সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: স্বাস্থ্যপরীক্ষার জন্য শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শিয়ালদহ ফ্লাইওভার আগামী মাসে টানা চারদিন বন্ধ রাখতে লালবাজারের ট্রাফিক পুলিশের কর্তাদের সঙ্গে নিয়ে যৌথ পরিদর্শন সেরে ফেললেন কেএমডিএ-র পদস্থ কর্তারা। ফ্লাইওভার টানা চারদিন বন্ধ থাকলে বিকল্প রুট হিসাবে কোন রাস্তা দিয়ে যানবাহন চালানো হবে তা-ও পরিদর্শন করে দেখেন তাঁরা। এরপরেই বিকল্প রুট তৈরি করে যানজট সামাল দেওয়ার জন্য জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন লালবাজারের ট্রাফিক কর্তারা। এ বিষয়ে শিয়ালদহ ট্রাফিক গার্ডের কাছ থেকে একটি খসড়া রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) সন্তোষ পাণ্ডে। পাশাপাশি ফ্লাইওভার লাগোয়া জনবহুল কোলে মার্কেটের মধ্যে দিয়ে ওই চারদিন কীভাবে যান চলাচল করানো যায় সেই বিষয়েও চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন লালবাজারের ট্রাফিক কর্তারা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, বিকল্প রুটের জন্য আগামী সপ্তাহেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বেরোবে একটি বিজ্ঞপ্তি।
[আরও পড়ুন: মেরামতির জন্য বন্ধ করা হতে পারে কলকাতার আরও ২ সেতু]
সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী মাসে টানা চারদিন বন্ধ থাকবে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শিয়ালদহ ফ্লাইওভার। ১৫ আগস্ট থেকে শুরু করে ১৮ আগস্ট পর্যন্ত শিয়ালদহ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রেখে সেতুর স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলে বুধবারই লালবাজারকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছিল কেএমডিএ। এই চারদিন গুরুত্বপূর্ণ শিয়ালদহ ফ্লাইওভার বন্ধ থাকলে শহরের বেশ কিছুটা অংশে তীব্র যানজটের আশঙ্কা করছেন অনেকেই। বিশেষ করে মধ্য ও পূর্ব কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে এই যানজট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেই আশঙ্কা কাটিয়ে শহর সচল রাখতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন লালবাজারের ট্রাফিক-কর্তারা। লালবাজার সূত্রে জানানো হয়েছে, এ বিষয়ে কেএমডিএ-র পক্ষ থেকে ট্রাফিক পুলিশের কর্তাদের কাছে প্রথমে মৌখিক নির্দেশ আসে। এরপরেই শিয়ালদহে যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প রুট তৈরি করার কাজ শুরু হয় লালবাজারে। বৃহস্পতিবার লালবাজারে চলে আসে কেএমডি-র লিখিত বিজ্ঞপ্তি। এরপরেই কেএমডিএ-র সঙ্গে শিয়ালদহ ফ্লাইওভারে যৌথ পরিদর্শন করেন ট্রাফিক-কর্তারা। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) সন্তোষ পাণ্ডে।
[ আরও পড়ুন: বেহালায় বৃদ্ধা খুনের কিনারা করল পুলিশ, ধৃত ১ অভিযুক্ত]
লালবাজারের ট্রাফিক-কর্তাদের বক্তব্য, “১৫ আগস্ট ছুটির দিন থাকায় যান চলাচলে খুব একটা সমস্যা হবে না। ১৭ ও ১৮ আগস্ট পড়ছে শনি ও রবিবার। ওই দু’দিনও ছুটির দিন থাকায় সমস্যা খুব একটা হবে না। মাঝের ১৬ আগস্ট শুক্রবার কাজের দিন থাকায় যান চলাচলে সমস্যা হতে পারে। তবে ফ্লাইওভার বন্ধের মাঝে তিনদিন ছুটি থাকলেও শিয়ালদহ স্টেশন ও এনআরএস হাসপাতাল থাকায় যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। সমস্যা দেখা দিতে পারে শহরের অন্যতম ঘিঞ্জি বাজার কোলে মার্কেটকে নিয়েও।”
[ আরও পড়ুন: গাছ থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য টালিগঞ্জে]
প্রাথমিকভাবে ট্রাফিক কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন, ক্যানাল ওয়েস্ট রোডে মেরামতের কাজ চলায় বিকল্প রাস্তা হিসাবে ক্যানাল ইস্ট রোডকে বেছে নেওয়া হবে ওই চারদিন। এর ফলে ওই রাস্তা দিয়ে বেলেঘাটা মেন রোডের গাড়িগুলি শিয়ালদহ স্টেশনে এসে পৌঁছবে। বেলেঘাটা মেন রোড যানবাহন চলাচলের জন্য যেমন খোলা থাকছে তেমন থাকবে। মহাত্মা গান্ধী রোড এবং আমহার্স্ট স্ট্রিট ধরে আসা গাড়িগুলি কোলে মার্কেট ধরে কীভাবে পাঠানো যায় সেই বিষয়েও চিন্তাভাবনা করছেন লালবাজারের ট্রাফিক পুলিশের কর্তারা। সেক্ষেত্রে ঘিঞ্জি কোলে মার্কেটকে নিয়েই তাঁদের যত মাথাব্যথা। এই মার্কেটের মধ্যে দিয়ে কীভাবে যান চলাচল করানো যায় তার জন্য ট্রাফিক গার্ডের কাছ থেকে খসড়া রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!
-
মুম্বইয়ের ইসকন মন্দিরে ত্রিপক্ষীয় জোট, বৈদিক শিক্ষায় কর্পোরেট বিশ্বকে জুড়বে বি.আর.সি.
-
আম্পায়ারকে মায়ের দিব্যি! তিলকের স্লেজিংয়ের ‘বদলা’, দলীপ ফাইনালে শিরোনামে শুধুই বৈভব
-
মদ্যপ অবস্থায় মণ্ডপে প্রবেশ নিষেধ, বিরাট সিদ্ধান্ত কলকাতার এই পুজো কমিটির
-
তালসারি-উদয়পুরে উদ্ধার ৫ ওরাংওটাং! কীভাবে ঢুকল ভারতে? ঘনাচ্ছে রহস্য