মেজর নব্যা শেখাওয়াতকে (Major Navya Shekhawat) এডিসি-র গুরুত্বপূর্ণ পদে উন্নীত করা হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে তিনিই প্রথম নারী কর্মকর্তা যিনি ভারতীয় সেনা থেকে রাষ্ট্রপতির ‘এইড-দ্য-ক্যাম্প’ বা ব্যক্তিগত সহকারী হিসেবে নিযুক্ত হলেন। তিনি সমগ্র ভারতের তরুণীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন বলেই মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, নব্যা রাজস্থানের সিকার জেলার কেরপুরা গ্রামের বাসিন্দা। কম্বাইনড ডিফেন্স সার্ভিসেস বা CDS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ নেন। ২০২১ সালে আর্মি সার্ভিস কর্পসে কমিশন লাভ করেন। উল্লেখ্য, আর্মি সার্ভিস কোর লজিস্টিকস, রসদ সরবরাহ, পরিবহন এবং এমন সব সহায়তা ব্যবস্থার দায়িত্বে থাকে যা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটকে সচল রাখে। সেখানে থাকার প্রায় পাঁচ বছরের মধ্যেই মেজর পদে উন্নীত হন নব্যা। এরপরই ২০২৬ সালে এডিসি হিসেবে নিযুক্ত হলেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, তিনি জুলাই মাস থেকেই রাষ্ট্রপতি ভবনে এই দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে নৌবাহিনীর লেফটিনেন্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি প্রথম মহিলা হিসেবে এই দায়িত্ব পেয়েছিলেন। তিনি হরিয়ানার বাসিন্দা এবং ২০১২ সালে ভারতীয় নৌসেনায় যোগ দেন। তিনি লজিস্টিকস শাখায় ‘শর্ট সার্ভিস কমিশন’-এর অধীনে দায়িত্ব পালন করেছেন। ঠিক কী কাজ থাকে এই পদাধিকারীর? একজন এডিসি রাষ্ট্রপতি এবং সরকারের বিভিন্ন বিভাগ ও সামরিক বাহিনীর মধ্যে সুষ্ঠু সমন্বয় ও যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণত সেনা, নৌসেনা ও বায়ুসেনা থেকেই কোনও মেজর বা সমমর্যাদার তরুণ কর্মকর্তা এই দায়িত্ব পান। রাষ্ট্রপতির দাপ্তরিক আনুষ্ঠানিকতা, প্রটোকল সংক্রান্ত দায়িত্ব, বিভিন্ন বৈঠক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে সহায়তা করাই তাঁর মূল কাজ। এছাড়া, এডিসি রাষ্ট্রপতির দৈনন্দিন সময়সূচি ও উচ্চপর্যায়ের কর্মসূচিগুলো পরিচালনা করেন এবং রাষ্ট্রপতির পক্ষে প্রধান যোগাযোগ রক্ষাকারী হিসেবে কাজ করেন।
সর্বশেষ খবর
-
উর্দির বলে ৩ কোটি টাকা তোলা! প্রাক্তন পুলিশকর্তা শান্তনুর বিরুদ্ধে নয়া অভিযোগ গড়িয়াহাটে
-
অসমের ‘লেডি সিংহমে’র নেতৃত্বে কোবরা! সিআরপিএফের ইউনিটের নেতৃত্বে প্রথম মহিলা অফিসার
-
ঘরে বাস্তুদোষ? বিশ্বকর্মার আরাধনায় কীভাবে ফিরবে ভাগ্য, জানুন ৩ টোটকা
-
‘পথভ্রষ্ট’ হতে পারে বায়ুসেনার বিমান! শ্রীভূমি থেকে শিক্ষা নিয়ে পানাগড়ে নিষিদ্ধ লেজার শো
-
আলুর দমে ছোলার ডাল! এই নিরামিষ রেসিপি মেনে বানালে চেটেপুটে খাবে ছোট বড় সক্কলে