অর্ণব আইচ: মৃত্যুর পর বধূর দেহ গোটাদিন বরফচাপা দিয়ে বাড়িতেই রেখে দিল শ্বশুরবাড়ির সদস্যরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ এলাকায়। প্রতিবেশীদের মারফত খবর পেয়ে ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। মৃতার শ্বশুরবাড়ির সদস্যদের কথায়, বাপের বাড়ির দাবি মেনেই দেহটি বাড়িতে রাখা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূর নাম ফারাহ নাজ (২৪)। গার্ডেনরিচের আজাহার মোল্লাবাগান লেনের বাসিন্দা ওই বধূ স্বামী জাভেদ ইরাফি ও তিন সন্তানের সঙ্গে রবিবার দুপুরে পার্ক সার্কাসের একটি রেস্তরাঁয় যান। সেখান থেকে বিকেলে যান পার্ক সার্কাসে ব্রাইট স্ট্রিটে মামার বাড়িতে। রাতে সেখানে খাওয়াদাওয়া করেন। বাড়ি ফেরেন বারোটা নাগাদ। রাত দেড়টা নাগাদ দুধ খেয়ে শুতে যান। এর পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। রাতে ননদের কাছ থেকে হজমের ওষুধ খান। সোমবার সকাল ৬টা নাগাদ তাঁর স্বামী দোকানে চলে যান। সাড়ে আটটা নাগাদ দুধওয়ালা এসে ডাকার পরও গৃহবধূ না ওঠায় সন্দেহ হয় তাঁর ননদের। বউদিকে ওই অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে শোরগোল পড়ে যায়। বাড়ির লোকেরা এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে।
এরপরই বিহারে বধূর বাপের বাড়িতে খবর দেওয়া হয়। অভিযোগ, বাপের বাড়ির লোকেরা চাপ দেন, তাঁরা না আসা পর্যন্ত যেন দেহটি শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া না হয়। তখনই বাড়ির লোকেরা সিদ্ধান্ত নেন, দেহটি বাড়িতেই বরফচাপা দিয়ে রেখে দেওয়া হবে। সেই কারণে বাজারে গিয়ে চাঁই চাঁই বরফ কিনে এনে রেখে দেওয়া হয় দেহটি। এতেই প্রশ্ন তুলতে শুরু করেন এলাকার বাসিন্দারা। তাঁদের মাধ্যমেই গার্ডেনরিচ থানার অফিসারদের কাছে খবর যায়। মঙ্গলবার সকালে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এটি খুনের ঘটনা কি না, তা জানতেও প্রাথমিক তদন্ত শুরু করেন লালবাজারের গোয়েন্দারা। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। প্রাথমিকভাবে চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মহিলার মৃত্যু হয়েছে। বাপের বাড়ির লোকেরা কোনও অভিযোগ দায়ের করেননি। পুরো ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: মেয়ে হয়েছে ভেবে সদ্যোজাত পুত্রসন্তানকে ঝোপে ফেলল মা, ঠান্ডার কামড়ে মৃত শিশু]
সর্বশেষ খবর
-
‘চোরাশিকারিদের হাতে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণী’, হাসিমারায় প্রকৃতি ও সম্পদ বাঁচানোর অঙ্গীকার মুখ্যমন্ত্রীর
-
গঙ্গার ধার দখল করে ‘অবৈধ’ নির্মাণ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়
-
সর্ষের মধ্যেই ভূত! বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য সেনা জওয়ানের, গ্রেপ্তার ৩
-
‘তিলক কেটে দিন’, গণপতি দর্শনে গিয়ে পুরোহিতকে আবদার শাহরুখের, বাদশার ভক্তিতে মুগ্ধ নেটপাড়া
-
আইএফএ শিল্ডের চূড়ান্ত সূচি প্রকাশ্যে, ডুরান্ড হেরে শিল্ডে নজর মোহনবাগানের