সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: NRC’র বিরোধিতা করতে গিয়ে আবারও বিজেপিকে হুংকার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। জাতীয় নাগরিকপঞ্জি করতে চাইলে চামড়া গুটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দাপুটে নেতার মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার সুর। অনুব্রত মণ্ডলের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না বলেই তোপ বিজেপির।
NRC, CAA‘র বিরোধিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে সভার আয়োজন করছে তৃণমূল। তেমনই শনিবার বীরভূমের সাঁইথিয়ায় একটি সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বসলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “ভারতবর্ষে NRC করতে হবে বলে তুমি হঠাৎ বলে দিলে। তুমি দিল্লিতে বসে হিসেব করলে, আড়াই কোটি মানুষকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবে। বাঃ চমৎকার! তেমন হলে তখন আমরা কি ঘরে বসে থাকব? আমরা ঘরে বসে থাকব না। তুমি বলেছো বলো। এনআরসি চালু করতে এলে চামড়া গুটিয়ে দেব। জীবন থাকতে NRC মানব না। লড়াই করে যাবো।” এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও তোপ দাগেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “দেশে এত প্রধানমন্ত্রী এলেন, আর শুধু আপনার মাথাতেই NRC, CAA, NPR করার ভাবনাচিন্তা আসল?” এরপর নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্যের উন্নয়নে তৃণমূল ঠিক কী কী কাজ করেছে, তাও এদিন সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের সামনে তুলে ধরেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।
[আরও পড়ুন: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মাকে কুপিয়ে খুন, পুলিশের জালে প্রৌঢ়]
তবে বীরভূম জেলা তৃণমূল সভাপতি হুংকার নিয়ে রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। গেরুয়া শিবির বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার হুঁশিয়ারিকে মোটেও ভাল চোখে দেখছেন না। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘অনুব্রতবাবু এই ধরনের কথা বলেই থাকেন। এটা নতুন কিছু নয়। বাংলায় তৃণমূল গণতন্ত্র হত্যা করেছে।’
এর আগেও একাধিকবার বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল। সেবার অবশ্য বিজেপিকে শেষ করে দেওয়ার হুমকিই দিয়ে বসেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। তিনি বলেন, “বিজেপি ভেবেছে আমি মরে গিয়েছি, কিন্তু আমি এত তাড়াতাড়ি মরবো না, তোমাদের মেরে তারপর মরবো।” সেই সময় যথেষ্ট সমালোচিত হয়েছিলেন তিনি। তবে তাতে যে কিছুই যায় আসে না বিজেপিকে হুংকার দিয়ে সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন বীরভূমের দাপুটে নেতা।
সর্বশেষ খবর
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা