সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারদা কাণ্ডের তদন্তে এবার ডিসি পোর্ট ওয়াকার রাজাকে নোটিস পাঠাল সিবিআই৷ সূত্রের খবর, শনিবার এই আইপিএস অফিসারকে নোটিস পাঠান হয়েছে৷ কয়েক বছর আগে শুল্ক দপ্তরের সঙ্গে সিআইডি-র যে বৈঠক হয়েছিল, সেই নির্দিষ্ট বৈঠকের ফাইল চেয়ে পাঠিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ পাশাপাশি চাওয়া হয়েছে আরও কিছু ফাইল৷
[ আরও পড়ুন: ফের ধাক্কা রাজীব কুমারের, আগাম জামিনের আবেদন খারিজ আলিপুর আদালতেও ]
আইপিএস মহল সূত্রে খবর, যে বৈঠকের কথা নোটিসে উল্লেখ করেছেন সিবিআই অফিসাররা, সেই সময় সিআইডি বিভাগে একটি শীর্ষ পদে বহাল ছিলেন, বর্তমানে ডিসি পোর্টের পদে আসীন ওয়াকার রাজা৷ এবং উক্ত বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি৷ সেই গুরুত্বপূর্ণ বৈঠকের ফাইল ডিসি পোর্টের কাছে চেয়ে পাঠিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা৷ ওই ফাইল থেকে সারদা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷ যদিও তিনি কোনও নোটিস পাননি বলে, জানিয়েছেন ওয়াকার রাজা৷ তিনি জানান, বর্তমানে ছুটিতে রয়েছেন৷ সিবিআইয়ের কোনও নোটিস পাননি৷ এবং যে বৈঠকের কথা বলা হচ্ছে, সেই বৈঠকের বিষয়েও কিছু জানেন না৷
[ আরও পড়ুন: আবার পুজোর উদ্বোধনে কমরেড তন্ময়! অস্বস্তিতে আলিমুদ্দিন ]
পাশাপাশি, রাজীব কুমার তদন্তে এক ট্রাভেল এজেন্ট ও শহরের চার ব্যবসায়ীকে জেরা করল সিবিআই৷ শনিবার এদের প্রত্যেককে জেরা করা হয়৷ সূত্রের খবর, তদন্তে সিবিআই জানতে পেরেছেন, শহরের কয়েকজন ব্যবসায়ী বকলমে রাজীব কুমারকে সাহায্য করেছেন৷ একদিকে আর্থিক ভাবে গোয়েন্দা প্রধানকে যেমন সাহায্য করছেন তাঁরা, তেমনই রাজীব কুমারকে গা ঢাকা দেওয়ার ব্যবস্থাও করে দিচ্ছেন৷ একই ভাবে মামলার জন্য রাজীব কুমারের হয়ে আইনজীবীর বেতনও দিচ্ছেন এই ব্যবসায়ীরাই৷ সেজন্য বর্তমানে সিবিআই রাডারে রয়েছে শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী৷ এছাড়া শনিবার রাজীব কুমারের ট্রাভেল এজেন্টকেও জেরা করেছেন তদন্তকারীরা৷ তাঁদের অনুমান, রাজীবের গা ঢাকা দেওয়ার সঙ্গে, ওই ব্যক্তির যোগ থাকতে পারে৷ সূত্রের খবর, রবিবার আরও একবার এদের জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআইয়ের তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ