সৌরভ মাজি, বর্ধমান: ভোটের মুখে ফের আক্রান্ত তৃণমূল নেতা। বর্ধমানের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান প্রাক্তন কাউন্সিলর৷ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাত থেকে উত্তেজনা বর্ধমান শহরে। তদন্ত শুরু করেছে বর্ধমান সদর থানার পুলিশ।
[আরও পড়ুন: ‘জামাই’ কটাক্ষের জবাব প্রচারে, সমাবেশ থেকেই তৃণমূলকে চ্যালেঞ্জ আলুওয়ালিয়ার]
জানা গিয়েছে, বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মহম্মদ সেলিম। সোমবার রাতের দিকে দলীয় কার্যালয় থেকে বাইকে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেইসময় লোকো কলাবাগান এলাকায় ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালানো হয়। আক্রান্ত মহম্মদ সেলিমের অভিযোগ, ‘গোটা ঘটনাটি বিজেপির চক্রান্ত।’ তাঁর অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বিজেপি কর্মী বলে পরিচিত কৃষ্ণ সিং ও অজয় সিং নামে এলাকারই দুই যুবক।
অভিযোগ, দলীয় কার্যালয় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকেই ওই তৃণমূল নেতার পিছু নিয়েছিল অভিযুক্তরা।জানা গিয়েছে, ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করার জন্য কৃষ্ণ ও অজয় অস্ত্র উঁচিয়ে ছিল। সেময় স্থানীয় বাসিন্দারা তা দেখে চিৎকার করায় তিনি বাইক থেকে নেমে যান। তখনই লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। পুলিশ সূ্ত্রে খবর, ২ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা।

[আরও পড়ুন: নির্বাচনে জনসচেতনতা বাড়াতে অভিনবত্ব ঝাড়গ্রামে, তৈরি ভোট উদ্যান]
খবর পেয়ে এদিন রাতেই লোকো কলাবাগান এলাকায় যায় বর্ধমান সদর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাস্তার ধারে জঙ্গল থেকে একটি গুলির খোল উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের সন্ধানে শুরু হয়েছে তদন্ত।
যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপির জেলা নেতৃত্ব। তাদের অভিযোগ, শাসকদলের কর্মীরা তাদের নামে অপপ্রচার করছে। তবে নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রমণের শিকার হচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে৷ সোমবার রাতে বর্ধমানের ঘটনায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা।
সর্বশেষ খবর
-
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে একলাফে বাড়ল আরও ৬০ শতাংশ!
-
এমবাপের রেকর্ডের দিনে লাল কার্ড ভাই ইথানকে, বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের গোলবন্যা
-
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, অনুদান না নিয়ে শুভেন্দুকে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের
-
‘চাকরি ছাড়ুন, নাহলে মরুন’, লস্করের হুমকিতে উদ্বিগ্ন ৭০০০ কাশ্মীরি পণ্ডিত
-
মহালয়ার সন্ধ্যায় ইডেনে পুজোর সূচনা, মা দুর্গার চোখ আঁকতে পারেন মোদি