Advertisement
Advertisement
FIFA World Cup 2026

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বমানের পারফরম্যান্সে মুগ্ধ মোরিনহো, এবার রিয়ালে কেপ ভার্দের তারকা?

বিশ্বকাপে দ্যুতি ছড়ানো এই তারকার সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ। ৬৩ বছরের বর্ষীয়ান কোচের বার্তা তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছিল বলে জানিয়েছেন এই ফুটবলার। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৮:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৮:০০

options
link
আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বমানের পারফরম্যান্সে মুগ্ধ মোরিনহো, এবার রিয়ালে কেপ ভার্দের তারকা? zoom
কেপ ভার্দের তারকার সঙ্গে যোগাযোগ করলেন রিয়াল মাদ্রিদ কোচ। ছবি সংগৃহীত।
Advertisement

কেপ ভার্দের অনেক ফুটবলারের মতোই তাঁর জন্ম নেদারল্যান্ডসের রটারডামে। বছর চার আগে এক বুক স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন। একটাই লক্ষ্য ছিল, এমন বড় ফুটবলার হওয়া, যাতে তাঁর মাকে আর জীবিকার জন্য কঠোর পরিশ্রম করতে না হয়। তিনি সিডনি লোপেজ কাব্রাল। আর্জেন্টিনার ম্যাচে এবারের বিশ্বকাপের সবচেয়ে সুন্দর গোলগুলির একটি করেছেন। বিশ্বকাপে দ্যুতি ছড়ানো এই তারকার সঙ্গে যোগাযোগ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ। 

কাব্রাল নিজেই জানিয়েছেন এ কথা। বিশ্বকাপ চলাকালীন রিয়াল কোচ হোসে মোরিনহো তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। ৬৩ বছরের বর্ষীয়ান কোচের বার্তা তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছিল বলে জানিয়েছেন এই ফুটবলার। আর্জেন্টিনা তো বটেই, স্পেন ও উরুগুয়ের বিপক্ষে স্বপ্নের পারফরম্যান্স করেছিলেন দীর্ঘদেহী ডিফেন্ডার ফুলব্যাক ও সাইডব্যাক। এরপর ব্যক্তিগতভাবে সিডনিকে বার্তা পাঠান মরিনহো। কাব্রাল বলেন, “মরিনহো আমাকে স্পেন ও উরুগুয়ের ম্যাচের পর বার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘ব্রাভো! এগিয়ে যাও, নিজের উপর বিশ্বাস রাখো’।”

Advertisement
সিডনি লোপেজ কাব্রাল। ছবি সংগৃহীত।

ম্যাচের বয়স তখন ১০৩ মিনিট। মায়ামি স্টেডিয়ামে ২-১ গোলে পিছিয়ে কেপ ভার্দে। নির্ধারিত সময়ে লিওনেল মেসিদের আটকে দিয়েও ফের পিছিয়ে পড়েছে। সেই সময় জ্বলে উঠলেন কাব্রাল। ডানদিকের বক্সের মাথা থেকে যে কার্লারটা তিনি মারলেন, তা এমি মার্টিনেজ কেন, ন্যয়ার-কাসিয়াস-বুঁফোরাও বাঁচাতে পারতেন না। ২৩ বছর বয়সি এই ফুটবলার অতীতে মোরিনহোর সঙ্গে কাজ করেছেন। পর্তুগিজ কোচ সম্পর্কে দরাজ সার্টিফিকেট দিলেন কাব্রাল। “তিনি এমন একজন, যিনি খারাপ খেললে সরাসরি বলেন তুমি বাজে খেলেছ। আবার ভালো খেললে সেটাও খোলাখুলি বলেন। আমার দেখা সবচেয়ে সৎ মানুষ তিনিই।” বলছেন কাব্রাল।

২৩ বছর বয়সি তারকার সংযোজন, “যদি আরও বেশি দিন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেতাম, তাহলে নিজের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারতাম।” উল্লেখ্য, পেশাদার ফুটবলার হিসাবে কেরিয়ার শুরুর মুখেই কোভিডের ধাক্কায় তাঁর কেরিয়ারে অনেক কিছু ওলটপালট হয়ে গিয়েছিল। বাধ্য হয়েই জার্মানির চতুর্থ ডিভিশনের এক ক্লাবে সই করেন। সেখান থেকে পর্তুগালের বেনফিকায় সই। এখন খেলেন তুরস্কের ত্রাবজোন্সপোরে। ২০২৩ সাল থেকে কেপ ভার্দের জার্সিতে নিয়মিত। এবার তাঁর নাম নিশ্চয়ই আর কেউ ভুলবে না। এখন দেখার, ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ জার্সিতে তাঁকে দেখা যায় কি না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.