‘হটস্টার’-এর ‘আউট অফ লাভ’ সিরিজে প্রধান চরিত্রে রসিকা দুগল এবং পূরব কোহলি। তাঁরা কলকাতায় এসেছিলেন সম্প্রতি। তাঁদের সঙ্গে কথা বললেন প্রিয়ক মিত্র।
তামিলনাড়ুর কুন্নুরে ড. মীরা কাপুর এবং আকর্ষ কাপুরের সাজানো সংসার। দু’জনেই জীবনে সফল। তাদের এগারো বছরের সন্তানকে লালন করা, তার মাঝেই কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়া- এসব নিয়েই তাদের দাম্পত্য চলছিল সাবলীলভাবে। হঠাৎই একদিন বিনা মেঘে বজ্রপাতের মতো ৩৭ বছর বয়সি মীরা বুঝল তার স্বামী তাকে ঠকাচ্ছে। সন্দেহ এবং অবিশ্বাসের বাতাবরণে ক্রমশ জটিল হতে শুরু করল মীরার জীবন। মীরা কি ভুলে যাবে, ক্ষমা করে দেবে তার স্বামীর প্রবঞ্চনা? না কি রুখে দাঁড়াবে, প্রতিশোধ নেবে এই বিশ্বাসঘাতকতার?
‘হটস্টার স্পেশ্যাল্স’ নিবেদিত ‘আউট অফ লাভ’-এ রয়েছে এই প্রশ্নের উত্তর। তিগমাংশু ধুলিয়া এবং আইজাজ খান পরিচালিত এই ওয়েব সিরিজে মীরার চরিত্রে অভিনয় করেছেন রসিকা দুগল। আকর্ষ কাপুরের চরিত্রে পূরব কোহলি। সম্প্রতি গ্র্যান্ড হোটেলের আর্ট লাউঞ্জে ‘আউট অফ লাভ’ সম্পর্কিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রসিকা এবং পূরব। সেখানে রসিকা বললেন, “ড. মীরা কাপুর এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র। মীরা তার পেশার প্রতি সমর্পিত। একইভাবে তার স্বামী এবং সংসারের প্রতিও। যখন সে বুঝল তার স্বামী তাকে ঠকাচ্ছে, তখন সবকিছুই পালটে যেতে শুরু করল তার জীবনে। তার সামনে অনেকগুলো রাস্তা খোলা, কোন রাস্তাটা সে বেছে নেবে, তার উত্তর পেতে গেলে ‘আউট অফ লাভ’ দেখতে হবে।” পূরব জানালেন, ‘আকর্ষের চরিত্রটি ইন্টারেস্টিং। সে যেমন তার স্ত্রীকে ভালবাসে, তেমন তাকে প্রবঞ্চনাও করে। কিন্তু তার জন্য তার নিজস্ব যুক্তিও রয়েছে।’
[ আরও পড়ুন: ‘এক রাতের জন্য কত নেন?’, জবাবে নেটিজেনকে তুলোধোনা স্বস্তিকার ]
ওয়েব সিরিজের দর্শকসংখ্যা ভারতে দিনে দিনে বাড়ছে। নেটফ্লিক্সের ‘দিল্লি ক্রাইম’, আমাজন প্রাইমের ‘মির্জাপুর’-এর মতো সিরিজে রসিকা দুগলকে দেখেছেন যেসব দর্শক, তাদের কেমন লাগবে মীরা কাপুরকে? ‘এই ব্যাপারে আমার জাজমেন্ট খুব খারাপ। আমি সেইসব শিল্পীদের একজন, যারা নিজেদের কাজটুকু করেই ক্ষান্ত হয়; তারপর কী হল তা নিয়ে মাথাও ঘামায় না,’ রসিকা হাসতে হাসতে জানালেন। “তবে আমি আশা করি, এই সিরিজটা অনেকের কাছে খুব রিলেটেবল হয়ে উঠবে। বিশেষত, যারা এই অবস্থার ভিতর দিয়ে গিয়েছে।”
সম্প্রতি নেটফ্লিক্সের ‘টাইপরাইটার’-এ অভিনয় করতে দেখা গিয়েছে পূরব কোহলিকে। তিনি বলছেন, ‘এটা বলা শক্ত কীভাবে দর্শক গ্রহণ করবে আমার চরিত্রটিকে, বা এই সিরিজটিকে। এটুকুই বলতে পারি দাম্পত্য সমস্যা, বিশ্বাসঘাতকতা এসব খুব কমন সমস্যা এখন। তাই এই বিষয় নিয়ে তৈরি সিরিজের একটা আবেদন আছে। তাছাড়া, ট্রেলার দেখে অনেকেরই মনে হয়েছে এটা অন্য ধরনের কাজ। দেখা যাক!’
কলকাতার সঙ্গে রসিকার অনেকদিনের যোগাযোগ। ‘পথের পাঁচালী’ তাঁর অনুপ্রেরণা। রসিকা অভিনয় করেছেন ‘কিসসা’, ‘মান্টো’-র মতো ছবিতে। “‘কিসসা’ আমার জীবনের অন্যতম সেরা কাজ বলে আমি মনে করি। ‘মান্টো’-ও খুব প্রিয়। এই কাজগুলো খুব বেশি লোক দেখেনি। কিন্তু আমার কাছে এই কাজগুলোর অভিজ্ঞতাই অনেক,” বললেন রসিকা। চরিত্র নির্বাচনের বিষয়ে কি তিনি খুঁতখুতে? রসিকার সহাস্য এবং আত্মবিশ্বাসী উত্তর, ‘মোটেই না। তবে, আমি খুব সৌভাগ্যবান যে যা যা চরিত্র আমি নেহাত ইনস্টিংক্ট থেকেই নির্বাচন করেছি, দেখা গিয়েছে সবকটারই রেজাল্ট শেষমেশ খুব ভাল।’ শুক্রবার থেকে ‘হটস্টার’-এ দেখা যাবে ‘আউট অফ লাভ’। এই সিরিজের অন্যান্য চরিত্রে রয়েছেন সোনি রাজদান, অঞ্জন শ্রীবাস্তব, হর্ষ ছায়া।
ছবি : শুভেন্দু চৌধুরি
[ আরও পড়ুন: খোলামেলা পোশাকে লেখা ‘রাম’, আইনি ঝামেলায় ফাঁসলেন বাণী ]
সর্বশেষ খবর
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি
-
চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ
-
বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! এবার ‘ম্যাজিশিয়ান’ ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ