বাগানে ফুলগাছ করার ইচ্ছে জাগলেই লাল, হলুদ, গোলাপি, সাদার দিকে ঝোঁকেন বাগানপ্রেমীরা। কিন্তু কখনওই কি ইচ্ছে করে না, একেবারে দলছুট কোনও রঙের ফুলগাছ বেছে নিতে? হয় বৈকি! নীল, কমলা, বেগুনির মতো তাকলাগানো রং তো রইলই, চাইলে নিজের বাগানো ফোটাতে পারেন রহস্যময় কালো রঙের ফুল !

আরও পড়ুন:
সত্যি কালো! ফুলের ক্ষেত্রে এই রং এতটাই বিরল যে সহজে কোথাও তা চোখে পড়ে না। তবে প্রকৃতিতে এমন কিছু ফুলও রয়েছে, যাদের রং এতটাই গাঢ় যে দূর থেকে দেখলে সত্যিই কালো বলে মনে হয়। আসলে বেশিরভাগ ‘কালো’ ফুলের পাপড়িতে পুরোপুরি কালো রঞ্জক থাকে না। গভীর বেগুনি, মেরুন, বারগান্ডি বা নীলচে-বেগুনি রঙের কারণেই সেগুলিকে কালো দেখায়। এমন ফুল বাগানে থাকলে শোভা তো বাড়বেই, বাড়িতে অতিথি এলে তার চোখ আটকাবে মুহূর্তে।
আজ রইল এমন কয়েকটি বিশেষ ফুলের প্রজাতির হদিশ, যার রং এক ঝলক দেখলে কালোই বলতে হয়। টব, বারান্দার বাগান কিংবা ছাতের ছোট্ট ফুলের বেড— জায়গা বুঝে এই ফুলের চারা বসানো যেতেই পারে।
ব্ল্যাক হলিহক
নাম ‘ব্ল্যাক’ হলেও এই ফুল আসলে গাঢ় মেরুন রঙের। আলো কম থাকলে পাপড়িগুলি প্রায় কালো দেখায়। এই ফুলগাছ প্রায় ৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তাই বাগানের পিছনের দিকে বা কোনও দেওয়ালের পাশে লাগালে তা অসামান্য দেখতে লাগে।
হায়াসিন্থ ‘ডার্ক ডাইমেনশন’
গাঢ় বেগুনি রঙের এই হায়াসিন্থ ফুল ফোটার সঙ্গে সঙ্গে আরও গাঢ় হয়ে ওঠে। গাছ খুব বেশি বড় হয় না—সাধারণত ৮ থেকে ১০ ইঞ্চির মধ্যেই থাকে। তবে এর মিষ্টি গন্ধ বেশ তীব্র। তাই ছোট টবেও এটি রাখা যায়, বিশেষ করে বারান্দা বা জানলার কাছে।
ব্ল্যাক প্যানসি
ছোট আকারের ঝুলন্ত টবে বসানো যায় ব্ল্যাক প্যানসি। এর পাপড়ি মখমলের মতো গাঢ় বেগুনি-কালো এবং মাঝখানে থাকে ছোট সোনালি অংশ। সাধারণত ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত বাড়ে। অন্য উজ্জ্বল রঙের ফুলের পাশে রাখলে এর গাঢ় রং আরও স্পষ্ট হয়ে ওঠে।
ব্ল্যাক ব্যাকারা
কালো ফুলের তালিকায় গোলাপ থাকবে না, তা কি হয়! ‘ব্ল্যাক ব্যাকারা’ আসলে গভীর বারগান্ডি-লাল রঙের। বাগানে এই গোলাপ নজর কাড়বেই।

সাইবেরিয়ান আইরিস
নীলচে-বেগুনি এই ফুলের মাঝে থাকে সূক্ষ্ম হলুদ ও সাদা দাগ। এই গাছটির পরিচর্যা তুলনামূলকভাবে সহজ, যে কোনও ধরনের মাটিতেই তা মানিয়ে নিতে পারে।
এমন ফুলগাছগুলিকে একসঙ্গে না লাগিয়ে সাদা, হলুদ বা হালকা গোলাপি ফুলের পাশে রাখলে বাগান আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুজোর আগেই সুখবর! পাহাড়ের চিড়িয়াখানায় জন্ম নিল ৬টি রেড পান্ডা, প্রকাশ্যে মন ভালো করা ছবি
-
এশিয়াডে ফেরালেন ভিনেশের স্মৃতি! তবু ইতিহাস গড়ে পদক সূচিকার
-
ডবল ইঞ্জিনের আরও সুবিধা বঙ্গে! রাজ্যের মৎস্যশিল্পে ৯ কোটি দিল কেন্দ্র
-
দশমীতে দেবাদৃতার সঙ্গে সম্পর্কে সিলমোহরই পুজোর সেরা স্মৃতি, শারদীয়ার আড্ডায় রাহুল
-
কলকাতা লিগের পর এবার নতুন লক্ষ্য, খেতাব ধরে রাখতে আইএফএ শিল্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের