সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। সেসব ভুলে এখন শুটিংয়ে মন দিয়েছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। পুণেতে শুটিং করতে দেখা গিয়েছে প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীকে। তাতেই নতুন জল্পনা শুরু হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের কথা জানিয়েছিলেন সুস্মিতা। সেই সময় মনে করা হয়েছিল, অভিনেত্রী হয়তো ‘আরিয়া’ সিরিজের নতুন মরশুমের শুটিং শুরু করেছেন। তবে শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে। তাতে ভিন্ন লুকে দেখা গিয়েছে সুস্মিতাকে। উজ্জ্বল নীল রঙের শাড়ি পরেছেন অভিনেত্রী। কপালে চওড়া টিপ। মাথার চুল খোঁপা করে বাঁধা রয়েছে সুস্মিতার। তাতে আবার ফুল জড়ানো।
[আরও পড়ুন: ‘মোদিজি পারলে আমি কেন পারব না? ভোটে লড়ব’, হেমা মালিনীকে পালটা দিলেন রাখি]
অভিনেত্রীর এই লুক দেখেই নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, তৃতীয় লিঙ্গের গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। গৌরীর জীবনের কাহিনিই ওয়েব সিরিজে ফুটিয়ে তোলা হবে।
কিন্তু কে এই গৌরী সাওয়ান্ত?

পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল তাঁর। বাবা ছিলেন কড়া পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান গৌরী। ঠাকুমা তাঁকে বড় করে তোলেন। আঠেরো বছর বয়সে বাড়ি ছাড়েন গৌরী। তাঁর কারণে বাবার কষ্ট হোক, তা চাননি বলেই ঘর ছাড়েন। বাড়ি ছাড়ার পর মুম্বইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেছেন গৌরী। যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন। গৌরীর কাহিনি এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। এবার ওয়েব সিরিজে দেখা যেতে পারে, এমন খবরই শোনা যাচ্ছে।
[আরও পড়ুন: আর্থিক তছরুপ মামলা: উকিলের ছদ্মবেশে আদালতে গিয়ে জামিন পেলেন জ্যাকলিন!]
সর্বশেষ খবর
-
বৈবাহিক ধর্ষণ অপরাধ? সিদ্ধান্ত নেবে সংসদ, সুপ্রিম কোর্টের এক্তিয়ারভুক্ত নয়, জানিয়ে দিল কেন্দ্র
-
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ, ‘আমাদের রকস্টার’ বলে কার সমর্থনে সুর চড়ালেন?
-
‘হাতকড়া অপেক্ষা করছে’, আমেরিকায় ভিসার বেনিয়মে কগনিজ্যান্টেকে বিরাট শাস্তি, বিপাকে ভারতীয়রা!
-
কাঁকসার গভীর জঙ্গল থেকে উদ্ধার ৪টি কঙ্কাল, আত্মহত্যা নাকি খুন? ঘনীভূত রহস্য
-
স্ট্র্যান্ড রোডে লাগছে প্যারিসের ছোঁয়া! পুজোর আগেই সাজসাজ রব চন্দননগরে, ব্যাপারটা কী?