সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু থেকে বারবারই বিতর্কে জড়িয়েছেন সেলুলয়েডের প্রধানমন্ত্রী৷ ‘পিএম নরেন্দ্র মোদি’কে নিয়ে বিরোধীদের আক্রমণের সুর ক্রমশই চড়ছে৷ সেই তালিকায় নিজের নাম জুড়লেন কংগ্রেসের তারকা প্রার্থী উর্মিলা মাতণ্ডকর৷ বায়োপিক নিয়েই এবার সরাসরি মোদিকে খোঁচা দিলেন তিনি৷
[আরও পড়ুন: থানায় ঢুকে যুবককে চড়, বিতর্কে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎকিশোর]
ভোট ঘোষণার পর ‘রঙ্গিলা’ গার্ল যোগ দিয়েছিলেন কংগ্রেসে৷ রাহুল গান্ধীর হাত থেকে দলের পতাকা তুলে নিয়েছিলেন তিনি৷ রাজনীতির ময়দানে আনকোরা হলেও, তাঁর গ্ল্যামারকে হাতিয়ার করে ভোট বৈতরণী পেরোনোর আশায় কংগ্রেস তাঁকে প্রার্থী করেছে৷ দলের সিদ্ধান্তেই মুম্বই(উত্তর) কেন্দ্র থেকে এবার লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়ছেন উর্মিলা মাতণ্ডকর৷ দুঁদে রাজনীতিক গোপাল শেট্টির বিরুদ্ধে লড়াই তাঁর৷ তাই রীতিমতো কোমর বেঁধে লেগেছেন তারকা প্রার্থী৷ সময় যত গড়াচ্ছে, ততই চড়ছে আক্রমণের মাত্রা৷

এবার বাগযুদ্ধে সরাসরি তাঁর টার্গেট নরেন্দ্র মোদি৷ বায়োপিক প্রসঙ্গে মোদিকে খোঁচা দিয়ে উর্মিলা বলেন, ‘‘বায়োপিকে নরেন্দ্র মোদির জীবনী নয়৷ বায়োপিক হিসাবে যা তৈরি হয়েছে তা গণতন্ত্র, আর্থিক সংকট নিয়ে পরোক্ষে মজা করা ছাড়া আর কিছুই নয়৷’’ উর্মিলা আরও বলেন,‘‘৫৬ ইঞ্চির ছাতি বলে যিনি গর্ব করেন, তিনি দেশের জন্য কিছুই করতে পারেননি৷ মোদিকে নিয়ে কোনও মজার ছবি তৈরি করা প্রয়োজন৷ ওই ছবিতে তাঁর অপূরণীয় প্রতিশ্রুতিগুলি তুলে ধরা উচিত৷’’ সাংবাদিক বৈঠক নিয়েও মোদিকে খোঁচা দিয়েছেন কংগ্রেসের তারকা প্রার্থী৷ তিনি বলেন, ‘‘একজন প্রধানমন্ত্রী হয়েও মোদি গত পাঁচ বছরে একটিও সাংবাদিক বৈঠক করেননি৷ গণতন্ত্রে এর চেয়ে বেশি খারাপ আর কী-ই বা হতে পারে?’’
[ আরও পড়ুন: গুজরাটে জনসভার মঞ্চে চড় খেলেন হার্দিক প্যাটেল, হতভম্ব কংগ্রেস নেতা]
নির্বাচন কমিশনের দাবি, ‘পিএম নরেন্দ্র মোদি’ ভোটারদের প্রভাবিত করবে৷ তাই আপাতত স্থগিত ছবির মুক্তি৷ কমিশনের এই সিদ্ধান্তে রীতিমতো বিরক্ত বিবেক ওবেরয়৷ তার উপর আবার উর্মিলার খোঁচাকে মোটেও ভাল চোখে দেখছেন না মোদি অনুরাগী৷ উর্মিলাকে জবাব দিতে গিয়ে বিবেক বলেন, ‘‘কেন আমরা রাহুল গান্ধীর বায়োপিক তৈরি করব? দেশের জন্য উনি কী করেছেন?’’ বলিউডের দুই সেলিব্রিটি তথা রাজনৈতিক ময়দানে নেমে পড়া হেভিওয়েট উর্মিলা-বিবেকের মধ্যে বাগযুদ্ধের ঝাঁজ ক্রমশই চড়ছে৷ তবে এ বিষয়ে গেরুয়া শিবির একেবারেই মুখে কুলুপ এঁটেছে৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে নরওয়ের ‘গোপন অস্ত্র’ ৩০০ কেজি মাছ! হাল্যান্ডদের সঙ্গে আমেরিকায় উড়ে গেল ব্রাউন চিজও
-
সাইকেল করে স্কুল-টিউশন-প্রেম, দু’চাকার জীবনসংগ্রাম!
-
আরসিবির জয়ের ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে নুসরত, নেপথ্যে অশ্লীল আওয়াজ! কী সাফাই নায়িকার?
-
ঝোড়ো ব্যাটিং শুভেন্দুর! শ্যামাপ্রসাদের নামে মিউজিয়াম, পুজোর আগেই বাগবাজার-সহ ৬ গঙ্গাঘাটের সংস্কার
-
দীর্ঘ সফরের প্রস্তুতি নিচ্ছেন? সঙ্গে রাখুন টেনিস বল! উপকারিতা জানলে অবাক হবেন