সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিডনি এবং ফুসফুসের সমস্যা নিয়ে এই মুহূর্তে দিল্লি এইমসে ভরতি লালু। বেশ কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। যা শুনে উদ্বিগ্ন মমতা রবিবার টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Very concerned about the health condition of @laluprasadrjd Ji. Wishing him a speedy and full recovery.
Advertisement— Mamata Banerjee (@MamataOfficial) January 24, 2021
আসলে বেশ কিছুদিন ধরেই অসুস্থ আরজেডি (RJD) সুপ্রিমো। পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত হলেও এতদিন শারীরিক অসুস্থতার জন্য লালু ছিলেন রাঁচির ‘রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে’ (RIMS)। জানা গিয়েছে, বর্তমানে তাঁর কিডনির কার্যক্ষমতা মাত্র ২৫ শতাংশ। সেই সঙ্গে জল জমেছে ফুসফুসেও। যা চিন্তায় রাখছে চিকিৎসকদের। শনিবারই রাঁচি থেকে সরিয়ে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে দিল্লি এইমসে নিয়ে গিয়ে ভরতি করা হয়েছে তাঁকে। তারপর থেকে নতুন করে পরিস্থিতির অবনতি না হলেও রবিবার তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এই মুহূর্তে বর্ষীয়ান রাজনীতিবিদের ব্লাড সুগারের পরিমাণ অনেক বেশি। কিডনি মাত্র ২৫ শতাংশ কর্মক্ষম। সেই সঙ্গে জল জমেছে ফুসফুসে। যা এই বয়সের কোনও রোগীর পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে ধরা হয়। যে কোনও সময় নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারেন তিনি।
[আরও পড়ুন: অনগ্রসর শ্রেণির ভোটে নজর তৃণমূলের, তফসিলি জাতি-উপজাতি এবং ওবিসি কমিটি আলাদা করল দল]
গতকাল থেকেই দিল্লি এইমসে লালুর পাশে তাঁর পরিবারের সদস্যরা আছেন। দলের বর্ষীয়ান নেতা ভোলা যাদবও গিয়েছেন হাসপাতালে। এদিকে প্রাক্তন রেলমন্ত্রীর বড় ছেলে তেজপ্রতাপ যাদব টুইটারে অসুস্থ লালুকে মুক্তির দাবিতে সরব হয়েছেন। যাদব পরিবারের এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা। আসলে লালুপ্রসাদ যাদবের সঙ্গে তৃণমূল নেত্রীর সম্পর্ক বরাবরই ভাল। তাঁর ছেলে তেজস্বী যাদবও মমতার আশীর্বাদধন্য। উনিশের লোকসভার আগে ব্রিগেডে বিজেপি বিরোধী মহাজোটের মহা সমাবেশেও ভাষণ দিয়ে গিয়েছেন তেজস্বী। এসেছিলেন মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চেও। স্বাভাবিক ভাবেই ‘পুরনো বন্ধু’র অসুস্থতার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
-
মন্দিরের প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’র অভিযোগ, কী বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথের স্বামী?
-
চেতলা অগ্রণীর দুর্গাপুজোর উদ্বোধনে শুভেন্দু অধিকারী! চক্ষুদান করবেন? কী জানাল ক্লাব
-
রাষ্ট্রপতি সফরে প্রোটোকল ভঙ্গ, অভিযুক্ত আমলাকে ‘রিলিজ’ নবান্নের
-
প্রণব রায়ের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিএবি’তে, পঙ্কজ-পুত্রের পালটা, ‘সব অপপ্রচার’
-
‘দরিদ্র সেবাই শিবের পুজো’, বিবেকানন্দের মন্ত্রে স্বেচ্ছাসেবী সংস্থা খুললেন জীতু