শুক্রবার রাতে টলিপাড়ায় ধূমকেতুর মতো আছড়ে পড়ল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বিয়ের খবর। দীর্ঘদিন ধরেই অনুরাগীদের কৌতূহল, কবে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা? শেষমেশ ভক্তদের সাধপূরণ। ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি। শীতের আমেজে শৈলশহরে বসবে বিয়ের আসর। ভেন্যু হিসেবে যদিও আপাতত কালিম্পংয়ের কথাই শোনা যাচ্ছে, তবে খবর প্রকাশ্যে আসার পর থেকেই পাত্রের ‘ঠিকুজি-কুষ্ঠী’ নিয়ে কৌতূহলের অন্ত নেই ভক্তমহলে। জীবনসঙ্গী হিসেবে কাকে নির্বাচন করলেন মিমি চক্রবর্তী? এহেন প্রশ্নে যখন তোলপাড় নেটভুবন থেকে অনুরাগীমহল, তখন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছে এল যুগলের এক্সক্লুসিভ ছবি। যেখানে হবু স্বামীর সঙ্গে একফ্রেমে হাসিমুখে ধরা দিয়েছেন অভিনেত্রী।
বন্ধুবান্ধবদের মাঝে সিদ্ধার্থকে নিয়ে তোলা এই ছবি পুজোর সময়ে তোলা। সূত্রের খবর, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিপর্বও নাকি চলছে জোরকদমে।
জীবনসঙ্গী হিসেবে নায়িকা যাঁকে নির্বাচন করেছেন, তিনি আদতে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। নৌসেনায় কর্মরত। নাম সিদ্ধার্থ। যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখেই কুলুপ, তবে খবর পুজোর আবহেই পরস্পরের মন বিনিময় হয়েছে! বন্ধুবান্ধবদের মাঝে সিদ্ধার্থকে নিয়ে তোলা এই ছবিও পুজোর সময়েরই। এদিকে সূত্রের আরও দাবি, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিপর্বও নাকি চলছে জোরকদমে। কারণ হাতে আর মাত্র সাড়ে তিন মাস।

সেলেব মানেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আমজনতার আগ্রহ থাকবে। মিমিও ব্যতিক্রম নন। অনুরাগীরা বারবার জানতে চেয়েছেন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এতদিন এই নিয়ে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি তাঁকে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে এক অনুরাগীর প্রশ্নের জবাবে মিমি যা মন্তব্য করেন, তা জল্পনাকেও আরও ‘অক্সিজেন’ দিয়েছে। মিমি হয়তো শিগগির এই বিষয়ে মুখ খুলবেন, এমনটাও মনে করছে সংশ্লিষ্ট মহলের অনেকে।

জলপাইগুড়ির মেয়ে মিমি। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে তিনি মডেল হিসেবেই শোবিজের জগতে পা রাখেন। ২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রটি করার পর মিমি রাতারাতি ঢুকে পড়েন আম বাঙালির ড্রেসিংরুমে। পরে ২০১২ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’। নায়িকার যে ‘টিপিক্যাল’ চরিত্র বাণিজ্যিক ছবিতে দর্শক দেখতে অভ্যস্ত, তার থেকে কিছুটা আলাদা ছিল এই দু’টি চরিত্র। স্টিরিওটাইপের বাইরে হাঁটা দুই মেয়ের ভূমিকাতেই মিমি সকলের নজর কাড়েন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনেত্রী হিসেবে এমন সাফল্যের মাঝেই ২০১৯ সালে পা রাখেন রাজনীতির আঙিনাতেও। সেবার লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। এই মুহূর্তে তিনি ব্যস্ত নিজের ছবির কাজে। পুজোতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। আরও একটি নতুন ছবির শুটিংও শুরু করবেন। কিন্তু এহেন পেশাগত ব্যস্ততার মাঝেই নায়িকা শুরু করতে চলেছেন দাম্পত্যজীবন।
সর্বশেষ খবর
-
ডিমভাত নিয়ে ঝগড়াতেই বাবা-মা’কে ‘খুন’ ছেলের, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের
-
বাংলাদেশে ঘাঁটি গেড়ে চিনা সাইবার অপরাধীরা! টার্গেট ভারতীয়রা? কড়া নজর গোয়েন্দাদের
-
ধরনার আগে থানার সামনে ছড়ানো গোবর! একাই শক্তিপুর থানা চত্বরে বসে পড়লেন হুমায়ুন
-
ভূমিধসের আতঙ্ক পেরিয়ে খুলে গেল সিকিমের গুরুদংমার লেক, ঘুরে আসুন পুজোর ছুটিতে
-
টেলিভিশনকে ‘ডাস্টবিন মিডিয়াম’ কটাক্ষ রোহিতের, দেবলীনার খোঁচা, ‘রনিত রায়ের ভাই একমাত্র পরিচয়’