Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Abhishek Banerjee-Saayoni Ghosh

অভিষেকের স্ত্রী সায়নী ঘোষ! সেভেন ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটের মালিকদের নাম ঘিরে চরম বিভ্রান্তি

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের সঙ্গে তাঁদের কোনও মিল বা সম্পর্ক নেই। শুধু নাম দু’টিই এক। আর এতেই যত গোলমাল। তাঁদের বাড়ির ঠিকানা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে হুলস্থূল। সোশাল মিডিয়ায় দেখানো হয়েছে তাঁদের বাড়ির ছবি ও ভিডিও।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ০০:৪৪

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: মে ২১, ২০২৬, ০০:৪৪

options
link
অভিষেকের স্ত্রী সায়নী ঘোষ! সেভেন ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটের মালিকদের নাম ঘিরে চরম বিভ্রান্তি zoom
সেভেন ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটের মালিকদের নাম ঘিরে চরম বিভ্রান্তি
Advertisement

নাম ঘিরেই বিভ্রান্তি। অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের স্ত্রী সায়নী ঘোষ। ছোট্ট পরিবার তাঁদের। উত্তর কলকাতার সিঁথি থানা এলাকার সেভেন ট‌্যাঙ্ক লেনের একটি ছোট ফ্ল‌্যাটই যৌথ সম্পত্তি অভিষেক আর সায়নীর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ‌্যায় ও সায়নী ঘোষের সঙ্গে তাঁদের কোনও মিল বা সম্পর্ক নেই। শুধু নাম দু’টিই এক। আর এতেই যত গোলমাল। তাঁদের বাড়ির ঠিকানা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুরো এলাকা জুড়ে হুলস্থূল। সোশাল মিডিয়ায় দেখানো হয়েছে তাঁদের বাড়ির ছবি ও ভিডিও।

রীতিমতো পাড়ার লোকজন উঁকি দিতে শুরু করেছেন তাঁদের বাড়িতে। বাড়িতে আসতে শুরু করেছেন সংবাদমাধ‌্যমের প্রতিনিধি আর ইউটিউবাররাও। আর তাতেই বাড়ছে হয়রানি। এই অবস্থা থেকে মুক্তি পেতে সেভেন ট‌্যাঙ্ক লেনের অভিষেক বন্দ্যোপাধ‌্যায় ছুটে গিয়েছেন এলাকার পুরসভার অফিসে। রীতিমতো অভিযোগ জানিয়েছেন সেখানে। গিয়েছেন সিঁথি থানায়। পুলিশকে জানিয়েছেন তাঁর সমস‌্যার কথা।

Advertisement

সূত্রের খবর, সম্পত্তির খতিয়ানের তদন্ত শুরু করতে গিয়েই পুর আধিকারিকদের হাতে আসে এই তথ‌্য। ১৯ডি, সেভেন ট‌্যাঙ্ক লেনে একটি যৌথ সম্পত্তি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষের নামে। সেই খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় এলাকায়। সকালেই সেই বাড়িতে পৌঁছে যান পুর আধিকারিকরা। তাঁরা যেতেই অভিষেক বন্দ্যোপাধ‌্যায়, তাঁর স্ত্রী সায়নী ঘোষকে সঙ্গে নিয়েই পুর আধিকারিকদের জানান, তাঁরা অতি সাধারণ পরিবারের সদস‌্য। তাঁরা নিজেদের আধার কার্ড থেকে শুরু করে অন‌্যান‌্য পরিচয়পত্র, সম্পত্তি ও অন‌্যান‌্য নথিপত্র পুর আধিকারিকদের দেখান। এরপর পুর আধিকারিকরা বিশ্বাস করেন যে, নামেই বিভ্রাট হয়েছে। অভিষেক ও সায়নী পুর আধিকারিকদের জানান, তাঁরা গত তিন বছর ধরে এই বাড়িতে রয়েছেন। তিনি ও তাঁর স্ত্রী কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন। অভিষেক ও তাঁর স্ত্রী দু’জনেই চাকুরিরত।

এদিন সংবাদ মাধ‌্যমের প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ‌্যায় বলেন, ‘‘নাম ও ঠিকানা নিয়ে সমস‌্যা সৃষ্টি হয়েছে। আর তার জন‌্য আবাসনের অন‌্যান‌্য বাসিন্দারাও সমস‌্যার সম্মুখীন হচ্ছেন। আমাদের দু’জনের নাম ও ঠিকানা নিয়েই বিভিন্ন জল্পনা রটেছে। নাম নিয়ে হচ্ছে বিভ্রান্তিও। কিন্তু আমার বাবার নাম ও রাজনৈতিক নেতা অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের বাবার নাম আলাদা। তাই এটা প্রকাশ করার আগে মিডিয়া ও সবারই যাচাই করা উচিত ছিল।’’

কিন্তু অভিষেক বন্দ্যোপাধ‌্যায়ের স্ত্রী সায়নীর পদবি ঘোষ কেন? এই প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ‘‘ঘোষ আমার স্ত্রীর বিয়ের আগের পদবি। যেহেতু আমার স্ত্রী চাকরি করেন, তাই তিনি বিয়ের পর পদবী পরিবর্তন করার প্রয়োজন বোধ করেননি। স্ত্রীর নাম সায়নী ঘোষই রয়ে গিয়েছে।’’ তিনি বলেন, ‘‘আমাদের দুই কন‌্যাসন্তান রয়েছে। আমরা মধ‌্যবিত্ত মানুষ। আমরা এখনও স্ট্রাগল করছি। স্ট্রাগলের মধ্যে দিয়েই বেঁচে রয়েছি আমরা। ফ্ল‌্যাটের ইএমআই চলছে। এর জন‌্য রাস্তায় বের হলে সমস‌্যার সামনে পড়তে হচ্ছে। আজ সারাদিন ছোটাছুটি করেছি। থানা থেকে শুরু করে পুরসভা পর্যন্ত। পুরসভায় অভিযোগ জমা দিয়ে এসেছি। পুরসভা এখনও কিছু বলছে না।’’ তবে তাঁর আর্জি, এটি নামের বিভ্রান্তি মাত্র। তাই এটি নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করেন। তাঁদের পরিবার যেন শান্তিতে থাকতে পারে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.