স্টাফ রিপোর্টার: গুমোট গরম৷ দরদরিয়ে ঘাম৷ গত দু’দিন ধরে এরকমই অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে৷ সৌজন্যে বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হওয়া নিম্নচাপ৷ আর তার জেরেই শীত সম্ভাবনা আরও পিছিয়ে দিল আবহাওয়া দফতর৷ এই নিম্নচাপের জেরে থমকে রয়েছে উত্তুরে হওয়া৷ আর সে কারণেই হেমন্তের পরিষ্কার আকাশে গত কয়েকদিন ধরে রয়েছে মেঘের আচ্ছাদন৷ নভেম্বরের প্রথম সপ্তাহে শীতল হাওয়ার বদলে ভাদ্রের গরমের মতো ঘামছে শহর৷ এই অস্বস্তিকর পরিস্থিতি আরও কয়েকদিন বহাল থাকবে৷ আকাশে মেঘ থাকলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা৷ রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে৷ এটি উত্তর-পশ্চিম দিকে অন্ধ্রের উপকূলের দিকে সরছে৷ এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রির কাছাকাছি৷ সর্বনিম্ন ছিল ২৪ ডিগ্রি৷ নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের আকাশে প্রচুর পরিমাণ মেঘ ঢুকেছে৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেড়েছে৷
তার জেরেই এই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে৷ কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে গত দু’দিন ধরে একটি দমবন্ধকরা পরিবেশ৷ বাসে, ট্রেনে যাত্রীদের দর দর করে ঘামতে দেখা যাচ্ছে৷ শুধু দিনের বেলাতেই নয়, নভেম্বরের রাতে যে হিমেল হাওয়া পাওয়া যায় গত কয়েকদিন ধরে তা ও নেই৷ দুর্গাপুজোর শেষে বৃষ্টির দাপটে মন খারাপ হয়ে গিয়েছিল বাঙালির৷ কালীপুজোতে ঘুর্ণিঝড় ‘কিয়ান্ত’-চোখরাঙানি দেখালেও আর বৃষ্টি হয়নি রাজ্যে৷ আসছে শীতের দিনের আনন্দের আপেক্ষায় বাঙালি৷ তবে এই নিম্নচাপ ফের শক্তিবৃদ্ধি করায়, একদিকে যেমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে তেমনই পিছিয়েছে শীত৷ মেঘ কাটলেই ঢুকবে উত্তুরে হাওয়া৷ সেই আশাতেই এখন শুধু বৃষ্টি চাইছে রাজ্যবাসী৷
সর্বশেষ খবর
-
ক্যাশলেস থেকে ক্যাশে! প্রশ্নের মুখে ভারতের অর্থনৈতিক স্বনির্ভরতা
-
রানি মুখোপাধ্যায়ের মাতৃবিয়োগ, প্রয়াত দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়
-
ক্ষমতাচ্যুত বিজয়নের পিঠেও দুর্নীতির দাগ! ইডির প্রস্তাবে পুলিশকে তদন্তের নির্দেশ কং সরকারের
-
‘হনুমান মূর্তি গুঁড়িয়ে দাও’, ট্রাম্পের দেশে চরমে হিন্দুবিদ্বেষ! তুঙ্গে বিতর্ক
-
SIR পর্বে বিচারকদের উপর হামলা! মোথাবাড়ি কাণ্ডে সাবিনা ইয়াসমিনকে এনআইএ তলব