সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্বক কুঁচকেছে। চুলে ধরেছে পাক। চোখে চশমা। চেহারায় বার্ধ্যকের ছাপ। স্থির দৃষ্টিতে দরজার এপারে উঁকি দিচ্ছেন এক বয়স্কা মহিলা। এক নজরে দেখে চেনা দায় যে ইনি সোহিনী সরকার। বয়স্কা এক মহিলার অবতারে এভাবেই সোহিনী ধরা দিলেন তাঁর আগামী ছবি ‘আগন্তুক’-এর পোস্টারে। সেই একই পোস্টারে সোহিনীর সঙ্গে দেখা গেল আবির চট্টোপাধ্যায়কেও। নেপথ্যে সংগীতকার তথা পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর দ্বিতীয় ছবি ‘আগন্তুক’।
গতবছরই ‘আগন্তুক’-এর ঘোষণা করেছিলেন ইন্দ্রদীপ। এবার প্রকাশ্যে এল সেই ছবিরই প্রথম পোস্টার। বয়স্কা মহিলার বেশে ধরা দিলেন সোহিনী। খাস শহরের বুকে বয়স্ক মানুষদের রহস্যজনক খুন বোধহয় সত্যি সত্যিই ভাবিয়ে তুলেছে টলিউডের পরিচালকদের। সেই ভাবনাই তাঁদের ছবির বিষয়বস্তুর মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। শিবু-নন্দিতার ছবি ‘গোত্র’তেও ধর্ম ভেদাভেদের পাশাপাশি এই বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। এবার সেরকমই এক বিষয় সিনেপর্দায় উঠে আসছে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের হাত ধরে।
‘আগন্তুক’-এর কাহিনি কীরকম? প্রৌঢ়া মহিলাকে নিয়ে গল্প। যাঁর নাম শোভারানী বসু। হঠাৎ এক সকালে নিজের ফ্ল্যাটে যাঁর মৃতদেহ উদ্ধার হয়। গল্পের শুরু এখান থেকেই। এটা কি খুন না আকস্মিক দুর্ঘটনা? গল্প এগনোর সঙ্গে সঙ্গেই খুলবে সেই রহস্যের জট। সোহিনী সরকার এই কাহিনির মুখ্য চরিত্র। তরুণী, মধ্যবয়স্কা এবং প্রৌঢ়া- জীবনের এই ৩টি পর্যায়েই দেখা যাবে অভিনেত্রীকে। ব্যোমকেশের পর ফের জুটি বাঁধলেন আবির ও সোহিনী।
[আরও পড়ুন: গ্রিলসের নতুন অতিথি, মোদি-রজনীর পর এবার জঙ্গল অভিযানে অক্ষয়! ]
‘কেদারা’র পর এবার থ্রিলার ঘরানায় হাত পোক্ত করলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। থ্রিলার যে বাঙালি সিনেদর্শকরা এখন বেশ চেটেপুটেই উপভোগ করছেন, তা বক্স অফিসে উপচে পড়া সাফল্য দেখলেই বেশ বোঝা যায়। অতঃপর প্রথম ছবিতেই যিনি জাতীয় পুরস্কার জিতে বাজিমাত করেছেন, তাঁর দ্বিতীয় ছবি নিয়ে যে দর্শকদের খানিক উৎসাহ এবং কৌতূহল থাকবেই, তা বলাই যায়। উপরন্তু যোগ হয়েছে ‘থ্রিলার ফ্যাক্টর’। ব্যস! রহস্য-রোমাঞ্চে ভরপুর ‘আগন্তুক’-এর প্লট, বাঙালি সিনেদর্শকদের জন্য নয়া উপহার। তবে অপেক্ষা একটু দীর্ঘায়িতই হবে। কারণ, ইন্দ্রদীপ দাশগুপ্তের দ্বিতীয় ছবি ‘আগন্তুক’ প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরেরই এপ্রিল মাসে।
আবীর এবং সোহিনি ছাড়াও অভিনয় করছেন সুজন মুখোপাধ্যায়, মৌসুমী, দেবলীনা কুমার এবং দামিনী বেনী বসু। সংগীত পরিচালনা করেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত নিজেই। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং ক্যামেরার নেপথ্যে শীর্ষ রায়।
[আরও পড়ুন: গুরুদ্বারে যৌন হেনস্তার শিকার তাপসী, ভিড়ের মধ্যে অশ্লীলভাবে অভিনেত্রীকে স্পর্শ]
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?