড়ে তাঁর কনভয়৷ মন্ত্রীর অভিযোগ, কনভয়ের দুটি গাড়িতে রীতিমতো ভাঙচুর চালানো হয়৷ সিপিএমের মিছিল থেকে এই হামলা চলে বলে অভিযোগ করেছেন মন্ত্রী৷ এরকম কোনও ঘটনা ঘটেইনি বলে পালটা দাবি উত্তর দমদমের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য৷ প্রতিবাদে রবিবার জেলাজুড়ে ধিক্কার মিছিলে নামছে তৃণমূল নেতৃত্ব৷
[আরও পড়ুন : নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের]
শনিবার সন্ধে আটটা নাগাদ বিরাটি দিয়ে যাচ্ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সেসময় পাশেই দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যের সমর্থনে বড়সড় প্রচার মিছিল চলছিল৷ সেই মিছিল থেকেই তাঁর কনভয়ে হামলা চলে বলে অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ তাঁর কথায়, মন্ত্রীর কনভয় আটকে সিপিএমের মিছিল চলছিল৷ তাঁর নিরাপত্তারক্ষীরা কনভয় যাওয়ার রাস্তা দেওয়ার কথা জানাতে গেলেই ঝামেলা বাধে৷ কিছুক্ষণ বাকবিতণ্ডার পরই কনভয়ের দুটি গাড়িতে ভাঙচুর শুরু করে সিপিএম কর্মী, সমর্থকরা৷ দুটি গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ৷ খাদ্যমন্ত্রী এই ঘটনার জন্য সরাসরি স্থানীয় সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে দায়ী করেছেন৷ তাঁর নেতৃত্বেই এমন হামলা হয়েছে বলে নিমতা থানায় সমস্ত ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে৷ ঘটনাকে ঘিরে নিমতা থানায় বাইরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা৷
[আরও পড়ুন :বিষ্ণুপুরে ঢোকার অনুমতি নেই, এবছর ভোট দিতে পারবেন না সৌমিত্র খাঁ]
এদিকে, সিপিএম নেতৃত্ব ঘটনার দায় যথারীতি এড়িয়ে গিয়েছে৷ বিধায়ক তন্ময় ভট্টাচার্যের দাবি, এমন কোনও ঘটনা ঘটেছে বলে তিনি জানেন না৷ এবিষয়ে কিছু শোনেনওনি৷ বিরাটিতে সিপিএমের বিরাট প্রচার মিছিল চলছিল৷ তা দেখেই ভয় পেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি৷ তাই এমন মিথ্যে অভিযোগ করেছেন বলে দাবি তাঁর৷ কটাক্ষ করে বলেন, মাথা খারাপ হয়ে এমন ভুলভাল বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ আগামী ১৯ মে দমদম লোকসভা কেন্দ্রের ভোট৷ তার ঠিক আগে এমন এক ঘটনা রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন ফেলেছে বলাই বাহুল্য৷ প্রতিবাদে রবিবার জেলাজুড়ে ধিক্কার মিছিল কর্মসূচি পালনের ঘোষণা করেছে তৃণমূল নেতৃত্ব৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশিদের ভুয়ো নথির জোগান! দিল্লির অভিশপ্ত সেই হোটেল মালিক সম্পর্কে বিস্ফোরক তথ্য
-
‘শুধু দেব নয় অনেকেই মন খুলে কথা বলছেন’, স্বরূপের গ্রেপ্তারিকে ‘রঘু’র সমর্থনে কী বললেন রূপা?
-
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু, আয়ের নতুন পথ খুলতেই মুখে হাসি চাষিদের
-
মাতলা নদীর চর দখল করে ক্যাফে! শওকত-পুত্রকে নোটিস প্রশাসনের, ভাঙা হবে ‘অরণ্যের কূলে’?
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য