ইদানীংকালে একাধিক বার দিল্লি বিধানসভা ভবন উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। তার মধ্যেই সোমবার যাবতীয় নিরাপত্তা বলয় ডিঙিয়ে দিল্লি বিধানসভা ভবন চত্বরে ঢুকে পড়ল একটি গাড়ি। চালকের আসনে দেখা গেল মুখোশধারী এক ব্যক্তিকে। এদিন দুপুরে এই ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীরা ব্যবস্থা নেওয়ার আগেই পালিয়েও যায় ওই ব্যক্তি। এই ঘটনায় বিধানসভা ভবন এবং সংলগ্ন চত্বরে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। যদিও পরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের নাম সরাবজিৎ সিং। উত্তর দিল্লির রূপ নগর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। ওই গাড়িতে উত্তরপ্রদেশের নম্বর রয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুর ২টো নাগাদ বিধানসভা ভবনের দু’নম্বর গেট দিয়ে ঢোকে গাড়িটি। এর পর সেটি চত্বর ছেড়ে বেরিয়েও যায়। ভিআইপি প্রবেশপথের গেট ভেঙে ভিতরে ঢোকে গাড়িটি। সাধারণত ওই প্রবেশপথে নিরাপত্তার জন্য সিআরপিএফ সদস্য মোতায়েন থাকে।
মুখোশধারী চালক অবশ্য কোনও বিপদ ঘটাননি। ভিতরে ঢুকে ফুলের তোড়া হাতে গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এর পর ফুলের তোড়াটি বিধানসভা চত্বরের কংক্রিটের চাতালে রেখে ফের গাড়ি চালিয়ে পালিয়ে যান অভিযুক্ত। বিধানসভার এক কর্মী বলেন, “গাড়ির চালক স্পিকার বিজেন্দ্র গুপ্তের কার্যালয়ের দিকে এগিয়ে গিয়ে বারান্দার কাছে একটি ফুলের তোড়া রেখে ফিরে যান।” তড়িঘড়ি বোমা নিষ্ক্রিয়কারী দল ডাকা হয় বিধানসভা চত্বরে। আতঙ্কিত হয়ে পড়েন ভিতরে থাকা লোকেরা। যদিও বিপজ্জনক কিছু মেলেনি। এখনও স্পষ্ট নয়, কোন উদ্দেশ্যে বিধানসভা চত্বরে ফুলের তোড়া রেখে যান ওই ব্যক্তি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির