নতুন সরকারি মেডিক্যাল কলেজ পাবে বাংলার চার জেলা। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমানে নতুন মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাব নেওয়া হয়েছে। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় জমি চিহ্নিত করে এই প্রস্তাবগুলি দ্রুত কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে বলে সম্প্রতি ঘোষণা করেছে নবান্ন। রাজ্যে সরকারি মেডিক্যাল শিক্ষার পরিকাঠামো আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। দক্ষিণ দিনাজপুর (বালুরঘাট), আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমান জেলায় ১০০টি করে এমবিবিএস আসন-সহ তিনটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ তৈরির লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। সেই উদ্দেশ্যে সংশ্লিষ্ট তিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের (সিএমওএইচ) কাছে জমির প্রাপ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে নির্দেশ পাঠিয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড।
১৮ জুন জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, তিনটি প্রস্তাবিত মেডিক্যাল কলেজের জন্য ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরির প্রস্তাব ইতিমধ্যেই গৃহীত হয়েছে। এখন জাতীয় মেডিক্যাল কমিশনের ন্যূনতম মানদণ্ড অনুযায়ী উপযুক্ত জমি ও পরিকাঠামো চিহ্নিত করার কাজ শুরু হচ্ছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, নতুন মেডিক্যাল কলেজ, সংযুক্ত টিচিং হাসপাতাল এবং ছাত্র-ইন্টার্নদের হোস্টেল একই ক্যাম্পাসে অথবা সর্বাধিক দুটি ক্যাম্পাসে থাকতে পারবে। যদি দুটি ক্যাম্পাস হয়, তবে কলেজ ও হাসপাতালের মধ্যে দূরত্ব ১০ কিলোমিটারের বেশি হওয়া চলবে না। পাশাপাশি টিচিং হাসপাতালে অন্তত ৪২০টি শয্যা ও সারা বছরে গড়ে ৮০ শতাংশ বেড অকুপেন্সি থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন:
জেলা স্বাস্থ্য কর্তাদের প্রথমে খতিয়ে দেখতে বলা হয়েছে, সংশ্লিষ্ট হাসপাতাল চত্বরে মেডিক্যাল কলেজ গড়ার মতো পর্যাপ্ত জমি রয়েছে কি না। জমির অভাব থাকলে হাসপাতাল থেকে ১০ কিলোমিটারের মধ্যে রাজ্য সরকারের মালিকানাধীন প্রায় ২০ একর জমি চিহ্নিত করে তার প্রস্তাব পাঠাতে হবে। একাধিক সম্ভাব্য জমি থাকলে তারও বিবরণ দিতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, জমির তথ্য হাতে পেলেই WBMSCL-এর ইঞ্জিনিয়ারিং দল সরেজমিনে পরিদর্শনে যাবে। সেই রিপোর্টের ভিত্তিতেই তিনটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের প্রকল্পের পরবর্তী ধাপে এগোবে রাজ্য সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চিকিৎসা পরিষেবা এবং মেডিক্যাল শিক্ষার সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
পাশাপাশি, পাতিপুকুর টিবি হাসপাতালকে অধিগ্রহণ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আইআইটি খরগপুর ক্যাম্পাসের ভেতরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালকে মেডিক্যাল কলেজ তৈরির জন্য অনুমোদন দেওয়ার চিন্তা হচ্ছে। বাংলা জুড়ে নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরি হবে। দুশোটি নতুন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১২৬ বলে ৩০৬! এবার বিহারের ১৫ বছরের ‘লেডি বৈভবে’র ঝোড়ো ব্যাটিংয়ে মজে ক্রিকেট দুনিয়া
-
ভুল করেও ভাবছেন ‘সব ঠিকঠাক’, অজান্তে নিজের প্রেম নিজেই ধ্বংস করছেন না তো?
-
মোদির অনুপ্রেরণায় লেখা ‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য! নীরবতা ভাঙলেন ‘জামিল জামিলি’ রাকেশ বেদী
-
থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে মার! ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশকর্তার বিরুদ্ধে এফআইআর
-
‘হোয়াই শুড গার্লস হ্যাভ অল দ্য ফান?’ নাইটিতেই শহর চষে ফেলছেন জেন জি তরুণরা! কিন্তু কেন?