সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিরণময়ী, সতীশ, সাবিত্রীর সম্পর্কের জটিলতা এবং নয়া সমীকরণ নিয়ে খুব শিগগিরিই আসছে ‘চরিত্রহীন’-এর সিক্যুয়েল। মুক্তির আগে প্রকাশ্যে এল ‘চরিত্রহীন ২’ ওয়েব সিরিজের টিজার। দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ওয়েব সিরিজ প্রথম সিজনেই নজর কেড়েছিল দর্শকদের। সে কারণেই দর্শকদের জন্য ‘চরিত্রহীন ২’ নিয়ে ফিরছেন তিনি। এবারের কাহিনিও এগিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘চরিত্রহীন’ অবলম্বনে ।
[আরও পড়ুন: আত্মীয়ের বিয়েতে যোগ দিতে শহরে গৌরী খান ও মেয়ে সুহানা]
তবে, ‘চরিত্রহীন’-এর দ্বিতীয় সিজনে থাকছে বেশ কিছু চমক। কিরণময়ী, সতীশ, সাবিত্রী, হারানের বাইরেও এই সিজনে বেশ কিছু নতুন চরিত্রদের সঙ্গে দর্শকদের পরিচয় করাবেন পরিচালক। গতবারের মতো এবারেও দেবালয়ের চিত্রনাট্যের মূল উপকরণ সম্পর্কের জটিলতা এবং তাদের সমীকরণ। সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে রহস্যের মোড়ক। রহস্য-রোমাঞ্চের প্রতি বাঙালি দর্শকদের যে একটা আলাদা টান রয়েছে, তা বলাই যায়। সুতরাং, দ্বিতীয় সিজনও যে দর্শকমন জয় করতে চলেছে তা আন্দাজ করে নেওয়া যায়। পরিচালনার ক্ষেত্রে বরাবরই নিজেকে ভেঙেছেন দেবালয় ভট্টাচার্য। চেনা ছকের বাইরে গিয়েও কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গিয়েছে পরিচালককে। এই ‘চরিত্রহীন ২’-ও তার ব্যতিক্রম নয়। বড়পর্দাতেও ব্যোমকেশকে নতুনভাবে দেখিয়েছেন তিনি, বৃদ্ধ ব্যোমকেশের চরিত্রায়ণে প্রকাশ্যে এনেছিলেন ‘বিদায় ব্যোমকেশ’।
[আরও পড়ুন: নিজের বাড়িতেই ভয়ে সিঁটিয়ে রয়েছেন তাপসী! দেখুন কী অবস্থা নায়িকার]
প্রথম সিজনে চিত্রনাট্যের প্রয়োজনেই বেশ কিছু যৌনতা মাখা সাহসী দৃশ্য দেখা গিয়েছিল। যার জন্য হইচইও কিছু কম হয়নি। তা নিয়ে আলোচনাও হয়েছিল প্রচুর। যদিও তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ পরিচালক তথা গোটা টিম। ‘চরিত্রহীন ২’-তে অভিনয় করেছেন নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, সায়নী ঘোষ, সৌরভ চক্রবর্তী। গত বৃহস্পতিবার, ৩০ মে প্রকাশ্যে এসেছে ওয়েব সিরিজের টিজার। অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা-অভিনেত্রী-সহ কলাকুশলীরা। দ্বিতীয় সিজনেও কিরণময়ীর ভূমিকায় থাকবেন নয়না গঙ্গোপাধ্যায় আর তার স্বামী হারানের চরিত্রে দেখা যাবে গৌরবকে। জুনের ২১ তারিখ থেকে হইচইয়ে স্ট্রিমিং হবে ‘চরিত্রহীন ২’।
সর্বশেষ খবর
-
আজমল কাসবের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?
-
কোটিপতি হওয়া স্বপ্ন, চুরি করা পাখার কয়েল বিক্রির টাকায় লটারি কিনে গ্রেপ্তার ব্যক্তি
-
মহম্মদ আটার মতোই মগজে কিলবিল জেহাদের পোকা! ফ্লাই দুবাই বিমানের পাইলটকে নিয়ে কী বলছেন নেতানিয়াহু
-
‘ছেলেকে কেড়ে নিলি মা, এবার…?’ পুজো এলেই চোখের জল বাঁধ মানে না পূর্ণিমার
-
ব্যাটারদেরও পেনাল্টি, ওয়াইডে নতুন নিয়ম, ক্রিকেটে একগুচ্ছ বদল আইসিসির