স্টাফ রিপোর্টার, বর্ধমান: বিশ্ব প্রতিবন্ধী দিবস। আর সেই দিনই ‘নিজের পায়ে দাঁড়ানোর’ স্বপ্ন সফল হল জন্ম থেকেই পক্ষাঘাতে দু’পা হারানো বডি বিল্ডার স্বপন মণ্ডলের। সৌজন্যে রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তর।
রবিবার বর্ধমানে এক দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আসরে ওই দপ্তরেরই মন্ত্রী স্বপন দেবনাথ ওই তরুণকে তাঁর দপ্তরে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। মন্ত্রী ঘোষণায় খুশি বর্ধমানের তিনকোনিয়ার নেতাজি পল্লির বছর তিরিশের স্বপন মণ্ডল। মন্ত্রীর এই ঘোষনায় আবেগ চেপে রাখতে পারেননি তিনি। তাঁর বক্তব্য, “এতদিনে বোধহয় নিজের পায়ে দাঁড়াতে পারলাম।” বাস্তবিকই! নিজের পায়ে সত্যি সত্যি দাঁড়াতে না পারলেও সারাজীবনের আর্থিক নিরাপত্তা তিনি পেলেন মন্ত্রীর ঘোষণায়।
[নর্দমা থেকে উদ্ধার ব্যাগ ভরতি আধার কার্ড, চাঞ্চল্য জামালপুরে]
জন্ম থেকেই স্বপন মণ্ডলের দুই পা অচল, পক্ষাঘাতগ্রস্ত। কিন্তু মানসিক জোর সাধারণ কোনও ছেলের তুলনায় বহুগুণ বেশি। বর্ধমানের শিবকুমার হরিজন বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। মাধ্যমিক পরীক্ষা দিলেও পাস করতে পারেননি। কিন্তু মনের জোর হারাননি। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও হার মানেননি। শুরু করেন শরীরচর্চা। ডাম্বেল-বারবেল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেন। বিভিন্ন দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় অংশ নিতেও শুরু করেন। ২০১০ সালে সর্বভারতীয় প্রতিবন্ধী দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ স্থান পান। কলকাতার মৌলালিতে সারা বাংলা দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় দ্বিতীয় হন। মেডেল হয়তো পেয়েছেন অনেক, কিন্তু চাকরি পাননি।
স্বপনবাবু বিয়ে করেছেন, সন্তানও রয়েছে। সংসার চালাতে লটারি বিক্রি শুরু করেন। পাশাপাশি শরীরচর্চাও চলতে থাকে। বর্ধমানের বল্ডি বিল্ডিং সংস্থার সুনীল সাউ তাঁকে উৎসাহ দিতেন নিয়মিত। রবিবার ছিল বিশ্ব প্রতিবন্ধী দিবস। এদিনই বর্ধমানের টাউন হলে বসেছিল দেহসৌষ্ঠব প্রতিযোগিতার আসর। সেখানে অংশ নেন স্বপন মণ্ডল। আর প্রতিযোগিতার উদ্বোধনে এসেছিলেন প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। স্বপন মণ্ডলকে তাঁর দপ্তরে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন প্রতিযোগিতার মঞ্চে। বিশ্ব প্রতিবন্ধী দিবসে এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত স্বপনবাবু।
[থানায় চটুল গানে কোমর দুলিয়ে নাচ পুলিশের, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
বাথরুমে আয়না বসানোর আগে জানুন বাস্তুর নিয়ম, এড়ান মারাত্মক এই ভুল
-
বিশ্বকাপই দেয় জীবনের পাঠ, রাত জাগার ফাঁকে সন্তানকে কী শেখাতে পারেন অভিভাবকরা?
-
আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বমানের পারফরম্যান্সে মুগ্ধ মোরিনহো, এবার রিয়ালে কেপ ভার্দের তারকা?
-
চক্কর কাটা শুরু, চারঘণ্টা ‘স্যাঁটা-ভাঙা’ জিজ্ঞাসাবাদের পর হুমায়ুনকে ফের ডাকল পুলিশ
-
ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই, মুখ ঢেকে বিজেপি কর্মীকে গুলি তৃণমূল দুষ্কৃতীদের!