সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সেদিনও পাড়ায় পাড়ায় ছিল সাইবার ক্যাফের রমরমা৷ নেট সার্ফ করা থেকে প্রিন্ট আউট নিতে এর বিকল্প ছিল না৷ কিন্তু সেদিন পেরিয়েছে৷ স্মার্টফোনে ইন্টারনেটের দৌলতে আর পাশাপাশি বসে কম্পিউটার মুখো হওয়ার দিন নেই৷ নেই সময়ের হিসবে লিখে রাখা খাতাও৷ তবে সেই স্মৃতিই যেন ফেরাচ্ছে রেল স্টেশনগুলি৷ বিনামূল্যে ওয়াইফাইয়ের দৌলতে এখন সেগুলিই যেন হয়ে উঠেছে সাইবার ক্যাফে৷
ভারতীয় রেলওয়ে ও গুগল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ইতিমধ্যেই বেশ কিছু স্টেশনে ‘ফ্রি ওয়াইফাই’ পরিষেবা চালু হয়েছে৷ গুগল রেল-টেলের এই ওয়াইফাই পরিষেবাই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে৷ বড় শহরগুলির ক্ষেত্রে অবশ্য এ ছবি ততটা জোরদার নয়৷ কেননা সেখান ব্রডব্যান্ড পরিষেবা সহজেই পাওয়া যায়৷ তবে ছোট শহরগুলির ক্ষেত্রে ইন্টারনেটের ব্যাপক চাহিদা দেখা গিয়েছে৷ আর বিনামূল্যে এই পরিষেবা পেতে মানুষ ভিড় জমাচ্ছেন এই ধরনের স্টেশনে৷ বিশেষত তরুণ প্রজন্মের মধ্যেই এই আগ্রহ বেশি৷
রেল-টেলের এই বিপুল জনপ্রিয়তা তাক লাগিয়েছে গুগলকেও৷ কেন এই ওয়াই-ফাই পরিষেবা এতটা জনপ্রিয়? তার খোঁজ করা হয়েছে সংস্থার তরফে৷ জানা গিয়েছে, মোবাইল নেটওয়ার্কে ইন্টারনেট পরিষেবার বেহাল দশাই মানুষকে ঠেলে দিয়েছে স্টেশন চত্বরে৷ পরিসংখ্যান মোতাবেক, শুধু মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনেই প্রতি সপ্তাহে ১ লক্ষ মানুষ রেল-টেল নিয়মিত ব্যবহার করেন৷ আরও ১৫টি স্টেশনের ছবিও একইরকম৷ কার্যত সাইবার ক্যাফেতেই পরিণত হয়েছে রেল স্টেশনগুলি৷
বিপুল এই সাড়া পেয়ে রেল-টেল পরিষেবাকে আরও উন্নত করতে কোমর বেঁধেছে গুগল ইন্ডিয়া৷ ডাউনলোড স্পিড বাড়ানোর উপরই এখন জোর দেওয়া হচ্ছে সংস্থার তরফে৷
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর