সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার ফলাফল বড়সড় শিক্ষা দিয়েছে৷ জনপরিষেবা আরও উন্নত করতে স্রেফ ভোকাল টনিকই নয়, সর্বস্তরে সরকারি কর্মীদের বেতন, ভাতা বৃদ্ধি করার পথে হেঁটেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ পঞ্চায়েত স্তরের কর্মী, সদস্য, এসএসকে-এমএসকে, প্রাথমিক শিক্ষকদের বেতনবৃদ্ধির পর এবার কলকাতা পুরসভার কর্মীদেরও ভাতাবৃদ্ধি ঘোষণা করা হল৷
[আরও পড়ুন: পশ্চিমবঙ্গের ২৮তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন জগদীপ ধনকড়]
সূত্রের খবর, কলকাতা পুরসভার মেয়র এবার থেকে ভাতাবাবদ পাবেন ১১,৫০০ টাকা, যা আগে ছিল মাত্র ৫৫০০ টাকা৷ ডেপুটি মেয়র ও মেয়র পারিষদরা পাবেন ১১,২৫০ টাকা করে৷ বেড়েছে কাউন্সিলরদের ভাতাও৷ তাঁরা এবার থেকে পাবেন ১০,০০০ টাকা করে৷ আগে কাউন্সিলরদের জন্য বরাদ্দ ভাতার অঙ্ক ছিল মাত্র ৪,২০০ টাকা৷ আর পুরসভার বিরোধী দলনেতার হাতে আসবে ১০,৭০০ টাকা৷ মঙ্গলবার বিভিন্ন ধাপে এই ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করার পরই খুশি কাউন্সিলররা৷ তবে কবে থেকে এই বর্ধিত ভাতা লাগু হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
কাজের বিনিময়ে যথাযথ পারিশ্রমিক না পেলে কাজে ঢিলেমি আসবেই, তা বেশ ভালই টের পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ জনকল্যাণে সরকারি পরিষেবা দেওয়ার বিষয়ে যে অনেক গাফিলতি হয়েছে সরকারি স্তরেই, তাও আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অজ্ঞাত নয়৷ বিভিন্ন প্রশাসনিক বৈঠকে এনিয়ে বারংবার হুঁশিয়ারি দিয়েও কোনও কাজ হয়নি, তার প্রমাণ পাওয়া গিয়েছে লোকসভার ভোটে৷ অন্তর্তদন্ত করতে গিয়ে বারবার উঠে এসেছে একটাই সার কথা, বিভিন্ন স্তরে সরকারি পরিষেবা প্রদানে ব্যাপক নয়ছয় হয়েছে৷ মানুষ সরকারি পরিষেবা ঠিকমত পাননি৷ তাই ক্ষোভ বেড়েছে, যার প্রতিফলন দেখা গিয়েছে ভোটবাক্সে৷
[আরও পড়ুন: সারদার ২৯ লক্ষ টাকা ফেরাতে চান, ইডি-কে চিঠি শতাব্দীর]
এপ্রসঙ্গেই ভেঙে পড়া জনসংযোগ ফের জোড়া লাগাতে মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিদের কড়া নির্দেশ দিয়েছেন৷ তাঁরাও কোমর বেঁধে লেগে পড়েছেন৷ আর জনসংযোগের সবচেয়ে তৃণমূল স্তরের প্রতিনিধি যে পঞ্চায়েত সদস্য এবং পুরসভার কাউন্সিলর, তা সচেতন নাগরিক মাত্রই জানেন৷ সেই স্তরটিকে মজবুত করা হলেই, অনেকটা ফলপ্রসূ হবে বলে বুঝতে পেরেই পঞ্চায়েতের পর কলকাতা পুরসভার কাউন্সিলরদেরও ভাতাবৃদ্ধির পথে হাঁটল রাজ্য সরকার৷
সর্বশেষ খবর
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর, ওয়াটার মেট্রো নিয়ে কী বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর?