অর্ণব আইচ: রাস্তায় দাঁড়িয়ে মেয়েরা কেন সিগারেট খাবে? বরং সিগারেটটা আমায় দাও। আধো আঁধারি বাসস্ট্যান্ডে আচমকা অচেনা একজনের এহেন ‘নীতি পুলিশগিরি’ দেখে হকচকিয়ে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। দমদম মেট্রো স্টেশনে তথাকথিত ‘মরাল পুলিশবাহিনী’র হাতে যুগলের ‘হেনস্তা’র জের এখনও কাটেনি। এরই মধ্যে একই অভিজ্ঞতার আঁচ যে তাঁদেরও গায়ে লাগবে, মেয়ে দু’টি তা স্বপ্নেও ভাবেননি।
কিন্তু বাস্তবে তাই হয়েছে। এবং ভালমতোই হয়েছে। দুই ছাত্রীর অভিযোগ, বছর চল্লিশের লোকটি শুধু মৌখিক উপদেশ দিয়েই ক্ষান্ত থাকেনি। তাঁরা তড়িঘড়ি অটোয় উঠে পড়লে সে-ও একই অটোয় সওয়ার হয়। এবং শেষ পর্যন্ত তাঁদের শরীর স্পর্শ করে শ্লীলতাহানি করতেও কসুর করেনি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে যাদবপুর থানার উলটোদিকে। এই বিষয়ে বৃহস্পতিবার রাতেই নেতাজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ছাত্রী। যার ভিত্তিতে রাতেই বাঘাযতীন এলাকা থেকে অভিযুক্ত রাজু সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তি মদ্যপ ছিল বলে অভিযোগ উঠেছে।
[আন্দোলনে স্বীকৃতি, মেট্রোর নয়া স্মার্ট কার্ডে স্থান পেল বাংলা]
ছাত্রীর অভিযোগ, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে তিনি একটি রেস্তরাঁয় খেতে আসেন। খাওয়ার পর বাড়ি ফিরছিলেন তিনি ও তাঁর বান্ধবী। বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন যাদবপুর থানার উলটোদিকের বাসস্ট্যান্ডে। হঠাৎই ওই ব্যক্তি তাঁর ‘গায়ের উপর ঢলে পড়ে’। প্রশ্ন করে, রাস্তায় দাঁড়িয়ে তিনি ধূমপান করছেন কেন? ছাত্রীটি কিছু উত্তর দেওয়ার আগেই তাঁর কাছ থেকে সে সিগারেটটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। দুই যুবতী তাকে বলেন, এভাবে অসভ্যতা করলে তাকে যাদবপুর থানায় নিয়ে যাবেন তাঁরা। তাতেও কর্ণপাত করেনি ওই ব্যক্তি। এর মধ্যেই স্ট্যান্ডে গড়িয়াগামী একটি অটো এসে যায়। তাদের এড়িয়ে যাওয়ার জন্য দুই বান্ধবীই অটোয় উঠে যান। কিন্তু তাঁদের পিছু না ছেড়ে ওই ব্যক্তিও পিছনের সিটে তাঁদের পাশে এসে বসে। ছাত্রীর অভিযোগ, অটোর মধ্যে ইচ্ছাকৃতভাবেই সে তাঁর শরীর স্পর্শ করতে থাকে। ছাত্রী তাকে সতর্ক করে ভালভাবে বসতে বলেন। কিন্তু সে ক্রমাগত একই কাজ করতে থাকে। দুই ছাত্রী এবার চিৎকার করে ওঠেন। অটোর সামনের সিটে ছিলেন অন্য এক ব্যক্তি। তাঁকে পিছনে বসতে বলে অভিযুক্তকে সামনের সিটে আসতে বলেন চালক। এবার অটোর সামনের সিটে বসেই দুই ছাত্রীকে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় চিৎকার করে গালিগালাজ করতে থাকে। বলতে থাকে, দমদমে যুগলকে মারধর করাই উচিত ছিল।
[পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ রাজ্যের]
এর মধ্যে অটোটি হাসপাতাল মোড়ে চলে আসে। তখন সময় রাত এগারোটা। সেখানে ছিল কলকাতা পুলিশের একটি কিয়স্ক। চালক এখানে অটো থামিয়ে নেমে পড়েন। ওই ব্যক্তির উদ্দেশে চেঁচামেচি করতে থাকেন। এর মধ্যে ওই ব্যক্তি অটো থেকে নেমে এসে এক ছাত্রীকে সজোরে গালে চড় মারে। এই আচরণে তিনি অবাক হয়ে যান। পাশে বসা যাত্রীকে টপকে তিনি ও তাঁর বান্ধবী নেমে পড়ে ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করেন। বেগতিক বুঝে পালানোর চেষ্টা করে সে। যদিও অটোচালক ও এলাকার কয়েকজন বাসিন্দা তাড়া করে তাকে ধরে ফেলে। পুলিশ কিয়স্কে তাকে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে নেতাজিনগর থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[ভাগাড়ের জীবাণু বাড়াচ্ছে আত্মহত্যার প্রবণতাও]
সর্বশেষ খবর
-
‘কে হিন্দু, কে…’ করাচির মন্দিরে গণেশ মূর্তিতে তুলির টান মুসলিম শিল্পীর, ভিডিও মন জিতল নেটপাড়ার
-
শুক্রে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাব পড়তে পারে এটিএমেও, পুজোর মুখে চরম ভোগান্তির আশঙ্কা
-
উপনির্বাচনের জেরে উচ্চমাধ্যমিকের সেমিস্টারের দিনক্ষণ বদল, জেনে নিন নয়া পরীক্ষাসূচি
-
‘ওঁরা গরু জবাই করত যা আমার জন্য অধর্ম’, কানাডা থাকাকালীন ‘তিক্ত’ অভিজ্ঞতা ভাগ নিরামিষাশী মাধবনের
-
অসুর ও সিংহের কাঁধে পা রেখেই কেন দাঁড়ান দেবী দুর্গা? শাস্ত্রীয় মতে রয়েছে গভীর ব্যাখ্যা