সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর নিয়ে সরগরম গোটা দেশ। বাংলায় একজন বৈধ ভোটারেরও নাম বাদ গেলে দিল্লির নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তারই মাঝে উলটো সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের কথায়।
গত মঙ্গলবার তিনি বলেন, “SIR চালু হোক না। কোনও সমস্যা নেই।” অথচ এই অনুব্রত মণ্ডলই কিনা সাম্প্রতিক অতীতে সম্পূর্ণ বিপরীত কথা বলেন। তিনি সেই সময় দাবি করেছিলেন, “কারও ক্ষমতা নেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়। উড়ে এসে জুড়ে বসেননি। বাংলাদেশ থেকে আসেননি। নাম বাদ দেওয়ার ক্ষমতা নই বিজেপি সরকারের।” কেন আচমকা এমন অবস্থান পরিবর্তন তা নিয়ে স্বাভাবিকভাবে নানা মহলে চলছে জোর চর্চা।
তবে একা অনুব্রত নন। এর আগে তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়, ‘বিতর্কিত’ নেতা হুমায়ুন কবীরের মুখেও একই কথা শোনা গিয়েছে। সৌগত রায়ের দাবি, “SIR হল ভোটার তালিকা সংশোধন। তা নিয়ে কারও কোনও আপত্তি থাকতে পারে না।” আবার হুমায়ুন কবীর বলেন, “১২টা রাজ্যে হচ্ছে। আমাদের আপত্তির কী আছে? করুক এসআইআর। ভালোভাবে হোক। প্রকৃত ভোটার যেন বাদ না যায়। বৈধ ভোটার বাদ গেলে যেই অফিসার থাক তাঁকে কিন্তু আমরা ঘিরব।” প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে SIR। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলায় SIR করা হচ্ছে বলেই দাবি তৃণমূলের। তারই মাঝে দলের তিন হেভিওয়েট নেতার এহেন মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
সর্বশেষ খবর
-
সত্যিকারের মুসাফির ক্যাফে! হিমাচল ও উত্তরাখণ্ডে অভিনব উদ্যোগ বিক্রান্ত ম্যাসির
-
ভোটের লড়াইয়ে ‘জোড়াফুল’ অতীত! ‘আপেল’ না ‘এসি’, কোন প্রতীকে লড়বে তৃণমূল?
-
অভিষেকের বিশ্বরেকর্ডের পর দুরন্ত বোলাররাও! আফগানিস্তানকে ‘চুনকাম’ করল ভারত
-
তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করল কমিশন, নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ে থাকছে না ‘ঘাসফুল’
-
এবার পাকিস্তানে লকডাউন! করোনা নয়, নতুন ‘বিপর্যয়’ পড়শি দেশে